বিশেষ প্রতিনিধি
ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত এবং পরিবেশবাদীদের দায়ের করা মামলায় আদালতের রায়ে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞার কারণে তাহিরপুরের ৩ কয়লা বন্দর চালু হলেও আমদানী-রপ্তানী ব্যবসা জমেনি। সুনামগঞ্জের ব্যাংকগুলোর কর্মকর্তারা বলেছেন, ‘আমদানী-রপ্তানী নিয়মিত থাকা অবস্থায় ৩ বন্দরে যে পরিমাণে এলসি হতো, এর ২০ শতাংশও হচ্ছে না এখন’।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহৎ কয়লা শুল্কস্টেশন তাহিরপুরের বড়ছড়া, চারাগাঁও ও বাগলী দিয়ে গত ২৩ নভেম্বর থেকে কয়লা আমদানী শুরু হয়েছে।
ভারতের মেঘালয়ের পরিবেশবাদী সংগঠন ডিমাহাসাও জেলা ছাত্র ইউনিয়নের আবেদনের ভিত্তিতে ২০১৪ ইংরেজির ১৭ এপ্রিল ন্যাশনাল গ্রীণ ট্রাইব্যুনাল (এনজিটি) মেঘালয় সরকারের অবৈধ কয়লা খনন ও পরিবহন বন্ধের নির্দেশ দেন। একই বছরের ৬ মে সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় মূখ্য সচিব এ ব্যাপারে প্রতিটি জেলায় নির্দেশ জারি করেন। এই নির্দেশে গ্রীণ ট্রাইব্যুনালের নির্দেশ কার্যকর করতে বলা হয় মেঘালয়ের জেলা প্রশাসকদের। এ কারণে ২০১৪ ইংরেজির ১৩ মে থেকে মেঘালয়ের সীমান্ত জেলাগুলোয় ১৪৪ ধারা জারি করে কয়লা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এরপর থেকে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্কবন্দর সুনামগঞ্জের তাহিরপুরের বড়ছড়া-চারাগাঁও ও বাগলী দিয়ে কয়লা আমদানী বন্ধ হয়ে যায়।
রপ্তানীকারকরা আইনী লড়াই করে প্রথমে উত্তোলিত কয়লার রাজস্ব জমা দিয়ে ৩ মাস (এপ্রিল, মে ও জুন’২০১৫) রপ্তানীর সুযোগ পান। পরে এই সময় ৩ দফায় বাড়িয়ে গত ১৫ মে পর্যন্ত (বিভিন্ন সময় মিলে ৯ মাস) রপ্তানী কার্যক্রম চালু রাখা হয়। এই সময়ের মধ্যে কেবল উত্তোলিত কয়লা রপ্তানী করেছেন মেঘালয়ের রপ্তানী কারকরা। কিন্তু মাইনিং করতে পারেননি। গত বছরের ১৬ মে কয়লা রপ্তানী বন্ধ হয়ে যায়। এব্যাপারের তিন শুল্কবন্দরের ৪০০ আমদানীকারক বেকায়দায় পড়েন। বেকার হয়ে পড়েন কমপক্ষে ৫০ হাজার শ্রমিক।
গত ২৩ নভেম্বর থেকে কয়লা আমদানী শুরু হলেও এক সময়ের বিখ্যাত এই তিন কয়লা শুল্ক বন্দরে এখনো আগের জমজমাট পরিবেশ ফিরে আসেনি। বড় বড় আমাদানীকারকরাও এখনো আমদানী শুরু করেননি। ভারতের মেঘালয়ের বড় রপ্তানী
কারকরা এখনো কয়লা রপ্তানীতে সক্রিয় হননি।
সুনামগঞ্জের বিশিষ্ট আমদানীকারক সাবেক সংসদ সদস্য নজির হোসেন বলেন, ‘নোট বাতিলের সিদ্ধান্ত এবং কয়লা উত্তোলন ও রপ্তানী নিয়ে অনিশ্চয়তা থাকায় তাহিরপুরের শুল্কস্টেশনগুলোতে আমদানী-রপ্তানী কম হচ্ছে। নোট পরিবর্তনের কারণে ভারতীয় মুদ্রার মান বেড়েছে। আগে ১০০ টাকায় ৮৫ রুপি পাওয়া যেতো। নোট পরিবর্তনের সরকারি ঘোষণার পর ১০০ টাকায় ৭০ টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া ভারতীয় কর্তৃপক্ষের নতুন নিয়ম নীতিতে অনেকে ব্যবসা করতে পারছে না। বিশেষ করে উত্তোলিত কয়লার ট্যাক্স রপ্তানীর আগে দেবার সরকারি সিদ্ধান্তের ফলে আগে ট্যাক্স দিয়ে ছাড়পত্র নেওয়া অনেক রপ্তানী কারকের পক্ষেই সম্ভব হচ্ছে না। এছাড়া উত্তোলিত কয়লা রপ্তানী’র জন্য ৩১ মে পর্যন্ত সময় দিয়েছে ভারতের উচ্চ আদালত। এই সময় বাড়াবে কী-না, এই নিয়েও আমদানীকারকদের দুশ্চিন্তা-দুটানা রয়েছে। আবার এখানকার অনেক আমদানী কারক ইন্দোনেশিয়া ও আফ্রিকার কয়লা আমদানী করতে পুঁজি বিনিয়োগ করেছে। এই সবকিছু মিলিয়ে তাহিরপুরের ৩ বন্দর দিয়ে কয়লা আমদানী শুরু হলেও বড় আমদানী-রপ্তানী কারকরা সক্রিয় হচ্ছে না।’
ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখার এসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন মাহমুদ বলেন,‘তাহিরপুরের ৩ বন্দর দিয়ে যারা আমদানী-রপ্তানী করে আসছেন, তাদের ৮০ ভাগই এখনো ব্যবসা শুরু করেননি। বিশেষ করে বড় আমদানী-রপ্তানী কারকরা সক্রিয় হননি। অথচ. এই সময়ে মেঘালয়ের কয়লার চাহিদা রয়েছে দেশে। যারা কয়লা আমদানী করছেন, তাদের কয়লা আসা মাত্রই বিক্রয় হচ্ছে’।
প্রাইম ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু সুফিয়ান বলেন,‘ভারতীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত এবং কম দামের ইন্দোনেশিয়ার কয়লা সমস্যায় ফেলে দিয়েছে এই ৩ বন্দর সংশ্লিষ্ট আমদানী-রপ্তানী কারকদের। গত ১৫ দিনে আমার ব্যাংক থেকে মাত্র ৫০০ টন কয়লার এলসি হয়েছে। অথচ, ব্যবসা জমজমাট থাকলে ১৫ দিনে ৫ হাজার টন কয়লার এলসি হবার কথা’।
তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার জানান,‘বড় বড় আমদানী ও রপ্তানী কারকরা এখনো ব্যবসা শুরু করেননি। আমরা আশা করছি বড়দিন’র (২৫ ডিসেম্বর) পরে ব্যবসা জমবে’।