- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারতে গণপিটুনিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

এমএ রাজ্জাক, তাহিরপুর
ভারতের বড়ছড়া এলাকায় গণপিটুনিতে নিহত বাংলাদেশী যুবক বশির আহমদের লাশ মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩৮ মিনিটে ভারতের  ঘোমাঘাট থানা পুলিশ সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর আগে বড়ছড়া-শুল্কস্টেশনের আন্তর্জাতিক সীমানা রেখায় বিজিবি ও বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তাদের        
পতাকা বৈঠক হয়। মঙ্গলবার সকাল থেকে কয়েক দফা প্রস্তুতি শেষে বিকাল  সোয় ৪ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত ১৫ মিনিটের এই পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফ’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি সন্ধ্যায় ভারতের ঘোমাঘাট থানা পুলিশের কর্মকর্তা রঞ্জন আর মারাক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের সাব ইন্সপেক্টর রফিকুল ইসলামের কাছে লাশ হস্তান্তর করেন।
বিজিবি’র পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন সিলেট বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল্লা আল মামুন। এসময় বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম, টেকেরঘাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ’র শিলং ১১ ব্যাটেলিয়ানের বি কোম্পানীর উপ-অধিনায়ক ফকির চাঁদ ও বড়ছড়া কোম্পানী কমান্ডার প্রবীর শংকর।
বৈঠক শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সিলেট বিজিবি’র সেক্টর কমান্ডর কর্ণেল আব্দুল্লা আল মামুন বলেন,‘পতাকা বৈঠকে আমরা বলেছি বিএসএফ ক্যাম্পের ১০০ গজের মধ্যে এভাবে একটি মানুষকে পিটিয়ে মারা অমানবিক। দুই দেশের প্রচলিত আইনে অপরাধীর বিচার হতে পারতো। ভবিষ্যতে এই ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট সকলকেই’।
পুলিশ ছুরতহাল রিপোর্ট তৈরি শেষে রাত ৮ টায় নিহতের স্ত্রী কুলসুমা বেগমের কাছে বশির আহমদের লাশ হস্তান্তর করে।
বিজিবি’র ২৮ রাইফেল ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মাহবুবুল আলম সোমবার সকালে জানিয়েছিলেন, সোমবার ভোরে ভারতের ঘোমাঘাট থানার বড়ছড়া এলাকায় পার্কিং করা ট্রাকের তেল চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত হয় বশির আহমদ (৩৩)। নিহত বশির তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শুকুর আলীর ছেলে।

  • [১]