- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারতে পালানোর পথে গ্রেফতার তিন আসামী

স্টাফ রিপোর্টার
তাহিরপুরের সীমান্ত পল্লীতে এক যুবককে নৃশংসভাবে খুন করে ভারতে পালিয়ে যাওয়ার পথে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ২ দিনের রিমা-ে নিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে তৌহিদুল ইসলাম ভুঁইয়া (২৮), মাহারাম উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে আহসান হাবিব (২২) ও একই পাড়ার হারুনুর রশিদের ছেলে মো. সুলায়মান (২২)।
রোববার ভোর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের তাহিরপুর উপজেলার সীমান্তগ্রাম কড়ইগড়া রাজাই এলাকা হতে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা মাহারাম গ্রামের নিহত জাহাঙ্গীর আলম হত্যা মামলার এজাহারভূক্ত আসামী।
গ্রেফতারকৃত তিন আসামীকে আজ সোমবার আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহিরপুর জোনের বিচারক মো. খালেদ মিয়ার আদালতে হাজির করে প্রত্যেকের ৭দিন করে রিমান্ড চায় পুলিশ। আদালত ২ দিন করে তিন জনেরই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশের আদালত পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।
প্রসঙ্গত, গত ২২ মে শনিবার সকালে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রামের উত্তরে বনুয়ার টুপ এলাকা থেকে জাহাঙ্গীর আলমের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জাহাঙ্গীর আলম এই এলাকার মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এই ঘটনায় শনিবার রাতেই গ্রেফতারকৃত তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মোহাম্মদ আলী।

  • [১]