- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ

ছাতক প্রতিনিধি
ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম বহিভূর্তভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়ে জ্যেষ্ঠতা লংঘনের পাশাপাশি ২০২১ সংস্করন বিধি ১৩ ধারা লঙ্ঘিত হয়েছে মর্মে অভিযোগ তুলে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ১২ জানুয়ারি একটি আবেদন করেন কলেজের সহকারী অধ্যাপক তুলসী চরন দাস।
জানা যায়, ছাতক সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তারের অবসরের সময় ঘনিয়ে এলে পরবর্তি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনের জন্য সহকারী অধ্যাপক বেলাল আহমদ ও সহকারী অধ্যাপক তুলসী চরন দাস গত বছরের ১৬ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবেদন দুটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে পাঠিয়ে দিলে চলতি বছরের ৯ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে শিক্ষা বোর্ড সিলেটের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান স্বাক্ষরিত একটি চিঠি প্রদান করা হয়। চিঠিতে ছাতক সরকারী ডিগ্রি কলেজের শিক্ষকদের জ্যেষ্ঠতা নির্ধারন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে মতামত প্রদান প্রসঙ্গে জ্যেষ্ঠতার ভিত্তিতে এবং এমপিও নীতিমালা ২০২১ এর ১৩ ধারা মোতাবেক পরবর্তি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। বোর্ডের এ চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো হয় কলেজে। কিন্তু ১২ জানুয়ারি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার অবসরকালীন বিদায় উপলক্ষে কলেজের পরবর্তি কার্যক্রম পরিচালনার জন্য সহকারী অধ্যাপক বেলাল আহমদকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে তার কাছে দায়িত্বভার অর্পন করলে জ্যেষ্ঠতা লংঘনের বিষয়টি আলোচনায় আসে।
এমপিও নীতিমালা ২০২১এর ১৩ ধারায় জ্যেষ্ঠতার বিষয়ে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীর সংশ্লিষ্ট পদে প্রথম এমপিও ভুক্তির তারিখ অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা ও অভিজ্ঞতা নির্ধারিত হবে। এমপিও ভুক্তির তারিখ একই হলে প্রতিষ্ঠানে যোগদানের তারিখ জ্যেষ্ঠতার ক্ষেত্রে বিবেচনায় আসবে। যোগদানের তারিখ একই হলে জেষ্ঠতা নির্ধারিত হবে জন্ম তারিখ অনুযায়ী। জন্ম তারিখও যদি একই হয় তাহলে তাদের একাডেমিক পরীক্ষার ফলাফলে দিয়ে জেষ্ঠতা নির্ধারন করা হবে।
এ ব্যাপারে তুলসী চরণ দাস নিজেকে জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক দাবি করে জানান, তিনি ১৯৯৯ সালের ১৫ ডিসেম্বরে তিনি এমপিও ভুক্ত হয়েছেন। পক্ষান্তরে সহকারী অধ্যাপক বেলাল আহমদ হয়েছেন ২০০০ সালের আগস্টে। এমপিও নীতিমালা ২০২১এর ১৩ ধারা অনুযায়ী তিনিই ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার কথা। কিন্তু বিদায়ী ভাপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছাত্তার নিয়ম—নীতি উপেক্ষা করে নিজ ক্ষমতা বলে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে ব্যবসথা গ্রহণের জন্য ইউএনও এবং মাউশিতে পৃথক অভিযোগ তিনি দিয়েছেন।
বেলাল আহমদ এ ব্যাপারে জানান, তুলসী চরন দাসের নিয়োগই অবৈধ। কলেজের সব নথিতে অধক্ষ্যের পরে জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে তার নাম রয়েছে।
বিদায়ী অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, জ্যেষ্ঠতার ভিত্তিতে বেলাল আহমদকে দায়িত্ব দেয়া হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, মাউশি থেকে পাঠানো নির্দেশনা তিনি কলেজে পাঠিয়েছেন। এর কোন জবাব এখনো তিনি পাননি। অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হলে তা খতিয়ে দেখা হবে।

  • [১]