- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভারমুক্ত হলেন মির্জা ফখরুল

সু.খবর ডেস্ক
নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারমুক্ত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ মহাসচিব পদে মনোনীত করেছেন। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ ঘোষণা দেন। একই সঙ্গে রিজভী নিজেও দলে তার পদন্নোতির কথা সাংবাদিকদের জানান। দলের ষষ্ঠ কাউন্সিলের ১২ দিনের মাথায় নতুন কমিটির কিছু পদের অনুমোদন দিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
অনেক দিন ধরে মির্জা ফখরুলের ভারমুক্ত হওয়ার গুঞ্জন থাকলেও গত ১৯ মার্চ অনুষ্ঠিত দলের জাতীয় কাউন্সিলকে কেন্দ্র করে এই আলোচনা আরও জোরালো হয়। পরে কাউন্সিলে নির্বাহী কমিটি গঠনের পূর্ণ ক্ষমতা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিয়ে দেন কাউন্সিলররা। মির্জা ফখরুলকে পূর্ণাঙ্গ মহাসচিব করা এবং রিজভী আহমেদকে সিনিয়র যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষ হিসেবে মিজানুর রহমান সিনহাকে মনোনীত করে খালেদা জিয়া দলের  নির্বাহী কমিটি অনুমোদন শুরু করলেন। একইসঙ্গে মির্জা ফখরুলকে নিয়ে গুঞ্জনের সমাপ্তি ঘটলো।
২০১১ সালের ১৬ মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা যান। এর পরপরই সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন চেয়ারপারসন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া মার্চ ২০১১-র শেষ ভাগে রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাবার আগ মুহূর্তে মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে যান। এর আগে ২০০৯ সালের ২৯ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলে মির্জা আলমগীরকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলগীর প্রায় ছয় বছর ধরে দায়িত্ব পালন করছেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেয়ার পর তিনি সাতবার কারাবরণ করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৮৮টি মামলা রয়েছে। ৩৫টি মামলায় ফখরুলের বিরুদ্ধে চার্জশিটও গ্রহণ করা হয়েছে।
শিক্ষক থেকে বিএনপির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ১৯৪৮ সালের ১ আগস্ট ঠাকুরগাঁওয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অথনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন শিক্ষকতা পেশায়।
১৯৮৬ সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয় রাজনীতিতে আসেন।
মির্জা ফখরুল এর আগে কৃষি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  • [১]