স্টাফ রিপোর্টার
ভাষাশহীদের প্রতি বিনম্র শ্রদ্ধায় মঙ্গলবার সারাদেশে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য জীবন দানকারী সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলিতে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। দিবসের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাষাসংগ্রামী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রভাতফেরি এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামেরর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান।
সভায় স্থানীয় সরকার, সুনামগঞ্জের উপপরিচালক বাবর আলী মীর, সিভিল সার্জন
আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউল আলম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. জাহেদুল হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ ও সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মফিজুল হক মোল্লা বক্তব্য রাখেন।
একুশের প্রথম প্রহরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জেলা আইনজীবী সমিতি, জেলা কমিউনিস্ট পার্টির্, ছাত্রলীগ, যুবলীগ, খেলাঘর আসর, জেলা মহিলা কল্যাণ কেন্দ্র, ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদ, বন্ধুসভা, সুনামগঞ্জ পৌরসভা, বঙ্গবন্ধু সৈনিক লীগ, জুবিলী উচ্চ বিদ্যালয়, উদীচী শিল্পীগোষ্ঠী, টিআইবি, ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ স্মৃতি পরিষদ, মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদযাপন পরিষদ, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে।