স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরের ভাসান পানিতে অবাধে মাছ ধরার সুযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন হাওরের ফসলহারা জেলে-কৃষকেরা। গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে পৌর শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন করেন তারা। এরপর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ ও মানববন্ধনে সদর উপজেলার হাসননগর, আপ্তাবনগর, কেজাউড়া, নতুনগাঁও, সুলতানপুর, হাসনবসত ও কালীপুর গ্রামের জেলে ও কৃষকেরা অংশ নেন।
মানববন্ধনে জেলে-কৃষকেরা জানান, এবার হাওরের ফসল হারিয়ে সুনামগঞ্জের জেলে-কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। ঘরে খাবার নেই। অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা। এ অবস্থায় হাওরের ভাসান পানিতে মাছ ধরে কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করছেন তারা। হাওরে মাছ ধরা ছাড়া এখন এলাকায় আর কোনো কাজও নেই। কিন্তু তাদের এলাকার জলমহালে ইজারাকৃত সীমানার বাইরেও মাছ ধরতে বাধা দেওয়া হচ্ছে। ইজারাদারের লোকজন ওই জলমহালের কিছু অংশ ইজারা নিলেও এখন পুরোটাই তাদের বলে দাবি করছে। জেলে-কৃষকদের হাওরে নামতে দিচ্ছে না।
মানববন্ধন চলাকালে জেলে ও কৃষকদের মধ্যে বক্তব্য দেন সাইফুল ইসলাম, বোরহান উদ্দিন, সফর আলী, রাসেল মিয়া, আলা উদ্দিন প্রমুখ।
সুনামগঞ্জে এবার দুই লাখ ২৩হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানে আবাদ হয়েছিল। গত এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে জেলার ১৫৪টি হাওরের ১ লাখ ৬৬ হাজার ৬১২ হেক্টর জমির ধান তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ২৫হাজার ৯৯০ কৃষক পরিবার। এই কৃষকেরা ফসল হারিয়ে এখন নিঃস্ব, দিশেহারা।