স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার বিকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলেছেন। সুনামগঞ্জের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সের শুরুতে কথা বলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের পক্ষে প্রধানমন্ত্রীর সাথে জেলার সার্বিক অবস্থা নিয়ে ভিডিও কনফারেন্সে কথা বলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
জেলাবাসীর পক্ষে তিনি প্রধানমন্ত্রীকে ভিডিও কনফারেন্সে বলেন,‘সুনামগঞ্জ শান্তির জেলা, এই জেলার মানুষ শান্তিপ্রিয়। আমাদের জেলায় গত ঈদ ও রথযাত্রা অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন হয়েছে। আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আমরা বলেছি কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার খোঁজ খবর নিয়ে প্রশাসনকে অবগত করতে। গত বোরো মৌসুমে ফসলহানির কথা উল্লেখ করে তিনি বলেন এ জেলার মানুষ অনেক কষ্ট করে টিকে আছেন।’
ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, পৌর মেয়র আয়ুব জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ সরকারি প্রতিষ্ঠানের জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইনজীবী, রাজনীতিবিদগণ।