স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও মন্ত্রীপরিষদ বিভাগের তত্বাবধানে জেলা-ব্র্যান্ডিংয়ের কর্মপরিকল্পনা প্রণয়নের সুবিধার্থে জেলা পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনদের সাথে বৃহস্পতিবার বিকালে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের কর্মকর্তাদের সঙ্গে জেলায় উৎপাদিত ব্র্যান্ডিং পণ্য কী হতে পারে এই নিয়ে কথা বলেন ।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যদের উদ্দেশ্য সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘সুনামগঞ্জ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জেলা। এখানকার মাছ, বালু, পাথর, ধান এই অঞ্চলকে শুধু নয়, দেশকেও সমৃদ্ধ করেছে। টাঙ্গুয়ার হাওরের কয়েক কিলোমিটার দূরেই মেঘালয়ের নিলাদ্রী লেকসহ বারেকের টিলা এবং যাদুকাটা ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে ওঠতে পারে। এছাড়া ছাতকের ইসলামপুরে ইকোনমিক জোন গড়ে তোলার বিষয়টি শিঘ্রই আমরা প্রস্তাব আকারে পাঠাব’।
পরে আলোচনায় অংশ নেন- অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক আইনুর আক্তার পান্না, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান, কুষিবিদ জাহিদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, নারীনেত্রী শীলা রায়, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি আমিনুল হক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য, ওয়েভ ডেভলপার সাজ্জাদুর রহমান পলিন প্রমুখ।
আলোচকরা সুনামগঞ্জ জেলার ব্র্যা-িং পণ্য হিসাবে ধান ও মাছকে প্রাধান্য দেবার কথা বলেন। বিশেষ করে উচ্চ মূল্যের মাছ ‘চিতল’কে ব্র্যান্ডিং পণ্য করা যেতে পারে বলেও কেউ কেউ মন্তব্য করেন।