স্টাফ রিপোর্টার
এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে টাকা লেনদেন ও প্রতারণার অভিযোগে আহমেদ সালেহ (১৮) নামের এক যুবককে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যরা। রবিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার জাকির হোসেনের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান জানান, আহমেদ সালেহ ভুয়া প্রশ্নপত্র তৈরি করে সেগুলো দিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়েছেন। র্যাব এই অভিযোগ পেয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইলফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়। একই সঙ্গে ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিভিন্নজনের সঙ্গে টাকা লেনদেন ও যোগাযোগের প্রমাণ তার মোবাইলে পেয়েছে র্যাব।
ওসি সহিদুর রহমান বলেন, আহমেদ সালেহ’র বিরুদ্ধে থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। এই মামলায় সোমবার আদালতে হাজির করা হলে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।