- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভূমি অফিসে সেবার মান উন্নয়ন যেনো কানা ছেলের নাম পদ্মলোচন না হয়

ছাতক উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়ন ও বদলে যাওয়া পরিবেশ নিয়ে শনিবার দৈনিক সুনামগঞ্জের খবরে একটি ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারি বিভিন্ন সেবা প্রতিষ্ঠানসমূহে বৃটিশ ঔপনিবেশিক মন মানসিকতার যে কাঠামো গড়ে উঠেছিল জনগণকে শাসন করার জন্য, সেই জায়গা থেকে প্রশাসনকে জনগণের দোরগোড়ায় সেবামুখী করার একটি প্রচেষ্টা চলমান রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এই অগ্রগতির মাত্রা এতোটাই ধীর যে সেটি জনগণের কাছে কখনও দৃশ্যমান হয় না। ঘুষ নামক এক মহাব্যাধির কারণে সেবার গতি প্রায়শই উল্টোপথে ধাবিত হয়ে সাধারণ মানুষকে ন্যায়ানুগ প্রাপ্য থেকে বঞ্চিত করে। আবার নানা সুযোগ সুবিধা পেয়ে সরকারি সম্পদ তথা জনগণের সম্পদ ব্যক্তিবিশেষের স্বার্থরক্ষায় নিয়োজিত হতে দেখি আমরা। সরকারি উন্নয়ন কাজে ব্যাপকমাত্রায় দুর্নীতির বিস্তার সর্বদাই জাতি হিসাবে আমাদেরকে লজ্জিত করে। এখন এই দুর্নীতির মহাযজ্ঞে সরকারি কর্মচারিদের সাথে ব্যবসায়ি-জনপ্রতিনিধি-রাজনীতিক-প্রভাবশালীরাও গুরুত্বপূর্ণ অংশীজন হয়ে উঠেছেন। এমন অবস্থায় বিচ্ছিন্নভাবে কোথাও কোন সরকারি কর্মকর্তা যখন নিজের অধিক্ষেত্রকে সেবাপরায়ণ হিসাবে গড়ে তোলার প্রয়াস নেন তখন আমাদের আনন্দের সীমা পরিসীমা থাকে না বৈকি।
কানা ছেলের নাম পদ্মলোচন রাখলেই যেমন সে চোখে দেখা শুরু করে না উল্টোদিকে আবার নামের কারণে মরা গাঙে বান আসে বলেও একটি কথা প্রচলিত আছে। আজ ছাতকের ভূমি অফিসকে সেবাকুঞ্জ নাম দিয়ে যেভাবে দুর্নীতিমুক্ত করার ইচ্ছা পোষণ করা হয়েছে সেটি তখনই শতভাগ প্রশংসার দাবিদার হবে যখন সত্যিকার অর্থে ভূমি মালিকরা হয়রানিমুক্ত পরিবেশে নিজের কাজ সহজে সারতে পারবেন। আমরা বিষয়টির উপর নজর রাখছি। তবে ভয় হয়, ভূমি অফিস সংক্রান্ত দালাল ও অবৈধ সুবিধাপ্রত্যাশী প্রভাবশালী ব্যক্তিবর্গ এই মহৎ আকাক্সক্ষাকে কতটা বাস্তবায়িত হতে দেবেন সে নিয়ে। আমাদের জাতীয় চরিত্র আজ সাংঘাতিকভাবে লুণ্ঠন ও বিত্ত বাড়ানোর দ্বারা আক্রান্ত। যেনতেনভাবে সম্পদ ও অর্থ আহরণই আজ অনেকের মুখ্য আরাধ্য। এই সুবিধাভোগীরা আবার ক্ষমতাশালীও বটে। এদের দাপটের কাছে সহকারি কমিশনারের মহান ইচ্ছা পর্যুদস্থ হয় কিনা সেটি আমাদের ভয়ের জায়গা।
ভূমি ব্যবস্থাপনাকে দুর্নীতিমুক্ত করার প্রধান উপায় হলো এ সংক্রান্ত সকল কার্যাদি ব্যাংকের মতো ডিজিটালাইজ ও অনলাইন করা। যেখানে প্রত্যেক ভূমি মালিকের নামে পৃথক একাউন্ট থাকবে। জমি বিক্রি বা ক্রয় করলে ওই একাউন্টেও তা বিয়োজিত কিংবা যুক্ত হবে। ভূমি উন্নয়ন কর, ক্রয় নিবন্ধন, নিবন্ধন ফিস পরিশোধ, নামজারি বা নামখারিজ সবই হবে অনলাইন ব্যাংকিংয়ের মতো করে। এই ব্যবস্থা একদিনে চালু করা যাবে না সত্য কিন্তু এটি বাস্তবায়ন করা হিমালয় ডিঙানোর মতো কঠিন কাজও নয়। শুভ ইচ্ছা থাকলে এটি করা যেতে পারে। কিন্তু অবাক বিষয় হলো এ ব্যাপারে সরকারি উদ্যোগ খুবই সীমিত। এর কারণ হিসাবে ভূমি সেবাকে কেন্দ্র করে গড়ে উঠা বিভিন্ন চক্রের অসাধু যোগাযোগকে দায়ী করা হয়। এই বিষয়ে জাতীয় পরিকল্পনা ভিন্ন বিচ্ছিন্নভাবে ছাতকের ভূমি অফিসে আলাদীনের চেরাগ স্পর্শে রোশনাই করা সম্ভব হবে কি?
সাম্প্রতিক সময়ে উপজেলা ভূমি অফিসগুলোর বহিরঙ্গের সৌন্দর্য বৃদ্ধি করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। এটি প্রচারবিলাসী না হয়ে প্রকৃত সেবাপরায়ণ হয়ে উঠুক এই আমাদের কামনা। যখন সত্যিকার অর্থে সেবার মান উন্নয়ন হবে তখন তার ঢোল পেটানোর জন্য কাউকে বলতে হবে না। মানুষই দায়িত্ব নিয়ে এর জয়গানে মুখরিত হবে। প্রতিটি ভূমি অফিস সরকার ও জনগণের প্রত্যাশা মোতাবেক সেবাপরায়ণ ও দুর্নীতিমুক্ত হোক এই আমাদের কামনা।

  • [১]