দেওয়ান গিয়াস চৌধুরী
একসাথে পণ্যবাহী ভারী দুই যানের ভারে ভেঙ্গে পড়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুনামগঞ্জ-দিরাই রাস্তার দেবগ্রাম-বোগলাখাড়ার বেইলি ব্রিজ। শনিবার বিকাল ৫টার সময় বোগলাখাড়ার গ্রামের কাছে ধরার খালের উপর ব্রিজে মাটি কাটার এক্সেভেটর ভর্তি একটি ট্রাক ও পণ্যবাহী আরেকটি কাভার্ড ভ্যান একসাথে উঠে পড়লে এই ঘটনা ঘটে। ট্রাক ও কাভার্ড ভ্যান দু’টিই দিরাই থেকে সুনামগঞ্জ আসছিল।
দুর্ঘটনায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও পণ্য বোঝাই যান দুইটি উদ্ধারের তৎপরতায় নামেন ফায়ার সার্ভিসের দল এবং দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ। এদিকে রাস্তায় বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় দুই দিকে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
স্টিলের তৈরি এই বেইলি ব্রিজ মেরামত করতে ১০ দিন সময় লাগবে বলে জানা গেছে। এই ১০দিন দিরাই উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একাংশ সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। ’
বোগলাখাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী বুরহান উদ্দিন দুলন বলেন,‘মাটি কাটার যন্ত্র এক্সেভেটর বহনকারী একটি ট্রাক দিরাই থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি ব্রিজে উঠার পর পরই এর পেছনে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান উঠে পড়লে ব্রিজ ভেঙ্গে দু’টি যানই ধরার খালে পরে যায়। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী আহত ট্রাক ও ভ্যান চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ব্রিজ ভেঙ্গে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন,‘ব্রিজে একসাথে পণ্যবাহী একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান একসাথে উঠে পড়লে ব্রিজ ভেঙ্গে দু’টি যানই খালে পড়ে যায়। এতে ট্রাক ও ভ্যানের চালক আহত হয়েছে। এছাড়া আর কেউ আহত হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ চালাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেন,‘ আমি সওজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন স্টিলের তৈরি ব্রিজ ভেঙ্গে যাওয়ায় এই ব্রিজ মেরামত করতে অন্তত ১০ দিন সময় লাগবে। যার ফলে ১০দিন দিরাই উপজেলা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকবে। ’