স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম’র নেতৃত্বে বিশ্বম্ভরপুর উপজেলার মথুরকান্দি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার বিরোধী অপরাধে অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরমধ্যে আবুল কাশেম স্টোরকে ১ হাজার টাকা, মিলাত স্টোরকে ৩ হাজার, সুজন স্টোরকে ১ হাজার ৫০০ টাকা, শাহীন স্টোর কে ২ হাজার এবং আব্দুল গনি স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাজারের ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। এছাড়াও জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দেয়া হয়। অভিযানে সহায়তা করে র্যাব ৯ ও সুনামগঞ্জ ক্যাব।