স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজারে ইউপি নির্বাচন কেন্দ্রীক গোলযোগকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের আহ্বয়ক ও যুগ্ম আহ্বায়ককে প্রধান আসামি করে পৃথক দু’টি মামলা দায়েরের ঘটনার নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। মামলাগুলোকে
উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অবিলম্বে সেগুলো প্রত্যাহার দাবি করেছেন তিনি।
মতিউর রহমান জানান, মহল বিশেষের প্ররোচনায় পুলিশ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানি করছে। এতে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন, দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখার লক্ষ্যে এধরনের অপচেষ্টা থেকে সরে আসা উচিৎ।
জানা যায়, ২৩ এপ্রিল তৃতীয় দফা নির্বাচনের ভোট গ্রহণ শেষে দোয়ারাবাজার উপজেলার প্রতাপুর ভোটকেন্দ্রে ভোট গণনাকে নৌকার পক্ষে প্রভাবিত করার অভিযোগ আনেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামিমুল ইসলাম শামীম। রাত সাড়ে ৮টার দিকে ভোটের ফলাফল ঘোষণার পর তার সমর্থকরা উত্তেজিত হয়ে ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উপস্থিত আইন-শৃংখলা বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশসহ কয়েকজন আহত হন।
এই ঘটনায় দোয়ারাবাজার থানার উপপরিদর্শক ছায়েদুর রহমান বাদি হয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শামীমুল ইসলাম শামীমকে প্রধান আসামী করে সরকারি কাজে বাধাদানের অভিযোগে ৪০/৫০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে উল্লেখ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫৮ রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতাবপুর গ্রামের শফিকুর রহমান তালুকদার বলেন, আমি ঘটনাস্থলের পাশে উপস্থিত ছিলাম। গুলাগুলির কোনরূপ শব্দ শুনতে পাইনি।
দোয়ারাবাজার থানার ওসি সেলিম নেওয়াজ বলেন,‘আসামীরা নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ঘেরাও করে মারধর করায় গুলি ছুঁড়ে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়। আসামীরা একটি পিস্তল ছিনিয়ে নিয়েছিল। পরে রাতেই সেটি উদ্ধার করা হয়েছে।