- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভোট দিতে বাহরাইন থেকে এসেছেন আনোয়ার

স্টাফ রিপোর্টার
৭ বছর ধরে প্রবাসে থাকেন জগন্নাথপুর উপজেলার ইকড়ছই গ্রামের মো. আনোয়ার হোসেন ভুইঁয়া। গত ৩১ অক্টোবর শুধুমাত্র ভোট দিতে দেশে এসেছেন তিনি। ভোট দিতে আসা যাওয়ায় প্রায় লাখ টাকা খরচ হয়েছে তার। বুধবার দুপুরে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বেশ উৎসাহ নিয়ে কেন্দ্রে ঢুকতে দেখা যায় তাকে। ইকড়ছই মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন আনোয়ার।
এতো খুশীর কারণ জানতে চাইলে তিনি বলেন, ৭ বছর ধরে বাহরাইনে আছি। উপজেলা পরিষদ নির্বাচনের কথা শুনে দুইদিন আগে দেশে এসেছি। আবার ২৮ নভেম্বর ফিরে যাবো। এতো দূর থেকে এসে ইভিএমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশী আমি।
একটি ভোটের জন্য এতো দূর থেকে এসে ভোট দেয়ার ইচ্ছা কেন হলো এমন প্রশ্নে তিনি জানান, নাগরিক দায়িত্ববোধ থেকে এসেছি। আমি এ দেশের নাগরিক, আমার আইডি কার্ড আছে আনন্দ লাগে। আমার একটি ভোটে একজন নির্বাচিত হবে এবং মানুষের উপকারে আসবে।
তিনি আরও বলেন, যখন বিদেশে থাকি। দেশে কোনো নির্বাচন হয় তখন খুব কষ্ট অনুভব করি। আফসোস হয়, নিজেকে খুব ছোট মনে হয় প্রবাসী বলে। শুধু মনে হয়, যদি দেশে থাকতাম একটি ভোট দিতে পারতাম। কিন্তু কিছু করার থাকেনা তখন। আনোয়ার হোসেন ভুইঁয়া বর্তমানে বাহরাইনের একটি পেট্রোল পাম্পে কর্মরত আছেন। শুধু আনোয়ার হোসেন নয় এরকম অসংখ্য বিদেশ থেকে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে এসেছেন নির্বাচনকে কেন্দ্র করে।
ইকড়ছই মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন আছে। পরিস্থিতি ও স্বাভাবিক আছে।

  • [১]