স্বপন কুমার দেব
হুলুমালেতে প্রাত:ভ্রমণ ও হুলো বেড়াল দেখা
প্রাত:ভ্রমণ অনেকেরই একাধারে নেশা ও অভ্যেস। যাদের ডায়াবেটিস আছে তাদের অনেকেই প্রাত:ভ্রমণে অভ্যস্ত। স্থান পরিবর্তনে কিংবা সফরে গেলে এর ব্যতিক্রম ঘটে থাকে। ডায়াবেটিসের অন্যতম মহৌষধ প্রাত:ভ্রমণ কিংবা মর্নিং ওয়াকের একটা পূর্ব প্রস্তুতি লাগে। যেমন রাতে যথা সময়ে ঘুমানো, ভোরে ঘুম থেকে উঠা, হাত-মুখ ধোয়া, নির্দিষ্ট পোষাক পরিধান, জুতো-মোজা পায়ে দেয়া, পানি পান করা কিংবা মুখে কিছু দেয়া। অনেকে বড় টয়লেট না করে বেরুতে পারেন না। প্রাত:ভ্রমণে বেরোবার কমপক্ষে অন্তত: আধ ঘন্টা আগে শয্যা ত্যাগ করতেই হবে। বাদ্লা দিন হলে মনে করে ছাতা সঙ্গে নিতে হয়। দেশে থাকলে নিজ বাসায় প্রস্তুতি নেয়া কঠিন নয়। এরপরও মাঝে মাঝে সমস্যা হয়। বিদেশ বিভূঁইয়ে সব কিছু ওলট পালট হয়ে যায়। তখন অভ্যেস বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু হুলুমালের মত প্রাত:ভ্রমণের আদর্শ স্থানে এসেও তার অভিজ্ঞতা না নিয়ে চলে যাব তা হতে পারে না। আগের দিন ঘুরে ফিরে এসে সেই যে ঘুমিয়ে ছিলাম সেই ঘুম ভাঙলো সন্ধ্যার পরে। আলস্যের জন্য রাতে আর হোটেল থেকে বের হলাম না। দু’জন বয়স্ক লোক নিজেদের মধ্যে আর কত কথাবার্তা বলা যায়। এক সময়ে আপনা আপনি কথা থেমে যায়। বাইরে নিরবতা আর সাগরের গর্জন। রাতের খাবারের সময় আসতে এখনও বেশ দেরী। অতএব প্রবাল দ্বীপ ‘মালদ্বীপ’ নিয়েই ভাবতে থাকি। আরেক দ্বীপ দেশ শ্রীলংকা থেকে ৬৭১ কি:মি: দক্ষিণ পশ্চিমে মালদ্বীপের অবস্থান। মধ্যে ভারত মহাসাগর। গুচ্ছ গুচ্ছ প্রবাল দ্বীপ নিয়ে এ দ্বীপ রাজ্যে গঠিত হয়েছে। সাগর জলে বিচ্ছিন্ন একদ্বীপ থেকে আরেক দ্বীপের ব্যবধান যেমন নিকটে আছে তেমনি অনেক দূরেও আছে। এমনকি ১০০ কি:মি: দূরত্বেও আছে। প্রায় ৯০,০০০ নব্বই হাজার স্কয়ার কি:মি: বিস্তৃত জলরাশিতে খন্ড খন্ড দ্বীপগুলির অবস্থান। স্থলভাগ বা দ্বীপগুলির একত্রে আয়তন ৩০০ তিনশত স্কয়ার কি:মি। বিগত পঞ্চম শতাব্দীতে ভারত এবং শ্রীলংকা থেকে বৌদ্ধধর্মীয় নাবিকেরা মালদ্বীপ দ্বীপপুঞ্জে পৌঁছায় এবং সেখানে বসতি স্থাপন করে। ভারতবর্ষের তৎকালীন স¤্রাট অশোক তাদের পৃষ্ঠপোষকতা করেন। ১১৫৩ খ্রিস্টাব্দে মালদ্বীপে ইসলাম ধর্মের আগমন ঘটে। আরব দেশীয় আবু আল বারাকাত এর অগ্রদূত ছিলেন। মালদ্বীপ প্রথমে সিলোন অর্থাৎ বর্তমান শ্রীলংকার অধীনে একটি সামন্ত রাজ্য ছিল। ১৮৮৭ খ্রিস্টাব্দে সিলোন ব্রিটিশ কলোনীতে পারিণত হলে মালদ্বীপের অবস্থান পরোক্ষভাবে বৃটিশ সিলোনের অধীনে থেকে যায়। বৌদ্ধ রাজারা ইসলাম ধর্মগ্রহণ করে সুলতান হিসেবে বিভিন্ন সময় মালদ্বীপ শাসন করেন। পরবর্তী সময়ে ব্রিটিশের সঙ্গে স্বাধীনতা চুক্তি অনুসারে মালদ্বীপ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯৬৮ খ্রিস্টাব্দে গণভোটের রায় অনুযায়ী প্রজাতন্ত্র কায়েম হয়। ইব্রাহীম নাসির এর পরিবর্তে মামুন আব্দুল গাইয়ুম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের নাম আব্দুল্লা
ইয়ামিন। তিনি ২০১৩ সালে নির্বাচিত হয়েছেন। প্রাচীনকালে যে রাজারা মালদ্বীপে রাজত্ব করতেন সেই রাজবংশের নাম ছিল যথাক্রমে হূরা, হিলানি, থেমুগ ইত্যাদি। বিচিত্র সামুদ্রিক নাম। অনেক সময় রাজার বদলে রানীরা শাসকের ভূমিকায় অবর্তীণ হয়ে ছিলেন। ভারত মহাসাগরের যে স্থানে মালদ্বীপের অবস্থান তা নৌপথ ও কৌশলগত দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই দ্বীপ রাজ্যের নিকটতম প্রতিবেশী শ্রীলংকা ও ভারত। এই দুই দেশের নানা অর্থনৈতিক ও সাংস্কৃতিক চুক্তি আছে মালদ্বীপের সঙ্গে। ব্রিটিশ এর কাছ থেকে ১৯৬৫ সনে স্বাধীনতা পেলেও ১৯৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মালদ্বীপের ‘গান’ নামক দ্বীপে তাঁদের একটি বিমান ঘাঁটি বহাল ছিল। দ্বীপ রাজ্যের মূল আয়ের উৎস বর্তমানে মূলত: পর্যটন শিল্প, মাছ ধরা এবং সামান্য কিছু কৃষিকার্য্য। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় অবস্থান হওয়ার কারণে যে কোন সময়ে সাগরে তলিয়ে যাওয়ার আশংকায় ভুগে থাকেন মালদ্বীপবাসী। যাই হোক ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে এক সময়ে ডিনারের সময় এসে গেল। নীচে নেমে আসি। আলু ভর্তা থেকে শুরু করে সব বাঙালি খাবারের আয়োজন। মনে হয় না দেশের বাইরে আছি। আমাদের হোটেলের পরিচালক কাম ম্যানেজার বাংলাদেশের ছেলে। ঢাকার আশেপাশে বাড়ী। একদম ইয়ং স্মার্ট ছেলে। হোটেল ম্যানেজনেন্টের উপর ডিগ্রি নিয়ে এখানে চাকুরী করছে। যারা কমপক্ষে দু’ রাত্রি হোটেলে থাকে তাদের হোটেলের খরচায় রাজধানী মালে শহর ঘুরিয়ে আনা হয়। এছাড়া নিজেদের খরচায় আরো কিছু ট্রিপের ব্যবস্থা আছে। হোটেল সাহায্য করে। যেমন দূর সমুদ্রে মালদ্বীপের বিভিন্ন দ্বীপে রিসোর্ট আছে। বড় বড় ব্যবসায়ীরা দ্বীপ লিজ নিয়ে রিসোর্ট চালু করে চুটিয়ে ব্যবসা করছেন। রিসোর্টগুলি ফাইভ স্টার হোটেলের সমমানের। ধনকুবের পর্যটকেরা দলে দলে রিসোর্টে এসে আনন্দ উদযাপন করেন। এসব রিসোর্টের নিজস্ব হেলিকপ্টার, ছোটখাটো জাহাজ, বোট ইত্যাদি আছে। সবই রিসোর্টবাসীদের ঘুরাফেরার জন্য। আমরাও ইচ্ছে করলে খাওয়া দাওয়া সহ দ্বীপ দেশে রিসোর্ট আনন্দ উপভোগ করতে পারি। আমাদের হোটেল ব্যবস্থা করে দেবে রিসোর্টে যাওয়ার। কিন্তু একদিনের জন্য যে পরিমাণ ডলার জমা দিতে হবে তা সাধ্যের অনেক বাইরে। কাজেই এ চিন্তা বাতিল। থাকুক এগুলো ধনকুবেরদের জন্য। তাদের কারণে আয় বাড়–ক সাগর রাজ্য মালদ্বীপের। রিসোর্ট শিল্প আমাদের দেশেও ক্রমশ: ডালপালা বিস্তার করছে। বৈদেশিক মুদ্রা অর্জনে রিসোর্ট মাধ্যম একটা ভালো উৎস। যাক রাতের খাওয়া দাওয়া শেষে ঠিক হলো পরের দিন রোদের তেজ কমলে বিকেলে আমাদের রাজধানী মালে ঘুরিয়ে আনা হবে। পরদিন ভোর বেলায় ঘুম থেকে উঠে গেলাম। প্রাত:ভ্রমণে বেরুবো। তাপমাত্রা আমাদের সেপ্টেম্বর মাসের মতো। গরম বলা যেতেই পারে। কোর্ট, টুপি, মাফলার ইত্যাদি শীত পোশাক বাদ। শুধু শার্ট, প্যান্ট জুতো মোজা পড়ে আমি একাই বেরিয়ে গেলাম। আজ ১৬ই ডিসেম্বর ২০১৬ সাল। আমাদের বিজয় দিবস। মুক্তস্বাধীন বাংলাদেশের বিজয়ী বেশে আত্মপ্রকাশের দিন আজ। এদিকে বিজয় দিবসকে সম্মান জানিয়ে সাগরের জলরাশির একাংশ তখন সবুজ রঙ ধারণ করেছে। উপরে উদীয়মান সূর্যের লাল রঙ সমুদ্রজলে প্রতিফলিত হয়ে লাল সবুজের খেলা চলছে। গত বছর এই দিনে আর এই সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লীতে ছিলাম। এবছর মালদ্বীপে। জানি না সামনের বছর কোথায় থাকব কিংবা আদৌ থাকবো কিনা। বিজয় দিবসকে বিন¤্র চিত্তে শ্রদ্ধা ও স্যালুট জানিয়ে হাঁটা শুরু করে দেই। প্রথমে ধীরে তারপর দ্রুত লয়ে অত:পর আবার ধীরে। এভাবেই ডায়াবেটিস রোগীদের হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে সারা হুলুমালে দ্বীপে একাধিক চক্কর হয়ে গেল। কিছু পর্যটক স্যান্ডো গেঞ্জি আর শর্টস পড়ে হাঁটছেন। কেউ কেউ মোটরসাইকেল ভাড়া নিয়ে চক্কর দিচ্ছেন। বেশ গরম। শরীর থেকে প্রচুর ঘাম নির্গত হচ্ছে। প্রাত:ভ্রমণ শেষ পর্যায়ে। এবারে হোটেলে ফিরতে হবে। সঙ্গীনি স্ত্রী শুভ্রা হয়তো এতক্ষণে রেডি হয়ে আছেন প্রাত:রাশের জন্য। একটা নির্দিষ্ট সময়ের ভেতরে প্রাত:রাশ বা ব্রেকফাস্ট না করলে মাগনা/ফ্রিতে আর তা পাওয়া যাবে না। তখন নগদ পয়সা দিতে হবে। এটা অনেক কষ্টকর। ফিরতি হাঁটা লাগাই হোটেলের উদ্দেশ্যে। একটা জিনিস লক্ষ করেছি এই দ্বীপে যথেষ্ট গাছ গাছালি, সবুজের আবরণ থাকলেও কোন পাখ-পাখালির দেখা নেই। এমন কি কোন ধরনের গবাদি পশু ইত্যাদিও চোখে পড়ে না। হয়তো পরিবেশের কোন বৈচিত্রগত কারণে হুলুমালে দ্বীপে এগুলির অস্তিত্ব নেই। হাঁটার মাঝেই হঠাৎ নজরে এলো এক ঝোপের কিনারে নাদুস নুদুস তুলতুলে সাদারঙের বাঙালির অতি পরিচিত নিত্যদিনের এক সাথিকে। হয়তো কেউ আন্দাজ করতে পারছেন না। আর কিছু নয়, এটি খাঁটি চমৎকার একটি জীবন্ত এবং আস্ত হুলো বেড়াল। দ্বীপের নামের সঙ্গে তাল মিলিয়ে হুলো বেড়ালের আবির্ভাব। স্মার্টফোনের ক্যামেরা ঠিক্ঠাক্ করে তাক্ করতে করতে বেড়ালটি মুখ ফিরিয়ে ধীর গতিতে ক্যামেরা ফাঁকি দিয়ে ঝোপের ভেতরে ঢুকে গেল। ক্যামেরা বন্দি করতে পারলাম না। স্মার্ট ফোনে দক্ষতা ও ক্ষিপ্রতা না থাকাই এর কারণ। আফসোসের শেষ নেই। দ্বীপে পশুপক্ষি বলতে ঐ একমাত্র বেড়ালেরই বোধহয় বসবাস। নামের সঙ্গে মিল রেখে এই দ্বীপে বেড়ালের আগমন ঘটেছে না অন্য কোন কারণ আছে তা জানতে হলে গবেষণা করতে হবে। তবে আপাতত নামের মিলের দিকটাই আমার কাছে বেশ পছন্দসই মনে হলো। হাঁটতে হাঁটতে আবার বেড়ালের দেখা রাস্তায় এবং বাড়ির কার্নিশে। তবে আগেরটারতো মোটাসোটা নয়। রঙটাও মান্দা। কিন্তু এবারে আর মিস্ করলাম না। খ্যাচ্ করে বেড়ালকে ক্যামেরায় টেনে আনলাম। ফটো গ্যালারিতে জমা পড়ল বেড়াল। হোটেলে পৌঁছে গেছি। অত:পর দু’জনে মিলে ব্রেকফাস্টে যথেস্ট খাওয়া দাওয়া। আগেই বলেছি ব্রেকফাস্টের খাওয়া মাগনা বা ফাও। এবার দেখা যাক আর কিছু না খেয়ে ডিনার পর্যন্ত টানা যায় কি না। বিকেলে যাব রাজধানী শহর মালে দর্শনে। সেই ট্রিপটিও হবে ফ্রিতে। মনের আনন্দে এবার বিশ্রাম নিতে নিতে অপেক্ষার পালা। (চলবে)
লেখক : সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক।