স্বপন কুমার দেব
সমুদ্র যাত্রায় রাজধানী ‘মালে’
সাত কাহন নাম নিয়ে কেউ কেউ আমার কাছে জানতে চেয়েছেন এবারে তাহলে সাতদিনে তথা সাত রবিবারে আপনার লেখার সমাপ্তি ঘটবে। ইচ্ছে করলে সাতদিনে কেন আরোও কম সময়ে শেষ করে দেয়া যায়। যেমন মালদ্বীপ, শ্রীলংকা গেলাম, হোটেলে থাকলাম, সমুদ্রের ধারে রাস্তাঘাটে দু’এক জায়গায় ঘুরাঘুরি করলাম, ভালো মন্দ মিলিয়ে খাওয়া দাওয়া হলো, কিছু দর্শনীয় স্থান দেখে আবার দেশে ফিরে এলাম। ব্যাস। আমার কথাটি ফুরালো, নটে গাছটি মুড়ালো। কিন্তু যেহেতু সাতকাহন নাম দিয়ে ফেলেছি তাহলে তো খুঁটি নাটি অভিজ্ঞতা, অনুভূতি নিয়ে লিখতেই হয়। পরিবেশন করতে হয় কিছুটা মশলা মিশিয়ে। তবে রঙ চড়িয়ে নয়। কাহন মানে বহু বা অসংখ্য। আর সাতকাহন হলো অসংখ্যের সাতগুণ তথা অন্তহীন। ভ্রমণের সাতদিনের অসংখ্য কথা বা গল্প। তবে অন্তহীন হলে আবার শেষ হবে না। কাজেই এই লেখা শেষ হবে কিন্তু সাত রবিবারে হয়তো হবে না। আশা করি পাঠকরা বিরক্ত হবেন না। সমরেশ মজুমদারের ‘সাতকাহন’ উপন্যাসটি যখন দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে পড়েছিলাম তখন মনে হয়েছিলো দীপাবলী নামের মেয়েটির গল্প যেন শেষ না হয়। কিন্তু এক সময়ে লেখককে থামতে হয়েছিল। শুরু হলে শেষ হবে তা নিশ্চিত থাকতে পারেন। যাই হোক পড়ন্ত বিকেলে রৌদ্রের তেজ কমে এলে হোটেল ম্যানেজার ট্যাক্সি ডেকে আমাদের নিয়ে রওয়ানা দিলেন জাহাজ ঘাটার দিকে। ছোট নির্জন দ্বীপ। মসৃন রাস্তা। দেশের কথা, দ্ব¦ীপের কথা বলতে বলতে সামান্য সময়েই পৌঁছে গেলাম জাহাজ ঘাটে। নীল সমুদ্রে বিভিন্ন জলযান ঢেউ এর তালে তালে ভাসছে। সামান্য দূরে আরেকটি দ্বীপ দেখা যায়। হোটেল ম্যানেজার মনজুর আলম (রাজু) জাহাজের টিকিট কেটে আমাদেরকে জেটির ভিতরে নিয়ে এলেন। এখানে বসার জন্য সারি সারি চেয়ার। সামনে একাধিক গেইট। টিকিটের সিরিয়েল নম্বর দেয়া আছে। বড় বড় লঞ্চ আসছে। যাত্রী নামিয়ে আবার যাত্রী উঠিয়ে ‘মালে’ যাত্রা করছে। রাজু আমাদের চেয়ারে বসিয়ে দিয়ে মালেতে যে ছেলেটি আমাদের গাইড করবে তার নাম, চেহারার বর্ণনা দিয়ে চলে গেল। জেটিতে সুশৃঙ্খল ব্যবস্থা। লঞ্চ এলেই সিরিয়েল অনুযায়ী গেইট খোলে দেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আমাদের পালা এসে যায়। একদল যাত্রীসহ আমরা লঞ্চে আরোহণ করি। এটি দোতলা। দেখতে চমৎকার। আকৃতি বেশ বড়। আমরা তরতর করে দোতলায় উঠে জানালার ধারে বসে যাই। কিছুক্ষণের মধ্যেই গোধূলি বেলার কিছু আগে লঞ্চ ভাসলো সাগরে। ডিসেম্বর মাসে সাগর শান্তই বলা যায়। তবে সাগরের ধর্ম অনুযায়ী উত্তাল রূপ কিছুটা তো থাকবেই। জলরাশি কেটে এগিয়ে চলছে লঞ্চ। আশেপাশে সামনে পেছনে আরোও লঞ্চ চলছে। গতিতে গতিতে তৈরি হচ্ছে ঢেউ। সাগর যান চলছে দুলতে দুলতে। এই লঞ্চ গুলি ভোর থেকে রাত আড়াইটা পর্যন্ত মালে এবং হুলুমালের মধ্যে চলাচল করে। এদিকে সন্ধ্যা নামছে। সাগর জলে আলো ছায়ার খেলা।রাজধানী মালে নগরী মালদ্বীপ প্রজাতন্ত্রের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ। মালে নগরীতে লোকসংখ্যা একলক্ষ তেত্রিশ হাজারের মতো। মোট আয়তন ৫.৮ স্কয়ার কিলোমিটার। মালে সিটি কাউন্সিল মালে নগরীর শাসন পরিচালনা করেন। প্রাচীনকালে রাজন্যবর্গ যখন মালদ্বীপ শাসন করতেন তখনও রাজারা ‘মালে’ দ্বীপেই বসবাস করতেন। এই নগরেই তাদের রাজপ্রাসাদ ছিল। মালে তখন পরিচিত ছিল ‘মহল‘ নামে। তখন নগরীর চারিদিক দেয়াল বেষ্টিত ছিল। নগরে প্রবেশের জন্য দেয়ালের মাঝে মাঝে একাধিক তোরণ বা গেইট ছিলো। প্রেসিডেন্ট ইব্রাহিম নাসির ক্ষমতাসীন থাকা অবস্থায় মালে নগরী নতুন করে ঢেলে সাজানো হয়। সেই সময় পুরনো রাজাপ্রাসাদ ও রাজতন্ত্রের বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে বিখ্যাত ফ্রাইডে মসজিদের কোন পরিবর্তন করা হয়নি। যেভাবে ছিল সেভাবেই আছে। মালের সঙ্গে পরবর্তী সময়ে লাগোয়া তিনটি ছোট ছোট দ্বীপ সংযুক্ত হয়। মূল মালে দ্বীপটি সমস্ত ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু এবং একই সঙ্গে বন্দর হিসাবে ব্যবহৃত হচ্ছে। মালে সিটি কাউন্সিল ২০১১ সনে প্রথমে চালু হয়। আমাদের সিটি কর্পোরেশন বা পৌরসভার মতো এটিও সেখানকার স্থানীয় সরকারের অংশ। মালে নগরী এগারোটি ওয়ার্ডে বিভক্ত। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর নির্বাচিত হয়ে থাকেন। ২০১৪ সালের নির্বাচন অনুযায়ী সেখানকার ডেমোক্রেটিক পার্টি এখন মালে সিটি কাউন্সিলে ক্ষমতাসীন। মালের আবহাওয়ায় আছে শুধু বৃষ্টি আর গরম। কখন বৃস্টি নামবে আর কখন থামবে কেউ বলতে পারে না। বৎসরে মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বৃষ্টিকাল ধরা হয়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুকনো সময়। তবে মালে দ্বীপে বা সারা মালদ্বীপে শীতকাল নেই। সব সময় গরম আবহাওয়া। সরকারি ভবনগুলির বেশির ভাগই মালে নগরে অবস্থিত। ভাবতে ভাবতে লঞ্চ জেটিতে ভিড়লো। আলো ঝলমল জেটি। আমরা জেটি থেকে বেরোতেই দেখা হয়ে গেলো গাইডের সঙ্গে। হোটেল ম্যানেজার রাজু আমাদের ফটো মোবাইলে তুলে হোয়াটস অ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন মালের বাংলাদেশী গাইডের ফোনে। সেও যথেষ্ট অভিজ্ঞ ও স্মার্ট এবং ইয়াং। ফটো মিলিয়ে ঝট করে আমাদের চিনে নিলো। আমরাও নিশ্চিন্ত। তার নাম রাসেল। বাড়ী কুমিল্লা। সাগর পাড়ের ব্যস্ত সড়কের ফুটপাত ধরে আমরা রাসেলের সঙ্গে বাংলায় কথা বলতে বলতে হাঁটতে থাকলাম। অসংখ্য মোটর বোট, লঞ্চ, পাড়ে পাড়ে ভিড়িয়ে রাখা আছে। লোকে গিজ গিজ করছে। কার, ট্যাক্সি, স্কুটি, মোটর সাইকেল এগুলি গাদাগাদি চলছে। সড়কের একপাশে সমুদ্র। আরেক পাশে সারি সারি সুদৃশ্য ইমরাত। হঠাৎ যেন একটু বৃষ্টি নেমে আবার বন্ধ হয়ে গেলো। সাগরের জল থেকে বাতাসে ভেসে আসছে পেট্রোল/ডিজেলের গন্ধ। কোষ্ট গার্ডের একটি বোট ভট্ ভট্ আওয়াজ তুলে চক্করে বেরুলো। রাসেল বেশ কয়েক বছর ধরে মালদ্বীপে আছে। পার্ট টাইম গাইডের কাজ করে। দোকানগুলিতে বিক্রি বাটা চলছে। মনে হয় বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের একটি সাইনবোর্ড চোখে পড়ল। বিভিন্ন দেশের ব্যাংকের শাখা অফিস আছে এখানে। সোজা সড়ক ধরে হাঁটতে হাঁটতে কিছুটা নিরিবিলি একটা চত্বরে পৌঁছালাম। প্রচুর পর্যটক। বিভিন্ন রিসোর্ট থেকেও অনেকে মালে বেড়াতে এসেছেন। আশেপাশে বেশ কয়েকটি জাহাজও দেখা যায়। সামনে একটি পার্ক। বাচ্চারা হই হুল্লুড়ে মেতে আছে। সঙ্গে আছে তাদের মায়েরা। রাসেল জানালো এই পার্কে প্রচুর কবুতর উড়াউড়ি করতে আসে। শুনে বড় ভালো লাগলো। হুলুমালের মতো মালে দ্বীপটি পাখি শূন্য নয়। কবুতর বা পায়রা শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। মালে নগরীর ঝাঁক ঝাঁক পায়রার তরফ থেকে নিশ্চয়ই শান্তির বার্তা হিংসায় উন্মত্ত পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়বে। রাসেল এবার আমাদের নিয়ে রওয়ানা দিলেন নগরের আরেক প্রান্তে।
লেখক : সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক।