- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ কাহিনী- মালদ্বীপ, শ্রীলংকা-সাত দিনের সাতকাহন-৫

স্বপন কুমার দেব
‘মালে’ থেকে প্রত্যাবর্তন ও লংকা যাত্রার প্রস্তুতি
মালে নগরে গাইড রাসেল এর সঙ্গে গল্প করতে করতে আমরা উল্টো দিকে হাঁটছি। রাসেল আমাদের নিয়ে যাচ্ছে নগরের আরেক প্রান্তে। রাসেল গল্প শুনাচ্ছে তার সুখ-দু:খের। তার নিজের কথা। মালেতে একটা হোটেলে কাজ করে আর পার্ট টাইম গাইডের কাজ করে। রুজি রোজগার হয় তবে তা পর্যাপ্ত নয়। স্ত্রী, সন্তানদের এখানে নিয়ে আসার মতো আয় নেই। অনেক কষ্ট করছে। চাকুরী বদলাচ্ছে কিন্তু সেভাবে আর দাঁড়াতে পারলো কোথায়। মালদ্বীপে বেশির ভাগ বাঙালি ছেলেরা অল্প শিক্ষিত। সেই অনুযায়ী চাকুরী। তাইতো কষ্টের দিন আর শেষ হয় না। অনেকে দেশে ফিরে যায়, আবার অনেকে নতুন করে অনেক আশা নিয়ে আসে। ঘুরতে থাকে চাকা। রাসেল সাগরে ভাসমান বিশাল এক জাহাজের দিকে দৃষ্টি আকর্ষণ করলো। জার্মানী থেকে আসা এটি একটি প্রমোদ তরী। আট তলা। অনেক পর্যটক নিয়ে ভ্রমণে বেড়িয়েছে। ঘাটে ঘাটে ঘুরতে ঘুরতে এবারে নোঙ্গর ফেলেছে মালদ্বীপে। কিছুদিন এখানে থাকবে। যাত্রীরা মনের আনন্দে উপভোগ করবে মালদ্বীপের সৌন্দর্য্য। এমন একটি প্রমোদ তরীতে কাজ করতে চায় রাসেল। এ ধরণের জাহাজে যথেষ্ট ভালো বেতন এবং অনেক ধরণের সুযোগ সুবিধা। আছে লম্বা ছুটি। সঙ্গে দীর্ঘ সমুদ্র ভ্রমণে নানা দেশ দেখার আনন্দ তো আছেই। রাসেলের ইচ্ছে পূরণ না হলে সেও দেশে ফিরে যাবে। মনে মনে ভাবলাম বাইরে থেকে প্রবাস জীবন যত সুখেরই দেখাক না কেন ভেতরে আছে অনেক কষ্ট, বেদনা। রাসেল ছেলেটি যথেষ্ট অভিজ্ঞ। ব্যবহার যেমন চমৎকার তেমনি পেশাদার। কথা বলতে বলতে আমরা নগরের আরেক প্রান্তে অপেক্ষাকৃত নির্জন স্থানে এসে গেছি। চীনের সঙ্গে মালদ্বীপের যৌথ উদ্যোগে যে সেতু নির্মাণের কাজ চলছে তার অবয়ব এখান থেকে স্পষ্ট দেখা যায়। সাগরের ঢেউ কে কাবু করে দীর্ঘ বিশাল সেতু মাথা তুলে দাঁড়িয়ে গেছে। বেশ কিছুদূর এগিয়ে বাঁক নিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। কাজ শেষ হবে আগামী দু’ বছরের মধ্যে। বিমানবন্দর থেকে সোজা চলে আসা যাবে রাজধানী মালেতে। সমুদ্র যাত্রার বদলে সেতু যাত্রা। এটি কম উপভোগ্য হবে না। সড়ক পথে ‘হুলুমালে’ তো আগেই যুক্ত হয়ে গেছে। তবে লঞ্চ যাত্রা, জাহাজ যাত্রা ইত্যাদি আর থাকবে না। হয়ে যাবে স্মৃতি, অত:পর বিস্মৃতি। যেমন আমাদের সুনামগঞ্জ শহরের একদা স্টীমার ঘাটটি ইতিমধ্যে বিস্মৃতিতে পরিণত হয়ে গেছে। মাঝে মাঝে পুরানো দলিল পত্রের চৌহদ্দির বর্ণনায় স্টীমার ঘাট শব্দটির উল্লেখ পাওয়া যায়। পৌর হকার্স মার্কেটর উত্তরে নদীর পাশে বিস্তৃর্ণ পাড় ভূমি নিয়ে ছিল একদা স্টীমার কোম্পানীর অফিস আর ঘাট। বহু বছর আগে অন্তত: এখন থেকে ষাট পয়ষট্টি বছর আগে সুনামগঞ্জ ও সিলেটের মধ্যে যাত্রীবাহী জাহাজ চলাচল ছিল। খুব আবছা ভাবে সেই জাহাজ বা স্টীমার ভ্রমণের কথা মনে আছে। যেন স্মৃতির আয়নায় ধূসর এক টুকরো মায়াবী ছোঁয়া। আমাদের তখন শিশুকাল। সকাল বেলা বাবা, মা, ভাইদের সঙ্গে স্টীমারে উঠেছিলাম। খাবার জলের কলস, চিড়া, গুড় ইত্যাদি সঙ্গে। বাক্স পেট্রা তো আছেই। মনে আছে স্টীমারের ডেকে বেশ লোকজনের সমাগম। সবাই যাত্রী। দু’পাশে বড় বড় চাকাওয়ালা জাহাজ। এক সময়ে ভোঁ আওয়াজ তুলে চাকা ঘুরতে শুরু করে। সকালে যাত্রা দিয়ে শেষ বিকেলে সিলেট। মনে পড়ে সুরমা নদীর দু’পাড়ের অপূর্ব দৃশ্য। যাত্রীবাহী জাহাজ চলাচল অনেক আগেই বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে ভি.ভি.আই পি রা স্টীমারে সুনামগঞ্জে আসতেন। আমাদের ছোট বেলায় সুরমা নদীর ঘাটে মাঝে মাঝেই দেখতাম স্টীমার নোঙ্গর করা আছে। জলপথে ভ্রমণ খুবই উপভোগ্য। এদিকে মালেতে তখন একটু রাত হয়ে গেছে। গাইড রাসেলের কাছ থেকে মালদ্বীপের   
 আর্থ সামাজিক অবস্থার অনেক কিছুই শুনলাম। মালদ্বীপের অধিবাসীরা ইয়া লম্বা চওড়া না হলেও তাদের সাধারণ স্বাস্থ্য ভালো। এ দেশে খুব একটা শক্ত অসুখ বিসুখ নেই। সামুদ্রিক পাথরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটাকুটি হলে সেই ক্ষত পূরণ হতে বেশ সময় লেগে যায়। এক ধরণের বিষাক্ত ক্ষত। তবে প্রাণঘাতি নয়। এন্টিসেপটিক ও এন্টিবায়োটিক ঔষুধ প্রয়োগে চিকিৎসা চলে। স্বাস্থ্যগত সবচেয়ে বড় সমস্যা তাপ জানিত গরম। গ্রীস্মকালের কড়া গরমে যে কোন সময় ডি-হাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। কাজেই রোদের তেজ কমলে বিকেল বেলা ঘুরাঘুরিতে বেরুনো উচিত। যথেষ্ট পরিমাণে তরল জিনিস বিশেষ করে পানি, ফলের জুস খেতে হবে। বেশিক্ষণ কড়া রোদে থাকলে শরীরের তাপ বেড়ে ও ঘাম নির্গত হয়ে যে কোন সময় হিট্ ষ্ট্রোক বা সান্ স্ট্রোক হয়ে যেতে পারে। তখন জীবন নিয়ে টানাটানি। কোন কোন প্রত্যন্ত দ্বীপে ডেঙ্গু জ্বরের প্রকোপ আছে। সে সব দ্বীপের মশাগুলি মারাত্মক। ভ্রমণকালে ডেঙ্গু প্রভাবিত দ্বীপ এড়িয়ে চলাই উত্তম। রাজধানী মালেতে উন্নত এবং ভালো মানের চিকিৎসা ব্যবস্থা আছে। এখানে ইন্দিরা গান্ধি মেমোরিয়াল নামে একটি ভালো প্রাইভেট হাসপাতাল আছে। এছাড়া আরো ভিন্ন ভিন্ন প্রাইভেট হাসপাতাল সেবা দিচ্ছে। এসব হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা যেমন উন্নত মানের তেমনি ব্যয়বহুল। একাধিক প্রধান প্রধান দ্বীপে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র আছে। সাধারণ মানের পরিসেবা এগুলিতে পাওয়া যায়। রাসেল জানালো মূল অধিবাসীরা স্বাস্থ্য পরিসেবা বিনামূল্যে পেয়ে থাকেন। এছাড়া বাইরের শ্রমিকদের জন্যও হেলথ কার্ডের ব্যবস্থা আছে। যা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে পাওয়া যায়। রিসোর্টগুলিতে তাদের নিজস্ব ব্যবস্থায় আছে ডাক্তার। সাধারণ অসুখ বিসুখে তারাই চিকিৎসা সেবা দেন। তবে সারা মালদ্বীপে ডাক্তার, নার্স এবং ডেনটিষ্ট প্রায় সবাই বাইরের ভিন্ন ভিন্ন দেশ থেকে আগত। প্রচুর ডাক্তার এবং নার্সেরা ভালো বেতনের চাকুরি নিয়ে মালদ্বীপে এসে থাকেন। তাদের মধ্যে ভারতীয়রাই সবচেয়ে বেশি। ভারতের চেন্নাই, ব্যাঙ্গালুরু ইত্যাদি এলাকার প্রচুর ডাক্তার, নার্স, ডেন্টিস্ট দ্বীপে দ্বীপে ছড়িয়ে আছেন। এক সময়ে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক বাঙালি ডাক্তার মালদ্বীপে চাকুরি করেছেন। এখন তাদের সংখ্যা কম। যাই হোক এক সময় হাঁটতে হাঁটতে আবার জাহাজ ঘাটে ফিরে এলাম। রাসেল আমাদের সঙ্গে যাবে। হুলুমালেতে হোটেলে পৌঁছে দিয়ে সে মালেতে ফিরবে। কিছু ¯œ্যাকস্ খেতে চাইলাম রাসেলকে নিয়ে। সে বলল দরকার নেই। কারণ এখানে দাম অনেক বেশি। হুলুমালেতে গিয়ে খাওয়া যাবে। রাসেল নিজেই চানাচুর জাতীয় কিছু নিয়ে এলো। সঙ্গে পানির বোতল। জাহাজ ঘাটে লঞ্চের জন্য অপেক্ষা করতে করতে চললো আমাদের খাওয়া আর নানা গল্প গুজব। রাসেল কে পছন্দ করতেই হবে। অত্যন্ত দায়িত্বশীল ও আন্তরিক। এক সময়ে আমরা লঞ্চে উঠি এবং রাতের সাগর পেরিয়ে হুলুমালেতে আমাদের হোটেলে পৌঁছে যাই। হোটেলে নয় যেন চলার পথে নিজেদের অস্থায়ী বাড়ী। রাসেলকে বেশি কিছু খাওয়াতে পারলাম না। সে নিজে যেমন মিতব্যয়ী তেমনি পর্যটকদের অযথা খরচ করতে দেয় না। এভাবেই প্রবাসে স্বদেশের ছেলেরা অনেক কষ্ট করে আয় উপার্জন করে দেশে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে আর নিজেরা পরিবার পরিজনদের নিয়ে ভালো থাকার স্বপ্ন দেখছে। আমরা রুমে যাবার আগে ডিনার করে নিলাম। ম্যানেজার রাজুর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। পরদিন শুক্রবার বিকেলে আমাদের ফ্লাইট। মালদ্বীপ ছেড়ে চলে যাবো লংকা। নামবো কলম্বোতে। রাজু আমাদের যথা সময়ে ট্যাক্সি করে পাঠিয়ে দেবে বিমানবন্দরে। তারপর আমাদের দায়িত্ব। আমার ইচ্ছা একটু আগেই এয়ারপোর্টে যাবার। আসার সময় রাতের বেলায় এসেছিলাম। মনে হয়েছিলো বিমানবন্দরটি সাগরে ভাসমান। ইচ্ছে আছে একটু আগে গিয়ে ঘুরে ফিরে সাগর আর বিমানবন্দরের মাখামাখি একটু উপভোগ করবো। হোটেল রুমে চলে এসে সামান্য গোছগাছ। সুটকেস-ব্যাগ ঠিকঠাক করে রেখে দিলাম। জানালা খুলতেই সমুদ্রের মৃদু গর্জন আর মৃদু হাওয়া। আগামীকাল এসময়ে থাকবো কলম্বোতে। জানি না কি সুবিধা অসুবিধা হবে। রুমে টেলিভিশন থাকলেও আমরা চালানোর চেষ্টা করিনি। এখানে বিদ্যুতের লাইনে সবই থ্রি পিন প্লাগ। আমাদের মোবাইলে টু পিন ব্যবস্থা। টিভির প্লাগ খুলে দেখলাম এটিও থ্রি পিন। একটু চাপাচাপি করতেই টু পিন চার্জার সেট হয়ে গেলো। শুরু হলো মোবাইল চার্জিং। এর আগে পাওয়ার ব্যাংক দিয়ে কাজ চালিয়েছিলাম। কিন্তু তারও আয়ু প্রায় শেষ। এবারে নিশ্চিন্তে ঘুম। (চলবে)
লেখক : সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক।

  • [১]