স্বপন কুমার দেব
কলম্বোতে দিনের প্রথম ভাগ
কলম্বো আধুনিক শ্রীলংকার রাজধানী। প্রাকৃতিকভাবেই কলম্বো মূলত: একটি বন্দর নগরী। ভারত মহাসাগরের সুবিশাল জলরাশিতে অনবরত সিনান (¯œান/গোসল) করতে করতে কলম্বোর অবস্থান। ঢেউ এসে আছড়ে পড়ে তটে। আয়তন ৩৭.৩১ স্কয়ার কি.মি। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় কলম্বো নগরী অবস্থিত। শ্রীলংকার মধ্যে পশ্চিম প্রদেশ। আমাদের দেশের মতোই শ্রীলংকা বিভিন্ন জেলায় বিভক্ত। রাজধানী কলম্বো যে জেলায় তার নামটিও কলম্বো ডিস্ট্রিক বা জেলা। মেট্রোপলিটান এলাকা, শহরতলী সব নিয়েই কলম্বো। সব মিলিয়ে প্রায় অর্ধকোটি লোকের বসবাস। শ্রীলংকার সবচেয়ে বড় শহর এই কলম্বো। একাধারে প্রশাসনিক এবং বাণিজ্যিক রাজধানী। পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্যস্থল কলম্বো। পর্তুগীজ, ডাচ এবং বৃটিশরা শ্রীলংকায় ক্রমান্বয়ে রাজত্ব করেছে। নৌপথের বন্দর হিসেবে কলম্বোর পরিচিতি অনেক প্রাচীনকালের। ভারত, গ্রীক, পারস্য, রোমান, আরব এবং চীনের ব্যবসায়ীরা প্রায় দুই হাজার বছর আগে থেকেই কলম্বো বন্দর ব্যবহার করে আসছেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা চৌদ্দ শতকে শ্রীলংকা ভ্রমণ করেন। উনার লিখায় কলম্বো ‘কালানপু’ নামে উল্লেখিত হয়েছে। আরব ব্যবসায়ীরা বাণিজ্যের সুবিধার জন্য অষ্টম শতকে কলম্বোতে বসতি স্থাপন করেন। কলম্বো বন্দর ব্যবহার করে বর্হি:বিশ্বের সঙ্গে সমুদ্র পথে বাণিজ্য চালানো ছিলো অধিক সুবিধাজনক। আরবদের অধ:স্তন পুরুষরা বর্তমান শ্রীলংকার মুসলিম জনগোষ্ঠীর ‘মুর’ সম্প্রদায় নামে পরিচিত। মাহেন্দ্র জয়বর্ধনের সঙ্গে আলাপ করে জেনেছি শ্রীলংকায় মোট জনসংখ্যার ৭০% ভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী, ১৫% ভাগ হিন্দু, যাদের বেশিরভাগই তামিল। আর ১৫% ভাগ মুসলিম ও খ্রিস্টান। অসাম্প্রদায়িক মনোভাব বিরাজমান। কয়েক বছর আগে তামিলদের (এল.টি.টি.ই) উত্তরাঞ্চলের কিছু জায়গা পৃথক করার যে আন্দোলন ও যুদ্ধ ছিল তা পৃথক ব্যাপার। কলম্বোর হোটেলে যথারীতি ঘুম ভাঙ্গার পর হাত, মুখ ধোয়ে সঙ্গে থাকা বাংলাদেশী বিস্কিট সহকারে হোটেলের সৌজন্যে দেয়া চা/কফি খেয়ে নিলাম। দুটিই বলা যায় মাগ্না। পরবর্তী হোটেল ব্রেকফাস্টও হবে ফ্রিতে। আপাতত: এক কাড়ি শ্রীলংকান রুপী হাত থেকে বেরিয়ে যাবে না। ফুরফুরে মেজাজে আমরা ধীরে সুস্থে ¯œান সেরে কাপড়-চোপড় পড়ে রেডি হলাম। ভ্রমণকালে কিংবা বাইরে ঘুরতে বেরুলে পোশাক আষাক এর একটা ক্রমবিবর্তন দীর্ঘদিন ধরে ঘটে আসছে। এদিকে পোশাকের ডিজাইন জগতেও নানা ধরণের পরিবর্তন সাধিত হয়েছে। বলা যায় এক ধরণের বিপ্লব ঘটে গেছে। এ সময়ে তথা আধুনিক কালে ফরমাল ও ক্যাজুয়াল শব্দ দুটি পোষাকের জগতে খুবই প্রচলিত। ফরমাল পোশাক বা ড্রেস হলো যথাযথ আনুষ্ঠানিক এবং নিয়ম মাফিক। অর্থাৎ কেতা দুরুস্ত। ক্যাজুয়ালকে বলা যায় নিয়ম নীতির বাইরে। অনানুষ্ঠানিক, অপরিকল্পিত, খাপছাড়া ইত্যাদি। অর্থাৎ অনেকটা বাড়ীর ভিতর ঘরোয়া পোশাকের মত। ঠিকমতো গায়ে ফিট হলো কিংবা প্যান্টের সঙ্গে শার্ট, পাদুকা ইত্যাদি মানানসই হলো কিংবা নাই বা হলো তাতে কিছু এসে যায় না। আজকাল ক্যাজুয়াল পোশাক আমার মতে খুবই জনপ্রিয়। গার্মেন্টস শিল্পী বা ডিজাইনারদের বদৌলতে ক্যাজুয়াল পোষাক কিন্তু মোটেই দৃষ্টিকটু কিংবা অসুন্দর নয়। ডিজাইনারদের মনোযোগী ও নান্দনিক হাতের ছোঁয়ায় ক্যাজুয়াল পোশাক যেমন আরামদায়ক তেমনি দৃষ্টিনন্দন। অতি সহজেই ঝটপট পরিধান করে তৈরী হয়ে নেয়া যায়। পায়ে গলিয়ে নিতে পারেন আরামদায়ক স্যান্ডেল বা জুতো। সবাই এখন ক্যাজুয়াল
পোশাকেই বাইরে ঘুরাঘুরি করেন। এতে কেউ কিছু মনে করে না কিংবা কোন হাসির দৃশ্যেরও অবতারণা হয় না। প্রসঙ্গত মনে পড়ে যায় ষাটের দশকে সুনামগঞ্জ শহরে একজন ভোলাভালা মধ্যবয়স্ক ভদ্রলোক প্যান্টের সঙ্গে পানজাবী পরে বাইরে বেরিয়েছিলেন। তখন আবার কলার দেয়া পাঞ্জাবী ছিল না। ছোট শহরে ঐ ভদ্রলোককে নিয়ে হাসির জোয়ার সৃষ্টি হয়েছিল। এদিকে ফরমাল পোশাক এখন মূলত অফিস ও কর্মস্থলের পোষাক হিসেবেই বিবেচিত হয়ে আসছে। কোর্ট, প্যান্ট, টাই, শার্ট, জুতো সব কিছু মিলিয়ে ফিটফাট করে পরতে হয়। এতে সময় লাগে বেশী, কষ্ট হয় অধিক। আগে বাইরে কিংবা বেড়াতে বেরুলে ফরমাল পোশাকই ছিল একমাত্র পরিধেয়। এখন আর তা নেই। কাজেই আমার মতো অনেকেই খুশী। এদিকে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। এতএব দেরি না করে ক্যাজুয়াল পোষাক পরে নিচের হোটেল রেস্তোরায় চলে এলাম। এক কিনারে থরে থরে সাজানো হরেক রকমের খাবার। ফলের জুস দিয়ে শুরু আর চা, কফি দিয়ে সমাপ্তি। সেলফ্ সার্ভিস অর্থাৎ নিজেরাই পছন্দমতো খাবার নিয়ে টেবিল সাজাতে হয়। ফ্রি ব্রেকফাস্ট সারাদিনের পেটের মজুদ। দুপুরের লাঞ্চ টপকে রাতের ডিনারে পৌঁছানো যায় এমনভাবে অনেকেই ব্রেকফাস্ট করতে চান। কিন্তু আসলে কি তা হয়? কখনও হয় কখনও হয় না। লাঞ্চ বা দুপুরের খাওয়া একটা অভ্যেস। কিছু না কিছু তো খেতেই হয়। আর হোটেল ব্যবসায়ীরাও এতো বোকা নয় যে ফ্রিতে ব্রেকফাস্ট দিয়ে আরেকবেলার খাবারে লস খাবে। ফাঁকি তো একটা আছেই। আমার মনে হয় সেটা হলো টাইম ফ্যাক্টর। যত আয়োজনই থাকুক না কেন সকাল বেলা অর্থাৎ ব্রেকফাস্ট টাইমে খুব একটা বেশী খাওয়া যায় না। তেমন ক্ষুধাও থাকে না। পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকজনের হিসেব বিভিন্ন রকমের। কেউ দুপুরে বা লাঞ্চ আওয়ারে বেশী খায় আবার কেউবা ডিনারে বেশী খায়। আমরা লাঞ্চে বেশী খাওয়ায় অভ্যস্ত। যদিও ব্রেকফাস্টে ভরপেট খাওয়া স্বাস্থ্যসম্মত। ভ্রমণকালে দুপুরের টুকটাক খাওয়া বেশীর ভাগ বাইরেই হয়ে যায়। রাতের ডিনারে হোটেলে ফিরে এসে প্রচুর খাওয়া হয়। এরকম একটা হিসাব নিকাশ আছে। ডিনার ফ্রি নয় কিন্তু। আবার ফ্রিতে ব্রেকফাস্ট অফারে হোটেলের প্রতি একটা আকর্ষণও থাকে। তবে হোটেল ভাড়া ইত্যাদি সব কিছু মিলিয়ে মালিকদের একটা হিসাব আছে, যাতে ক্ষতি নেই। যাই হোক আমরা ফলের জুস দিয়ে খাওয়া শুরু করলাম। নানা ধরনের নারকেলের পিঠা, ¯œ্যাকস্, রুটী ইত্যাদি। যতদূর পারা যায় খেয়ে নিলাম। ইতোমধ্যে ঘড়ির কাঁটা মিলিয়ে সকাল ৯ টায় মাহেন্দ্র জয়বর্ধনে হোটেল লবিতে হাজির হয়েছেন। আমরাও আর দেরী না করে গাড়িতে চড়ে বেড়িয়ে গেলাম। মাহেন্দ্র’র গাড়িটি টয়োটা কোম্পানীর একটি কার। আমাদের দেশের মতো শ্রীলংকায়ও জাপানের টয়োটা গাড়ি সবচেয়ে বেশি চলে। দ্বিতীয় স্থানে ভারতের টাটা ও অন্যান্য কোম্পানীর গাড়ি। চীন, কুরিয়া ইত্যাদি দেশেরও আছে। তবে কম। শ্রীলংকার নিজস্ব ব্র্যান্ডের একটি গাড়ি ও বাজারে চালু আছে। ডিসেম্বর মাসেও কলম্বোয় বেশ গরম। গাড়িতে এসি চালু আছে। সকাল বেলায় রাস্তায় চলাচল, ভীড় কম। একটা ফুরফুরে মেজাজ আছে বাতাসে। মাহেন্দ্র জয়বর্ধনে আমাদের নিয়ে কলম্বো চক্করে নামলেন। প্রথমেই সি বীচে বা সমুদ্র সৈকতে যাব। মাহেন্দ্র আমাদের নিয়ে গাড়ি ছুটালেন মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। পুরাতন আর নতুন মিলিয়ে কলম্বো শহর। উপনিবেশ আমলের স্থাপনা যেমন আছে তেমনি আছে আধুনিককালের ইমারত। এ রাস্তা সে রাস্তা ধরে গাড়ি চলতে থাকে। আমার মাথায় তখন অন্য চিন্তা। আমাদের হোটেল বুকিং কাল সকাল পর্যন্ত। এরপর কোথায় থাকব কোথায় যাব কিছুই জানি না। ধারণা ছিল হোটেলে থেকে থেকে বিভিন্ন জায়গায় ঘুরা যাবে। কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। হোটেল ছেড়ে দিতে হবে। পরের দিন হয়তো অন্য কারো জন্য বুক করা হয়ে গেছে। তাছাড়া অন্য শহরে যাওয়ার একটা প্যাকেজ দরকার। এখন তো সব কিছুতেই প্যাকেজ’র জয়জয়কার। মাহেন্দ্র আগেরদিনই আমাদের বলে রেখেছিল ঘুরতে হলে আমাকে জানাবেন। এবারে আমাদের সময় ও সাধ্যের কথা নিয়ে আলাপ শুরু করলাম মাহেন্দ্র জয়বর্ধনের সঙ্গে। গাড়ি চালাতে চালাতে মাহেন্দ্র মোবাইল ফোনে আলাপ করলেন মূল ট্রাভেল এজেন্ট ফ্রেডরিক এর সঙ্গে। ফ্রেডরিক সাহেব খ্রিস্টান। আমাকেও উনার সঙ্গে কথা বলিয়ে দিলেন। অনেক জায়গায় যাওয়ার ইচ্ছার কথা জানালাম উনাকে। যেমন, ক্যান্ডি, গল, অনুরাধাপুর, এডামা’স্ পিক, ডাম্বুলা, শৈল শহর নোয়ার এলিয়া ইত্যাদি স্থান। ফ্রেডরিক জানালেন এতো স্বল্প সময়ে এতো জায়গা হবে না। তার উপর ডলার লাগবে প্রচুর। হোটেল বুকিং কনফার্ম না করে কোথাও বেরুনো যাবে না। এতএব ফোনে ফোনে একটা প্যাকেজ ঠিক করে দিলেন ফ্রেডরিক। যথা=কলম্বো থেকে ক্যান্ডি। সেখান থেকে শৈল শহর নোয়ার এলিয়া। এই দুই শহরের আকর্ষণ আলাদা। ফেরার পথে ক্যান্ডি হয়ে আবার কলম্বো। নতুন হোটেলে অবস্থান। ভোর রাত্রে বিমানবন্দর হয়ে ঢাকা যাত্রা। কার বা ট্যাক্সির ভিতরেই ডিল সমাপ্ত হলো। চারশত নব্বই ইউএস ডলার ফ্রেডরিকের কথামতো তুলে দিলাম মাহেন্দ্র’র হাতে। অবশিষ্ট আর বিশেষ কিছু রইল না। যা থাকে কপালে, এবারে নিশ্চিন্ত। গাড়ি একটি সরু রাস্তা ধরে উঠে গেল মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভ বলতে সহজে যা বুঝায় তা হলো সমুদ্রের পাশ দিয়ে গাড়ি চলাচলের প্রশস্ত রাস্তা। গাড়ি ছুটছে হু হু করে। পাশে নীল ভারত মহাসাগর। লীলায়িত ভঙ্গিতে তিনরঙ্গের ঢেউগুলি আছড়ে পড়ছে তটভূমিতে। সড়কের পাশ দিয়ে ট্রেন লাইন। আমরা দেখব বলেই যেন একটি ট্রেন আমাদের পাশে চলতে থাকে। গতি ধীর। আমরা ট্রেন অতিক্রম করে আরো কিছু এগিয়ে থামলাম সি বীচের প্রবেশমুখে। এবারে নামতে হতে গাড়ি থেকে। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক