- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ কাহিনী- মালদ্বীপ, শ্রীলংকা-সাত দিনের সাতকাহন-৯

স্বপন কুমার দেব
কলম্বোয় দিনের দ্বিতীয় ভাগ
গাড়ী থেকে নেমে বালুকাময় সমুদ্র তটে হেঁটে হেঁটে এগিয়ে চললাম সাগরের দিকে। মালদ্বীপ থেকে শ্রীলংকা ক’দিন ধরেই চলছে সাগরের সঙ্গে বসবাস। যেখানেই যাচ্ছি সেখানেই ঘুরে ফিরে সাগর। উপরে আকাশ। আকাশ যেমন উদার হতে শিক্ষা দেয় তেমনি সাগরও কিছু কম যায়না। পৃথিবী নামের গ্রহে স্থালভাগ থেকে জলভাগের পরিমাণ অনেক বেশী। আর জলভাগের বেশিরভাগই দখল করে আছে সাগর ও মহাসাগর। সাগর দেখতে দেখতে একঘেয়ে কিংবা বিরক্তি ভাব আসে না। সাগর অনন্ত অসীম। গভীর থেকে গভীরতর। সাগরে প্রচুর সম্পদ। দু’হাত ঢেলে সবাইকে দিতে কোন আপত্তি নেই। মহৎ হৃদয়ের অধিকারী হতে সাগর আমাদের শিক্ষা দেয়। কিন্তু আমরা তা হতে পারি না। সারা বিশ্বে সাগর নিয়ে চলছে কাড়াকাড়ি। যুদ্ধে যুদ্ধে  ক্লান্ত হয়ে সাগর যদি একদিন শুকিয়ে যায় তাহলে কি হবে ভাবা যায় না। মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে হলে সাগরকে বাঁচিয়ে রাখতে হবে। হাঁটতে হাঁটতে চলে এলাম সাগর প্রান্তে। চারিদিকে লক্ষ্য করে দেখলাম। বিভিন্ন সময় বিভিন্ন সাগর সৈকতে ভ্রমন করার সুযোগ হয়েছে। কিন্তু আমাদের দেশের কক্সবাজারের মতো বিস্তৃত ও সুন্দর সৈকত এ পর্যন্ত পাইনি। তবে কলম্বো, মালদ্বীপ ইত্যাদি স্থানের সাগর জলের রং এর ছটা আকর্ষণ বাড়িয়ে দেয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার সামান্য কিছু নিচুতে অনবরত ঢেউ এসে আছড়ে পড়ে ঝিনুক ছিটিয়ে দিয়ে আবার চলে যাচ্ছে। পেছন পেছন আসছে আরেক ঢেউ রাশি। অনেকেই পা ভিজাচ্ছেন। আমরা পাথর খন্ডের গা বেয়ে নিচে নেমে যাই। জুতো খুলতে খুলতে আর প্যান্ট উপরের দিকে গুটানোর আগেই ঢেউ এসে সবকিছু ভিজিয়ে দিয়ে চলে গেল। ভিজে যাওয়ার বিরক্তি থেকে আনন্দ অনেক বেশী। আমাদের ফটো তুলে দিলেন মাহেন্দ্র। আমরা নিজেরাও তুললাম কয়েকটা। দূর সমুদ্রে বোট ও ছোট ছোট প্রমোদ তরী নিয়ে ঘুরছেন অনেকেই। সমুদ্রের আকর্ষণ দুর্বার। অদূরে বন্দরের স্থাপনা দেখা যায়। কাজকর্ম চলছে। মনে হয় সমুদ্রকে বেশী শাসন করা ঠিক না। সমুদ্র আর নদীকে আপন গতিতে চলতে দেয়াই ভালো। প্রাচীনকাল থেকে সমুদ্র ও নদী বন্দর ছিলো। এখনও থাকবে। তবে জলরাশির নিজস্ব স্বকীয়তা ও গতিধারা একই সঙ্গে বহাল থাকা উচিত। বজায় থাকুক সৃষ্টির তৈরী জল ও স্থলের ভারসাম্য। বেশ কিছু সময় সমুদ্র সৈকতে ঘুরাঘুরি করতে করতে কেটে গেলো। সূর্য্যরে তাপ ক্রমশ: তেতে উঠছে। প্রচুর গরম ডিসেম্বর মাসে। যেন আমাদের দেশের গ্রীষ্মকাল। মাহেন্দ্র জয়বর্ধনের গাড়ীতে চড়ে রওয়ানা দিলাম। এদিকে মনে মনে একটা উতলা খচখচ চিন্তা। চারশত নব্বই ডলার তো নগদ দিয়ে দিলাম মাহেন্দ্র সাহেবের হাতে। কোন রশিদ বা কাগজপত্র নাই। ফ্রেডরিক সাহেবকে ও দেখলাম না। বিদেশে বসে কারবার। লোকজনই বা কেমন কে জানে। গাড়ী চলছে। মাহেন্দ্রকে বললাম এবার কোথায় যাচ্ছি। উনি বললেন চলুন একটু অফিস পাড়া ঘুরে আসি। ঘুরতে ঘুরতে চলে এলাম একটা বাণিজ্যিক এলাকায়। আধুনিক আর বহুতল বিশিষ্ট সারি সারি ইমরাত দন্ডায়মান। সেদিন ছিল শনিবার। ভর দুপুরে অনেক অফিসই ছুটি হয়ে গেছে। বেশ একটা শান্ত ভাব। মাহেন্দ্র গাড়ী পার্ক করে একটা অফিসের একতলায় আমাদের নিয়ে ঢুকে গেলেন। পরিপাটী সাজানো একটা ট্র্যাভেল অফিস। সেখান থেকে কিছু কাগজপত্র নিয়ে লিফ্টে আমাদের নিয়ে উপরে উঠে গেলেন আরেকটি ছোটখাটো অফিসে। আরো কিছু কাগজপত্র নিয়ে আবার নিচে। গাড়ীতে উঠার আগে দুটো খাম আমাকে দিয়ে হাসলেন। আমি খুলে দেখি একটি হলো চারশত নব্বই ডলারের পাকা রশিদ। অন্য কাগজগুলো হলো ক্যান্ডি      ও নোয়ারএলিয়ার হোটেল বুকিং এর কাগজ ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র। মনে মনে কিছুটা যেন লজ্জিত হলাম। মাহেন্দ্র জয়বর্ধনে কি আমার মনের কথা বুঝতে পেরেছিলেন। কিংবা হয়তো এগুলিই তাদের নিষ্ঠাবান পেশাদারিত্বের অংশ। দুটোই হতে পারে। তবে ফ্রেডরিক সাহেবের সঙ্গে আর দেখা হলো না। তিনি অফিসে ছিলেন না। কিন্তু সব ব্যবস্থা ঠিকঠাক করে দিয়ে যান। এবারে যাব একটি বৌদ্ধ মন্দির দেখতে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ভারতবর্ষের উত্তরাঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রবর্তন হওয়ার পর ভারতবর্ষ থেকে ক্রমশ: তা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। স¤্রাট অশোক যুদ্ধ জয়ের পর রক্তপাত দেখতে দেখতে ক্লান্ত হয়ে যান। মনে আসে বৈরাগ্য ভাব। অহিংসার নীতিতে আকৃষ্ট হয়ে স¤্রাট অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। একের পর এক রাজ্য জয়, যুদ্ধ বিগ্রহ ত্যাগ করে স¤্রাট অশোক শান্তি ও সেবার ললিত বাণী সর্বত্র ছড়িয়ে দেন। স¤্রাট অশোকের আমল থেকেই সর্বত্র বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে এবং ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে দেশে দেশে ছড়িয়ে পড়ে। তৃতীয় শতকে শ্রীলংকায় বৌদ্ধ ধর্মের আগমন ঘটে। স¤্রাট অশোকের  পুত্র মাহিন্দা ভিক্ষু শ্রীলংকার অনুরাধাপুরে বোধি বৃক্ষ নিয়ে এসে স্থাপন করেন এবং বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন। গড়ে উঠতে থাকে বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় স্থাপনা ও মন্দির। ক্রমে ক্রমে মাহিন্দা ভিক্ষু শ্রীলংকার স্থানে স্থানে অনেক গুলি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। লোকজন ও বৌদ্ধ ধর্মের প্রতি প্রতি আকৃষ্ট হয় এবং দলে দলে এই ধর্ম গ্রহণ করেন। কথিত আছে শ্রীলংকায় একজন বৌদ্ধ রাজা বর্তমান আফগানিস্থানের কাবুল এর নিকটবর্তী একটি স্থান থেকে অনেক বৌদ্ধ সন্ন্যাসীকে অনুরাধাপুরে নিয়ে আসেন। ফলশ্রুতিতে শ্রীলংকায় বৌদ্ধ সাহিত্য চর্চার যথেষ্ট উন্নতি ঘটে এবং ভিক্ষুরা বিভিন্ন দেশ ভ্রমণ করে বৌদ্ধ সাহিত্যের ভান্ডার সর্বত্র বিস্তার লাভ করাতে সমর্থ হন। শ্রীলংকায় বৌদ্ধ ধর্মের শুরুতে তিন জায়গায় প্রথমে বৌদ্ধ মঠ গড়ে উঠে। তারমধ্যে অনুরাধাপুর অন্যতম। বৌদ্ধ ধর্মের ভিতরেও বিভিন্ন সম্প্রদায় এবং মত ও পথ ছিল এবং আছে। বিভিন্ন সময়ে চীন থেকে বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন পন্ডিত ব্যক্তি শ্রীলংকা সফর করে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। সংখ্যা গরিষ্ঠ লোকের ধর্ম বৌদ্ধ হলেও এ নিয়ে কোন বাড়াবাড়ি নেই। কলম্বো নগরে বহুতর ছোট বড় বৌদ্ধ মন্দির আছে। এর মধ্যে গঙ্গারামায়া বৌদ্ধ মন্দির অতি সুন্দর। এর পর আছে কেলানিয়া বৌদ্ধ মন্দির। গঙ্গারামায়া বৌদ্ধ মন্দিরে সোনার তৈরী বৌদ্ধ মূর্তি স্থাপিত আছেন। কাঠের তৈরী দরজা এবং যাবতীয় সাজসজ্জা অত্যন্ত জঁমকালো, আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন। মন্দির কমপ্লেক্সে আছে মিউজিয়াম, লাইব্রেরী এবং সেখানকার কুটির শিল্পের ভান্ডার। যে কোন ধর্মাবলম্বী লোকজন শ্রীলংকায় বৌদ্ধ মন্দির পরিদর্শনে কোন বাধা আপত্তি নেই। আমরা কিন্তু গঙ্গারামায়া মন্দির পরিদর্শনে যাচ্ছি না। হাতে সময় কম। মাহেন্দ্র আমাদের নিয়ে যাবেন ধারে কাছে ছোট একটি মন্দিরে। কথা রইলো ক্যান্ডিতে গিয়ে সেখানকার বিখ্যাত বৌদ্ধ মন্দির প্রথমেই পরিদর্শন করব। রাস্তায় চলতে চলতে মাহেন্দ্র নানা জিনিসের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। রাস্তায় পড়লো সিংহলী ক্রিকেট এসোসিয়েশন কমপ্লেক্স। সবাই জানেন শূন্য থেকে শুরু করে ক্রিকেট বিশ্বে শ্রীলংকা এক পরাশক্তিতে পরিণত হয়েছে। ইতোমধ্যে একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। অতীতে একসময়ে ক্রিকেট দুনিয়ায় শ্রীলংকার কোন নাম ছিল না। কিন্তু প্রচন্ড পরিশ্রমের ফলে শ্রীলংকান ক্রিকেট এখন যে স্থানে পৌঁছেছে সেখানে সবাই শ্রীলংকান ক্রিকেটকে সমীহ করেন। আমরা পৌঁছে গেলাম বৌদ্ধ মন্দিরে। ভিতরে ঢুকতেই শান্ত সমাহিত ভাব। গৌতম বৌদ্ধের মূতি যেন জীবন্ত। যত জায়গাতেই বৌদ্ধ মন্দিরে গিয়েছি সর্বত্রই গৌতম বুদ্ধের মূর্তি পানে একবার তাকালে শুধু তাকিয়ে থাকতেই ইচ্ছে করে। বাইরের বাগানে আছে বাতি জ্বালানোর বড়সড় উঁচু বেদী। অনেক ভক্ত যার যার আপন মনে নীরবে মোমবাতি প্রজ্জলন করে দিচ্ছেন। কেউ ফুলের ডালা সাজিয়ে দিচ্ছেন। আমরাও মোমবাতি জ্বালিয়ে দিলাম। কিছুক্ষণ অবস্থান করে মন্দির থেকে বেরিয়ে আবার গাড়ীতে। এবারের গন্তব্য কলম্বোর বিখ্যাত ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়েল হল্। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথা সাহিত্যিক

  • [১]