রোকেস লেইস
(পূর্ব প্রকাশের পর)
ফেরার পথে জীপ থামলো এবার বৌদ্ধ টেম্পল ঘুম মনাষ্ট্রি, নেমেই দেখি একটা ভিন্ন মাত্রার প্রস্তুতি চলছে, জানা গেলো আজ (২১’মে) বৌদ্ধ পূর্ণিমা, মঠে থাকা ভিক্ষুরা সারি বেঁধে শহর প্রদক্ষিণে বের হবার প্রস্তুতি নিচ্ছে। অনেকক্ষণ জুড়ে উপর নীচ সহ পুরো টেম্পল ঘুরে ফিরে দেখা হলো। সেখান থেকে হোটেলে পৌঁছে দিয়ে ড্রাইভার জনপ্রতি দুশো রুপী ভাড়া বুঝে নিয়ে, বিদায় নিলো। ভোর থেকে এতোটাই মনোমুগ্ধকর কাটলো আর সকালের স্বচ্ছ ঝলমল রোদ যেনো বাইরে বেড়ানোকেই উৎসাহিত করছে, রুমে ঢুকে ঝটপট কাপড় চেন্জ করে ব্যাগ গুছিয়ে ম্যানেজার এর কাছে জমা দিয়ে বেরিয়ে পড়লাম। বারোটায় চেক আউট, যদি ফিরতে দেরী হয় তাহলে অযথাই ভাড়া গুনতে হবে, তাই এ ব্যবস্থা। সকালের নাস্তা শেষ হতে না হতেই আগের দিনের ভুটানী ড্রাইভার ‘জিয়াং মামা’ ফোন করলো, নাস্তা শেষ করে বেরুতেই দেখা হলো। বললাম রুপওয়ে যাবো, ভাড়া চাইলো চার শ’ রুপী। আগের দিন ঘুরে আসায় বুঝতে পারলাম ভাড়াটা বেশী চাচ্ছে, আপত্তি করলাম। লোকটি ভালোই বলতে হয়, হাসি দিয়ে নীচে দেখিয়ে দিয়ে বললো জনপ্রতি দশ রুপীতে জীপে যেতে পারবেন। সে মতে নীচে নেমে জীপে চড়লাম, অল্প সময়েই রুপওয়ের কাছে পৌঁছে গেলাম। জীপ থেকে নেমে খানিক পথ হেঁটে সিড়ি বেয়ে উপরে উঠে দেখি ইতিমধ্যেই বেশ লম্বা লাইন। গতকাল সবকিছু ছিলো মেঘে ঢাকা। আর, আজ সবকিছু এতোই স্বচ্ছ ছবির মতো যে চড়ার আগেই ভিন্ন এক ভালোলাগার আবহ মন ছুঁয়ে দিচ্ছে। দেরী না করে লাইনে দাঁড়ালাম, ঐ একটা বিষয় এড়িয়ে যাবার কোন সুযোগ নেই। যে আগে আসবে সে আগে যাবে কিন্তু লাইনকে পাশ কাটিয়ে নয়। যে যতো বড় রথী মহারথী হোন না কেনো লাইন মানতেই হবে, কোনো বিকল্প নেই। লাইনটা ধীরে ধীরে এগুচ্ছে সামনে কাউন্টার থেকে টিকেট নিয়ে, ঐ লাইনটাই পরবর্তী অংশে চলে গেছে কার্ট(Cart) পর্যন্ত। টিকেট হাতে পেলাম, আমাদের সামনে একটি পরিবার ছোট্ট দু’টি ছেলেমেয়ে ও স্ত্রী, ভদ্রলোক ডাক্তার। এদের সাথে টুকটাক কথা হচ্ছে, উনারা এসেছেন চেন্নাই এর পন্ডিচেরী থেকে, এবার দু’দিকে রেলিং ঘেরা পথের পরই (Cart)কার্ট-এ চড়া। এমন সময়ে মুম্বাই থেকে আসা ১৪/১৫ জনের একটি পরিবার অনেকটা জোড় করেই আমাদের সামনে লাইনে ঢুকে পরলো। অনেকেই প্রতিবাদ করলেও খুব জুড়ালো নয়। কিন্তু ডাক্তার গিন্নী প্রতিমা’ এটা মানতে পারলেন না। তিনি গিয়ে ব্যবস্থাপনার লোকজনকে ডেকে আনলেন। আঠারো বিশ বৎসরের অতি সাধারণ একজন কর্মচারী এসে বিষয়টি জানতে চাইলে, বোম্বে ওয়ালারা প্রচন্ড চেঁচামেচি হম্বিতম্বি করে বোঝাতে চাচ্ছিল কোনো অবস্থায়ই পিছু হটবে না। ছেলেটি বোম্বে ওয়ালাদের টিকেট দেখলো, আমাদের টিকেট দেখলো। তারপর অবিশ্বাস্য রকম শান্ত অথচ দৃঢ়তায় ওদের পিছনে আসতে কমান্ড করলো, আর ঐ লোকগুলো কোনো উচ্চবাচ্য না করে পিছু হটে আসলো। এ’তে বিস্মিত হলাম, দেখতে অভ্যস্ত নই বলে। ওদের টিকিটের সিরিয়াল ছিলো আমাদের পরে, আর ছেলেটি বলেছিল পিছনে না এলে পুলিশ ডাকবে, ব্যস সকল হম্বিতম্বি নিমিষেই ফুরুত। আমরা ছ’জন এক সাথে কার্টে(Cart)-এ উঠলাম। ধীর লয়ে তার বেয়ে সামনে যাচ্ছি, নীচে নামতে নামতে চারিদিকের মন জুড়ানো দৃশ্য, কোনটা ছেড়ে কোনটা দেখি, চা বাগান, ফুল বাগান,বড় বড় বৃক্ষাদি সবুজময়,পাহাড়ের বুক বেয়ে নামা জল, টলমল অপূর্ব। আড়াই কিলোমিটার নীচে গিয়ে থামলো, ওখানে নামতেই হবে,আমরাও নামলাম। চা নাস্তা, কফির সুন্দর আয়োজন, বসার সুব্যবস্থা আছে। পছন্দ মতো হাল্কা নাস্তা সেরে, ফিরতি পথে উপরে উঠতে থাকার অভূত এক ভিন্ন আমেজ। অনেকক্ষণ একসাথে থাকায় ডাক্তার পরিবারের সাথে সম্পর্কটা এমনই হলো,যখন বিচ্ছিন্ন হওয়ার প্রশ্ন আসলে, ক্যামন যেনো খারাপ লাগছিলো। ওরা যাবে প্যাকেজ ট্রিপের জীপে এখান থেকে চিড়িয়াখানায়। আমরাও সেখানেই যাবো, তবে মিনিট দশেকের হাঁটা পথে পাহাড়ের উপর দিয়ে ভিন্ন রাস্তায় ,তাই বিচ্ছিন্ন হতে হলো। হেঁটে হেঁটে ডান বায়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়ে টিকিট করতে যাবো তখনই দেখি ওরাও এসে গেছে, এক অন্য রকম ভালোলাগা যেনো। ওদেরও টিকেট নিলাম একসাথেই ভিতরে ঢুকলাম। ডাক্তার বাবু পানির বোতল স্ন্যাক্স ইত্যাদি নিয়ে এলেন। ঢাল বেয়ে উপরে যেতে যেতে সাপ,পাখী, পশু দেখা হচ্ছিল, আনন্দ হচ্ছিল বাচ্চাগুলো থাকায়, সত্যিই ভালো লাগছিলো, বাচ্চাদের আগ্রহ উৎসাহে শরীক হয়ে। রেড পান্ডা দেখা হলো গাছের বড় ডাল জড়িয়ে বসে আছে। তবে, পশু পাখিগুলোর অবস্থা সত্যিকার অর্থে দর্শনযোগ্য ছিলো না। রয়েল বেঙ্গল টাইগার কাহিল হলেও দর্শনীয়, আর ঝোপের আড়াল থেকে বেরিয়ে গুরুগম্ভীর আওয়াজ দিয়ে আবারো ঢুকে যাচ্ছিলো,বেশ ক’বার আসলো গেলো। ভাবটা যেনো এমন, দেখতে এসেছো যখন ভালো করে দেখে নাও। পাশের টিলা মতো জায়গায় দু’টো ভালুক বেশ গভীর পরিখার পর ওয়াল ঘেরা স্থানে ঘুরে বেড়াচ্ছে। ভালুকটা ‘কাছে আসতেই ছবি নিচ্ছি, যেনো বুঝতে পেরেই সেও দাঁড়িয়ে এদিক ওদিক মাথা ঘুরিয়ে পোজ দিতে লাগলো।
সময়ের কারণে ফিরে আসার তাগিদে ডাক্তার পরিবারের নিকট থেকে বিদায় নিতে সত্যি খুবই কষ্ট হচ্ছিল । স্বল্প পরিচয়, তবু যেনো কতো আপন। বারবার ফিরে ফিরে দেখা আর যতদূর দেখা যায় ওরা’ও এক দৃষ্টে তাকিয়ে হাত নাড়ছে। চেনা নেই জানা নেই পথ চলায় ক্ষণিকের পরিচয়, হাজার হাজার মাইল দূরের চেন্নাই পন্ডিচেরী’র ভিন্ন ভাষা ভিন্ন চালচলন ভিন্ন রুচি প্রকৃতির মানুষগুলো মনের গভীরে স্থায়ী হয়ে আত্মার আত্মীয় হয়ে থাকলো। চিড়িয়াখানা থেকে ফিরতি জীপে হোটেলের নিকটে এসে, সোজা রেষ্টুরেন্টে খাওয়া সেরে হোটেলে ফিরলাম। রিসিপশন থেকে ব্যাগ নিয়ে নীচের ষ্টপেজে নেমে ফেরার গাড়ি খুঁজছি, পেয়ে গেলাম, ভিন্ন রাস্তা দিয়ে ফিরবে মীরিক হয়ে, আমরাও এটাই চাচ্ছিলাম, এতে দু’টো পথই দেখা হবে। সামনের সিট নিয়ে বসলাম, অল্প সময়ে প্যাসেঞ্জার হয়ে যাওয়ায় গাড়ি ছাড়লো। এবার ঢালের পথেই গাড়ি নামছে পাশ দিয়ে রেল লাইন। সন্ধ্যা হয়ে আসছে আবারো বৃষ্টি নামলো, দূর পাহাড়ের গা’ ঘেষে সূর্য ডুবতে থাকায় আলোছায়া থেকে একটু একটু করে গাঢ় অন্ধকার। পাহাড়ের গা’ জুড়ে জোনাকির মতো ছড়িয়ে ছিটিয়ে জ্বলতে থাকলো বিজলী বাতি,সে এক অন্য রূপ কোথাও অনেক উপরে শুধু একটিই বাড়ি সেখানে জ্বলছে বিজলী আবার অনেক নীচের একটি বাড়ি সেখানেও বিজলীর আলো । বিজ্ঞানের সুবিধা প্রতিটি নাগরিকের সেবায় পৌঁছে দেয়ার এ নজির অনুকরণীয়। আলোর ছটায় রাতের পাহাড় দেখা হলো, অন্য রকম বিস্ময়ে ভালোলাগায়। আমাদের জীপের পাশ ধরেই পাশাপাশি চলছে টয়ট্রেন কখনো সামনে আবার কখনো পিছনে, এ যেনো চড়তে না পারলেও দেখার কমতি যেনো না থাকে, সে রকমের কোন আয়োজন। অনেকক্ষণ এভাবে চলার পর আমাদের জীপ অনেকটাই সামনে চলে আসে। পাহাড়ের চড়াই উৎড়াই ধরে উঠা নামা করেই পথ চলতে হলেও অনাকাঙ্ক্ষিত কোন ঝাঁকুনি ছিলো না ,পথের পুরোটাই পীচ ঢালা সত্যিকার অর্থেই মসৃণ। শিলিগুড়ি শহরের সেবক মুড়ে এসে দার্জিলিং সফর শেষ হলো । ওখান থেকে টাউন বাসে চড়ে বিধান মার্কেটে এসে টট’র জন্য অপেক্ষা। টট আর রতন, দু’টোর পরিচয় না থাকলে অনেকটাই অসম্পূর্ণ থাকে। টট’ আমাদের দেশের ব্যাটারি বাইক বা ইজি বাইক হুবহু এক, আর রতন টট’ চালক। শহরের মূল সড়কে টট’ চলা নিষেধ, কিন্তু অলিগলিতে চলতে পারে আর এক্ষেত্রে রতন খুবই পটু। প্রথম দিন শিলিগুড়ি নেমেই রতনের টট’ চড়ে মানিকের শিবরাম পল্লীর বাসায় পৌঁছি। বছর ত্রিশের সদা সহাস্য কর্মঠ যতœশীল অনর্গল কথাবলা সুঠাম দেহী মানুষ রতন। যে, টট’ চালায় আর, যাত্রীসহ পথ চলা এর ওর সাথে কথা বলে, আর চলার পথে প্রায় সারাক্ষণই হর্ণ বাজায়। এই রতন’ই দার্জিলিং এর জীপে তুলে দিয়ে খুবই আন্তরিকভাবে ড্রাইভারকে বুঝিয়ে দিয়েছিলো যাতে হোটেলের রাস্তা দেখিয়ে দেয়। রতন এসেই ব্যাগ টট’তে তুলেই জানতে চাইলো, কোন অসুবিধা হয়েছে কি-না,সবকিছু দেখা হয়েছেতো! মানিকও কাছাকাছিই ছিলো। এক সাথেই বাসায় ফিরতে টট’তে উঠলাম। ট্রেনের টিকেট করে নেয়া দরকার সে বিবেচনায় খোঁজ নিতে গিয়ে দেখি,রাজধানী বা অন্য কোন এক্সপ্রেস ট্রেনের টিকিট এক সপ্তাহের আগে নেই, যাতে বেশ বিপাকে পরে যাবো মনে হলো,তবে মানি এক্সচেঞ্জ রিসিট সাথে থাকলে বিদেশী কোটায় টিকিট পাওয়া নিশ্চিত ছিলো,যা ভুলবশতঃ নেয়া হয়নি। এ অবস্থায় সমাধান একটা হলো ‘গরীবরথ’ এক্সপ্রেস যা সপ্তাহে একদিন কোলকাতা থেকে গোয়াহাটি চলাচল করে, তার দু’টো টিকিট পাওয়া গেলো তাও একদিন পর। এতে জলপাইগুড়ি, হলদি বাড়ি, হেমকুমারীর বরাদ্দ দিন কমে গেলো। পরদিন হলদি বাড়ি যাবো, রতন জানিয়ে দিলো সাড়ে আটটায় ট্রেন,ভোরে এসে ডাকবে বলে বিদায় নিলো। ভোরে প্রস্তুত হয়ে বেরিয়ে পরলাম এনজিপি’র উদ্দেশ্যে। রতন এ’গলি ও’গলি করে দীর্ঘ ঘুরেফিরে ষ্টেশনে পৌঁছালো। টিকেটের লম্বা লাইন, বাবা মেয়ে দু’জন দু’ লাইনে দাঁড়ালাম যে আগে পাই। দেখি রতন ডাকছে, যেতে ইশারা করছে, লাইন ছাড়বো কি-না ভাবছি, তার তাগাদা দেখে লাইন ছেড়ে এগিয়ে যেতেই, খুলতে যাওয়া কাউন্টারে দাঁড় করিয়ে দিলো, এখানে আমিই প্রথম, রতনের দূরদৃষ্টিতে সহজেই টিকেট পেয়ে গেলাম। মাইকিং শুনে ট্রেনের অবস্থান জেনে দীর্ঘ ফ্লাই ওভার পেরিয়ে নির্দিষ্ট প্লাটফরমে গেলাম, মানিক সাথে থাকায় বিষয়টি সহজ হলো, গিয়ে জানলাম ট্রেনটি এক ঘন্টা পর ছাড়বে। এইমাত্র যে ট্রেনটি ছাড়বে তাতে করে জলপাইগুড়ি রোড ষ্টেশনে পৌছে টেম্পু বা বাসে জলপাইগুড়ি, সেখানে ঘুরেফিরে একঘণ্টা পর এখান থেকে ছাড়া ট্রেনটি যদি পাই তবে সে’টাতে, না পেলে বাসে চলে যাওয়া যাবে, এজন্য আলাদা কোনো টিকিটও করতে হবে না। মন্দ হয় না,বসে থাকার চেয়ে চলাই ভালো, ওদের থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে বসলাম।চলবে