স্বপন কুমার দেব
হরিদ্বার-ঋষিকেশ-কনখল
নীল পর্বতের চূড়ায় দেবী চন্ডীর মন্দির। পর্বতের পাদদেশে আছি আমরা। গন্তব্যে পৌঁছার জন্য রোপওয়ে/রজ্জু পথ। ক্যাবল বা মোটা তারে ঝুলন্ত ক্যাব/বসার আসন। ঝুলে ঝুলে যেতে হয়। একেই বলে রোপওয়ে। আমাদের ভোলাগঞ্জে পাথর বহনকারী একটি রোপওয়ে ছিল। তা এখন অকেজো। নীল পর্বত চূড়া ৯৫০০ ফুট উঁচুতে। এক ল্যানডিং স্টেশন থেকে অপর ল্যানডিং স্টেশন এর দুরত্ব আকাশ পথে ২৪৩০ ফিট। তেমনি উচ্চতা ৬৮২ ফিট। টিকেট কেটে ভেতরে চলে এলাম রোপওয়ে স্টেশনে। জোড়া টিকেট। আরেকটি মনসা দেবীর মন্দিরের জন্য। সেটিও রোপওয়ে। তবে গঙ্গার অপর পাড়ে। লাইন দিয়ে লোকজন দাঁড়ানো। প্লাটফর্মে একের পর এক চেয়ার ক্যাব গুলি নামছে। একদিকে যাত্রীরা নামছেন আর নতুন যাত্রী স্টেশন থেকে বেরিয়ে শূন্যে উঠে যাচ্ছে। পরিবেশ অনেকটা মহাকাশ যাত্রার স্টেশনের মতো। আমাদের পালা এসে গেলে আমরা উঠে গেলাম ক্যাবে। অনেকেই আপনারা বিভিন্ন বড় পার্কে নাগরদোলা রাইডে চড়েছেন। ক্যাবগুলি সেরকমই। দুটি করে মুখোমুখি চারটি আসন। চারদিকে অর্ধেক পর্যন্ত হালকা ধাতব দেয়াল তোলা আছে। তার উপরে গ্রিলের খাঁচা। মাথার উপরে হালকা আচ্ছাদন। আমরা দু’জন একদিকের আসনে বসে পড়ি। অপরদিকে একজোড়া কম বয়সী স্বামী স্ত্রী। ঝকঝকে তরুণ-তরণী। তরুণী মায়ের কোলে ফুটফুট কন্যা শিশু। ঘরঘর শব্দ করে ট্রলি লাইনের উপর দিয়ে চলতে চলতে ক্যাব ঝাঁপ দিল শূন্যে। অত:পর তারে ঝুলে ঝুলে সামনে এগুতে থাকা। আমাদের সামনে পিছে আরো ক্যাব আছে। ফিরতি পথে ভিন্ন তারে ঝুলে নেমে আসছে অপর দিকের ক্যাবগুলি। রোমাঞ্চকর অভিজ্ঞতা। এত উঁচুতে তার উপর চারিদিকে খোলা আকাশ। দু’পাশে পাহাড়-পর্বত আর সবুজ বনরাজি। নিচে পাহাড়ী সমতল। কোনভাবে তার ছিঁড়ে পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। দুর্ঘটনার রেকর্ড আছে কিনা জানা নেই। এসব না খোঁজাই বরং স্বস্তিকর। সহযাত্রী ছেলে মেয়েদের সঙ্গে আলাপ হলো। শিশু বাচ্চাটির চোখে মুখে কোন ভয়ের চিহ্ন নেই। একবার মায়ের কোলে, আরেকবার বাবার কোলে। ওরা অবাঙ্গালী, মুম্বাই থেকে এসেছে। রজ্জু পথে চলতে চলতে হঠাৎ নিশ্চল হয়ে যায় ক্যাবগুলি। আতংকের ¯্রােত বয়ে গেল শরীরে। আকাশযানগুলিতে একটা মৃদু কোলাহল উঠেছে। হয়তো ইলেক্ট্রট্রিসিটি বন্ধ হয়ে গেছে, কিংবা সামনে কোন দুর্ঘটনা ঘটেছে। হতে পারে এমন যে তার ছিঁড়ে আমরা এবার নিচে পড়ে যাবো। এলোমেলো বাতাস উঠেছে। তবে কিছুই ঘটলো না। মিনিট খানিকের স্তব্ধতা কেটে গিয়ে সব কিছু সচল হলো আবার। স্বস্তির ধ্বনি উঠলো। একসময় নীল পর্বত স্টেশনে অবতরণ। মনে ভিন্ন স্বাদের ভিন্ন অনুভূতি। সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরে, দেবী চন্ডীর মন্দিরে। দেবী চন্ডী বা চন্ডিকা দেবী হলেন শক্তির প্রতীক। হাজার হাজার বছর আগে শম্ভু ও নিশম্ভু নামের দুই অসুর দেবতাদের হটিয়ে দিয়ে স্বর্গরাজ্য দখল করে নেয়। দেবরাজ ইন্দ্র ও অন্য দেব-দেবীগন স্বর্গ উদ্ধারের জন্য দেবী পার্বতীর (দুর্গা) সাহায্য লাভের আশায় কঠিন তপস্যায় ব্রত হন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী পার্বতী, চন্ডী দেবী রূপে আবির্ভূত হন। দেবী চন্ডী ছিলেন পরমা সুন্দরী। দেবী চন্ডী শম্ভু ও নিশম্ভু’র কাছে গেলে অসুর শম্ভু, দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। দেবী চন্ডী তা প্রত্যাখ্যান করলে শম্ভু তার সেনাপতি চন্ডা ও মুন্ডাকে পাঠায় দেবীকে নিধন করতে। দেবী চন্ডী রাগে অগ্নিমূর্তি ধারণ করলে সেই তেজ থেকে চামুন্ডা নামে’র এক মহাবীর যোদ্ধার সৃষ্টি হয়। চামুন্ডা, অসুর শম্ভু ও নিশম্ভুকে বধ করেন। অত:পর দেবী চন্ডী রূপী পার্বতী কৈলাশ পর্বতে ফিরে যাওয়ার পথে এই নীল পর্বত চূড়ায় কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। নীল পর্বত চূড়ায় চন্ডী দেবী প্রতিষ্ঠিত হওয়ার পেছনের কাহিনী এ ভাবেই প্রাচীন গ্রন্থে বর্ণিত আছে। আট শতাব্দীতে আদি শংকরাচার্য্য প্রথমে দেবীর বিগ্রহ স্থাপন করেন। নীল পর্বত ও পাশ্ববর্তী শিবালিক পাহাড় এগুলি হিমালয় পর্বতমালার অংশ। বর্তমান চন্ডী মন্দিরটি নির্মিত হয় ১৯২৯ সনে। কাশ্মীরের রাজা সুচাত সিং এটি নির্মাণ করেন। হরিদ্বারে পঞ্চতীর্থের অন্যতম তীর্থ স্থান হলো নীল পর্বত। শম্ভু ও নিশম্ভু নামে দুটি চূড়াও আছে এ পর্বতে। চন্ডী দেবীর মন্দিরটি সিদ্ধি পীঠস্থান হিসেবেও পরিচিত। এখানে দেবীর কাছে কোন ইচ্ছা মানত করলে তা পূরণ হয়। আমরা আঁকাবাঁকা সিঁড়ির পর সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে উঠতে এক সময়ে একটা শান বাঁধানো চত্বরে থামলাম। সামনেই আরো কয়েক সিঁড়ি উপরে দেবী চন্ডীর মন্দির। এর উপরে আর কোন চূড়া নেই। শুধু অসীম অনন্ত আকাশ। আশেপাশে বিভিন্ন পর্বত শৃঙ্গ। চত্বরে জুতো, ক্যামেরা, মোবাইল জমা দিয়ে ফুল ও প্রসাদের ডালি কিনে দাঁড়ালাম দেবী চন্ডিকার সামনে। একে একে ঘন্টাধ্বনি করে লাইন ধরে ভক্তরা সামনে আসছেন। পূজো দিয়ে মন্দির প্রদক্ষিণ করলাম। চারিদিকে বারান্দা দেয়া। অনেক উপরে আছি আমরা। নিচে আবছায়া জনপদ ও সবুজ বনরাজি দেখা যায়। নয়ন মনোহর দৃশ্য। উত্তরের ঠান্ডা হাওয়া বেগবান। একসময়ে নিচে নেমে আসি। এবারে পাশের পাহাড়ে উঠব। সেখানে অধিষ্ঠিত আছেন অন্জনা দেবীর ও হনুমানজীর মন্দির। চড়াই উৎরাই পেরিয়ে সরু পাহাড়ী পথে পায়ে হেঁটে যেতে হবে উপরে। পাহাড় কেটে সড়ক তৈরী করা হয়েছে। বাঁক আছে। হাঁটতে আমার কষ্ট না হলেও সঙ্গিনীর জন্য কষ্টকর। বুকে চাপ ধরে। তবে কষ্টের চেয়ে দেখার আগ্রহ বেশী। বেশ কিছু উপরে উঠার পর ছোট একটা চত্বর আছে বিশ্রামের জন্য। পাশে রেলিং দেয়া। বসা যায়। তবে ফসকে গেলে গভীর খাদে। সামান্য বিশ্রাম নিয়ে আবার উঠতে থাকি অন্জনা দেবী ও হনুমানজীর মন্দির দর্শনে। হনুমানজীর নাম সবারই জানা। মহাকাব্য রামায়ন খ্যাত হিরো/বীর হলেন রাম সীতা ভক্ত হনুমানজী। রামায়নে হনুমানজীর অনেক বীরত্বের কাহিনীর বর্ণনা আছে। অন্জনা দেবী হলেন হনুমানের মাতা। দেবী অনজনা ছিলেন স্বর্গের অপ্সরা। তখন নাম ছিল পুনজিকাস্তলা। তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন বানরকূলের রাজকুমারী রূপে। বিয়ে হয় বানর রাজা বায়ু/পবন দেবের সঙ্গে। পবনদেব শিব/মহাদেব ভক্ত ছিলেন। মহাদেবের তেজশক্তি পবনদেব অনজনার গর্ভে স্থাপন করলে অন্জনা দেবী গর্ভবতী হন এবং ফলশ্রুতিতে শিব শক্তির তেজ নিয়ে বীর হনুমানের জন্ম হয়। হনুমান এজন্যই অত্যন্ত বলশালী। সংগত কারণেই এই রাস্তায় ও গাছগাছালিতে বানর বা হনুমানদের আনাগোনা অনেক বেশী। যে কোন সময় ঝাঁপিয়ে পড়ে হাতের খাবার, ক্যামেরা, মোবাইল কেড়ে নিতে পারে। সবাই সাবধানে থাকেন। শেষ হলো উপরে উঠা। সামনে পাশাপাশি অন্জনা দেবী ও হনুমানজী’র মন্দির। মন্দির দুটি ছোট ছোট হলেও ভক্তদের আনাগোনা কলরব অনেক বেশি ও বড়। লাইনে দাঁড়িয়ে সবাই পূজো দিচ্ছেন। আমরাও বাদ নেই। পাশের চাতালে কার্নিশের পাশে চলাফেরার ব্যবস্থা আছে। টিলার গাছগুলির ডালপালা চাতালের উপরে নুয়ে আছে। ডালে ডালে ঝুলে আছে হনুমানেরা। কখন হামলা আসবে বলা যায় না। মন্দির দর্শন শেষে আবার রজ্জুপথে ঝুলে ঝুলে নিচে এলাম। গাড়ি ছুটলো গঙ্গার অপর পাড়ে। এবারে মনসা দেবী মন্দিরে যাওয়া হবে। বিলওয়া নামক পর্বতের চূড়ায় মনসা দেবী মন্দির। মন্দিরটি কবে নির্মিত হয় বা কে নির্মাণ করেছিলেন তার ইতিহাস জানা যায়নি। দেবী চন্ডী ও দেবী মনসা দুজনই পার্বতীর (দূর্গা) ভিন্ন দুটি রূপ। চন্ডী ও মনসা সব সময়ে পাশাপাশি অবস্থান করেন। যেমন হরিদ্বারে দুই পর্বতের চূড়ায় দুই দেবীর মন্দির। তেমনি হরিয়ানা রাজ্যেও পাশাপাশি দেবী চন্ডী ও দেবী মনসার মন্দির আছে। বিলওয়া পর্বতের চূড়ায় বলে এটি বিলওয়া তীর্থ বলেও পরিচিত। এটিও হরিদ্বারের পঞ্চতীর্থের অন্যতম। দেবী মনসা একইভাবে চন্ডীর মতই শক্তিরূপিনী দেবী। শিবের হৃদয় বা মন থেকে মনসা দেবীর সৃষ্টি। মনসা দেবী নাগ বা সর্পের (বাসুকী) দেবীর বোন হিসেবে ও বিবেচিত হন। বাংলা অঞ্চলে দেবী মনসা, নাগ দেবী হিসেবে পূজিত হয়ে আসছেন। মনসা/মানসা অর্থ হলো ইচ্ছা পূরণ। এখানে দেবীর সামনে ভক্তরা যে ইচ্ছা ব্যক্ত করেন তা পূরণ হয়। ভক্তবৃন্দ নিজ নিজ কামনা কাগজে লিখে এখানকার একটি বৃক্ষে ঝুলিয়ে রেখে যান। সেই ইচ্ছা পূরণ হলে পরে আবার এসে কাগজটি খুলে নিয়ে যান। চন্ডী দেবীর মন্দির সেজন্য সিদ্ধিপিঠ হিসেবেও খ্যাত। আমরা ‘হর কি পেইড়ী’র বাজার এলাকায় দোকান পাটের অলিগলির ভিতর দিয়ে প্রায় দৌড়াতে দৌড়তে মন্দিরের প্রবেশ পথের গেইটে পৌঁছে যাই। ভিতরে ঢুকে আগের মতোই রোপওয়ে স্টেশন থেকে ক্যাবে উঠে পড়ি। মনসা দেবী মন্দিরের রোপওয়ে বা রজ্জুপথ দৈর্ঘ্যে ১৭৭০ ফিট। উচ্চতা ৫৮৪ ফুট। আগের মতোই অপার নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করতে করতে রজ্জুপথ অবলম্বেনে পৌঁছে যাই মনসা মন্দির কমপ্লেক্সে। এখানে পরিসর কিছুটা কম। একটা আলোছায়া ভাব আছে। এদিকে বেলাও ফুরিয়ে আসছে। এখানে নিরাপত্তার বেশ কড়াকড়ি। এদিক সেদিক চেকিং বেষ্টনি অতিক্রম করে আবার কিছু ভুলপথে এগিয়ে অবশেষে সঠিক পথে রেলিং ধরে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে মন্দির চত্বরে পৌঁছে যাই। ফুল নারকোল দিয়ে পূজো প্রণাম শেষ করলাম। মনসা দেবীর বিগ্রহ দুটি। একটি বিগ্রহ মূর্তি অষ্টহাত বিশিষ্ট। আরেকটি বিগ্রহ তিন মাথা ও পঞ্চ হাত বিশিষ্ট। এছাড়া আরো অনেক গুলি দেব-দেবীর বিগ্রহ আছে। মনসা দেবীর মন্দির চত্বর থেকে নিচে হরিদ্বার শহর ও গঙ্গার মনোরম দৃশ্য চোখে পড়ে। রোপওয়ে অবলম্বনে যখন নিচে নেমে আসলাম তখন সন্ধ্যা প্রায় সমাগত। আবার দৌড়ে দৌড়ে ছুট লাগালাম। যত দ্রুত পারা যায় গঙ্গাঘাটে পৌঁছুতে হবে। ঠিক সন্ধ্যায় শুরু হবে রোজকার বিখ্যাত আরতি। গঙ্গাজলে ভাসবে শতশত প্রদীপ। অপূর্ব পূণ্যময় সেই সন্ধ্যারতি না দেখলে হরিদ্বারে আসাই বৃথা। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক