- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ- বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরাখ-২০

স্বপন কুমার দেব
হরিদ্বার-হৃষিকেশ-কনখল
হৃষিকেশ থেকে হরিদ্বারের দুরত্ব ২৫ কি.মি। হরিদ্বার থেকে কনখলের অবস্থান ৫ কি.মি দূরে। আমরা হৃষিকেশ থেকে হরিদ্বার ছুঁয়ে ছুটছি কনখলের উদ্দেশ্যে। গঙ্গা তীরে ছোট একটি জনপদের নাম কনখল। ছবির মতো সুন্দর আর শান্ত নিরিবিলি। কনখল অতি প্রাচীন এক তীর্থক্ষেত্র। জগৎ পিতা ব্রহ্মার পুত্র রাজা দক্ষের রাজ্যের রাজধানী ছিল কনখল। সমকালীন সময়ে মুনিগণ প্রয়াগ নগরে বিরাট এক যজ্ঞের আয়োজন করেছিলেন। ঐ যজ্ঞে ঋষি, মুনি, রাজা সহ দেবতাগন যোগদান করেন। মহাদেব নিজ পতœী সতী/পার্বতী সহ ঐ যজ্ঞে আসেন। রাজা দক্ষের কন্যা হলেন দেবী সতী। দক্ষ পাত্র মিত্র সহ যজ্ঞস্থলে আস্লে সবাই দাঁড়িয়ে উঠে রাজা দক্ষকে সম্মান প্রদর্শন করেন। কিন্তু ভোলা বালা মহাদেব/শিব না দাঁড়িয়ে নিজ আসনেই বসে থাকেন। জামাতা শিবের এই কর্মকান্ডে রাজা দক্ষ শিবের উপর অত্যন্ত ক্রোধানি¦ত হয়ে শিবকে কটু কথা বলেন। এ ঘটনার পর থেকে রাজা দক্ষ ও শিবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তাদের মধ্যে বাক্যালাপ বন্ধ হয়ে যায়। রাজা দক্ষ কনখলে ফিরে এসে সেখানে এক বিরাট যজ্ঞের আয়োজন করেন। মুনি, ঋষি, দেবতা, রাজন্যবর্গ সবাইকে তিনি যজ্ঞের নিমন্ত্রণ করলেও নিজ কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ থেকে বিরত থাকেন। ঐ সময় সতী দেবী সখীদের নিয়ে গন্ধমাদন পর্বতে বেড়াতে গিয়েছিলেন। দেবী সতী, যজ্ঞে গমনকালীন দেবতাদের দেখতে পেয়ে তারা কোথায় যাচ্ছেন জিজ্ঞাসা করলে দেবতারা যজ্ঞের কথা প্রকাশ করেন। যজ্ঞের কথা শুনে সতীদেবী আশ্চর্য্যান্বিত হয়ে যান। পিতার আয়োজিত যজ্ঞে কন্যা ও জামাতার নিমন্ত্রণ নেই একথা যেন ভাবতেও পারলেন না। অভিমান হলেও দেবী সতী শিবের কাছে গিয়ে পিতার যজ্ঞে যাওয়ার অনুমতি প্রার্থনা করেন। মহাদেব সতীকে অনেক বুঝালেন যে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই। কিন্তু সতী দেবী অনড়। অবশেষে অনুমতি পাওয়া গেল। দেবী সতী চললেন পিতা দক্ষের যজ্ঞ আয়োজনে। সঙ্গে শিবের চেলা নন্দী, ভৃঙ্গি প্রভৃতি। সতী যখন কনখলে পিত্রালয়ে পৌঁছালেন তখন দেবীর সঙ্গে কেউ কথাবার্তা বললেন না। সতী যজ্ঞ স্থলে গিয়ে দেখেন সব দেবতারাই স্ব স্ব আসনে সমাসীন আছেন। কিন্তু স্বামী শিবের জন্য কোথাও কোন আসন নেই। দেবী সতী স্বামীর এই অবমাননা সহ্য করতে না পেরে ভীষণভাবে ক্রোধান্বিত হয়ে যজ্ঞের আগুনে আত্মাহুতি দেন। যজ্ঞস্থলে সমবেত সকলে এ দৃশ্য দেখে হাহাকার করে উঠেন। এদিকে চেলারা শিবকে এ ঘটনা জানাতে দ্রুত রওয়ানা দেন। শিব তখন কৈলাশ পর্বতে ধ্যানে মগ্ন। তিনি সতীর আত্মাহুতির খবর শুনে ক্রোধভরে নিজ মস্তকের একটি জটা উপ্রে ফেলে পর্বতের উপর আঘাত করেন। এর ফলে বলশালী যোদ্ধা বীরভদ্রের সৃষ্টি হয়। শিব তাকে আদেশ দিলেন দক্ষালয়ে গিয়ে দক্ষের মুন্ডু কেটে যজ্ঞের আগুনে আহুতি দিতে। বীরভদ্র কালবিলম্ব না করে যজ্ঞস্থলে গিয়ে রাজা দক্ষের মস্তক কেটে যজ্ঞকুন্ডের প্রজ্জ্বলিত আগুনে নিক্ষেপ করেন। এতে উপস্থিত সকলের মধ্যে আবারও হাহাকার উঠে। এসব অবস্থা থেকে পরিত্রাণ পেতে তখন সকলে মিলে শিবের সন্তুষ্টি লাভের জন্য শিব স্তুতি শুরু করেন। অত:পর শিব যজ্ঞস্থলে উপস্থিত হন। তিনি সতী দেবীর আত্মাহুতিতে অত্যন্ত শোকাহত হয়ে দেবীর মৃতদেহ কাঁধে নিয়ে তা-ব নৃত্য শুরু করে দেন। এতে সতী দেবী প্রাণ ফিরে পান। শিব তখন রাজা দক্ষের মুন্ডু জোড়া দিয়ে রাজার প্রাণ ফিরিয়ে দেন। এভাবেই ঘটনার সমাপ্তি ঘটে। রাজা দক্ষের সেই যজ্ঞস্থলেই গড়ে উঠে দক্ষ মন্দির। যা হরিদ্বারের অন্যতম দর্শনীয় স্থান। হৃষিকেশ ঘুরে আমরা যখন কনখলে দক্ষ মন্দিরের গেটের সামনে গাড়ি থেকে নামলাম তখন দুপুর গড়িয়ে গেছে। ভেতরে ঢুকেই একটা বৃত্তের ভিতর মহাদেবের/শিব’র বিশাল রুদ্র মূর্তি। দুই হাতে সতী দেবীর মৃতদেহ ধারণ করে আছেন। গ্রামের সাধারণ প্রচুর লোকজন পরিবার পরিজন বাচ্চাকাচ্চা নিয়ে এসেছেন মন্দির দর্শনে। ভেতরে একাধিক মন্দির। সতী দেবীর বিগ্রহ সহ অনেক দেব দেবীর বিগ্রহ। মন্দির পরিক্রমা শেষ করে বাইরের প্রান্তরে কিছুক্ষণ বিশ্রাম শেষে ধীরে সুস্থে দুপুরের খাবার খেলাম। এখানে খাবার অনেক সস্তা। কনখল পরিষ্কার পরিচ্ছন্ন ছোট এক শহরতলী। বলা যায় হরিদ্বারেরই একটি পাড়া। কনখলে মা আনন্দময়ীর আশ্রম, রামকৃষ্ণ মিশন, পৌরাণিক মিউজিয়াম, গঙ্গাঘাট অনেক দর্শনীয় স্থান আছে। মা আনন্দময়ীর আশ্রমে অবশ্যই যেতে হবে। কিন্তু তাড়াহুড়ার দেখা বোধ হয় আনন্দময়ী মায়ের ইচ্ছে নয়। কাজেই সেদিন আর অন্য কিছু দেখা হলো না। আমরা রওয়ানা দিলাম হরিদ্বারের পথে এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হরিদ্বারে। হরিদ্বার শহরে অগুণিত মন্দির। কয়েক দিন লেগে যাবে শুধু মন্দির থেকে মন্দিরে ঘুরতে। যেমন আছে প্রাচীন মন্দির তেমনি আধুনিক মন্দির। চন্ডী দেবী ও মনসা দেবীর মন্দিরের কথা আগেই বলা হয়েছে। প্রাচীন মন্দিরগুলির মধ্যে আরেকটি অন্যতম ‘ভীমগদা’ মন্দির। মহাভারতের কাহিনী অনেকেরই জানা আছে। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এই পাঁচ ভাই ছিলেন মহাভারতের পঞ্চপান্ডব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রথে দাঁড়িয়ে মহাবীর অর্জুন দেখলেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা সবাই স্বজন এবং আত্মীয়। এ অবস্থায় অর্জুন যুদ্ধের সংকল্প ত্যাগ করেন। তার হাত থেকে গান্ডিব (বিশেষ ধনুক) খসে পড়ে। অর্জুনের রথের সারথী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিয়ে বুঝাতে লাগলেন কর্তব্য পালনে ন্যায়ের যুদ্ধ করতেই হবে। অর্জুন তখনও যুদ্ধ না করতে বদ্ধপরিকর। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে তার মুখ গহ্বরে বিশ্বরূপ দর্শন করালেন। অর্জুন বুঝলেন সবই ভগবানের লীলা। এই বিশ্বরূপ লীলার দৃশ্যে অর্জুন দেখলেন কুরুক্ষেত্র যুদ্ধ তো হয়েই গেছে। এখন মর্ত্যে এর পর্দা উঠা আনুষ্ঠানিকতা মাত্র। অর্জুন অত:পর যুদ্ধে অবতীর্ণ হন। মহাভারতের এই পর্বে অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের কথোপকথন ও অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের উপদেশাবলী নিয়েই ধর্মগ্রন্থ গীতা রচিত হয়েছে। গীতা মহাভারতেরই একটি অংশ বলা যায়। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল ১৭ দিনব্যাপী। যুদ্ধে পান্ডবরা জয়লাভ করলেও ময়দানে ছিল শ্মশানের নিরবতা। সারি সারি লক্ষ লক্ষ মৃতদেহ। স্বজন হারানোরদের ডুকরে ডুকরে কান্না থেকে চারিদিকের আকাশ বাতাস ভারী। পঞ্চপান্ডব পার্থিব সমস্ত কামনা বাসনা ত্যাগ করে স্বর্গযাত্রা করতে মনস্থির করে হরিদ্বারে আগমন করেন। কারণ হরিদ্বারই স্বর্গের প্রবেশ পথ। পঞ্চপান্ডবের ভীম ছিলেন মহাবলশালী। তিনি গদা হাতে যুদ্ধ করতেন। ভীমের গদা প্রসিদ্ধ। হরিদ্বারে অবস্থানকালে ভীম তার গদা দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে একটি কুন্ড সৃষ্টি হয় এবং গঙ্গার জলাধারা কুন্ডতে প্রবাহিত হয়। কুন্ডকে ঘিরে একটি মন্দির গড়ে উঠে যা ‘ভীমগদা’ মন্দির নামে পরিচিত। এই মন্দির কুন্ডের জলে ¯œান করলে স্বর্গবাস হয় বলে কথিত আছে। হরিদ্বারের রাস্তায় রাস্তায় আমরা পরবর্তীকালে নির্মিত সব আধুনিক মন্দিরগুলি পরিদর্শনে ব্যস্ত হয়ে পড়ি। বেশীরভাগ শ্রীকৃষ্ণের লীলা সম্বলিত মন্দির ও মহাদেব/শিব দেবতার মন্দির। একটি সাততলা মন্দির অত্যন্ত আকর্ষণীয়। প্রথমে লিফটে করে সাততলায় গিয়ে এক এক করে প্রতি তলা দর্শন করে নিচে নামতে হয়। সাততলা মিলিয়ে ভারতের প্রতি রাজ্যের পূজিত দেবদেবী, বিখ্যাত মনীষীদের চিত্র এবং নিদর্শন সাজানো আছে। এই মন্দির দর্শনে যেন  সারা ভারত দর্শন হয়ে যায়। আরেকটি মন্দিরের ভেতর গোলক ধাঁধার মতো। ঢুকলে আর বেরুনোর পথ পাওয়া যায় না। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। এবার ঘরে  (হোটেলে) ফিরতে হবে। এদিকে মনটাও আমাদের খারাপ। ভ্রমণের পালা ফুরিয়ে এসেছে। সে দিন ছিল ২০১৫ সালের ডিসেম্বর মাসের ২৪ তারিখ বৃহস্পতিবার। পরের দিন ভোরে মহসিন খান আমাদের ছেড়ে দিল্লী চলে যাবে। প্যাকেজ শেষ। কলকাতা থেকে ফেরার টিকেট কেনার সময়ে হিসেবের হেরফের হয়ে গেছে। আমাদের টিকেট ২৬/১২/২০১৬ তারিখের। রাত ১১.৫০ ঘটিকায় হরিদ্বার স্টেশন থেকে উপাসনা এক্সপ্্েরস ছেড়ে যাবে কলকাতার উদ্দেশ্যে। কলকাতা পৌঁছাবে ২৮ শে ডিসেম্বর ভোর রাতে। দু’দিন হরিদ্বারে থাকতে হবে একা একা, মহসিন ছাড়া। মহসিন খানের সঙ্গে এমন একটা সখ্যতা এবং পরষ্পরের প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠেছিল যে ভীষণ খারাপ লাগছিল। আবার এই দূরদেশে মহসিন ছিল ভরসা। এমন বন্ধু এবার হারাতে হবে। মহসিনের সঙ্গে পরামর্শ করেই ঠিক করে নিলাম পরের দিনের প্রোগ্রাম। একটা অটোরিক্সায় করে কনখলে চলে যাবো মা আনন্দময়ীর আশ্রমে। সকালে যাবার আগে মহসিন দেখা করে যাবে। আপাতত: বিদায় নিয়ে মহসিন চলে গেলেন। আমরাও রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকাল বেলা দরজায় নক হচ্ছে। মহসিন দাঁড়িয়ে আছেন। কথাবার্তা হলো। প্যাকেজের বাকী পাওনা মহসিনের হাতে মিটিয়ে দিলাম। মহসিনকে ব্যক্তিগত ভাবে দিলাম কিছু অর্থ। পারলে আরো দিতাম। বিদায় নিলেন সুদক্ষ গাড়ি চালক ও বিশ্বস্ত মানুষ মহসিন খান। বিদায় বন্ধু, জানিনা আর কোন দিন দেখা হবে কি না। কিছু পরে আমরাও অটো রিক্সায় রওয়ানা দিলাম। গন্তব্য কনখল। উদ্দেশ্য মা আনন্দময়ীর আশ্রম দর্শন। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক

  • [১]