স্বপন কুমার দেব
উপসংহার পর্ব বা শেষ পর্ব
২০১৫/ ডিসেম্বর মাসের শেষ তিনদিন কলকাতায় ছিলাম। ঘুরাঘুরিতেই কেটে গেলো। কয়েকজন আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাই। মেয়েদের জন্য ও মেয়ে জামাইদের জন্য কিছু কেনাকাটা হলো। প্রবাসী নাতির জন্য চমৎকার একটি সোয়েটার ও প্যান্ট কিনলাম। নাতির বয়স দু’বছর পেরিয়ে গেছে। দাদুভাই ও দিদিভাই’র দেয়া সোয়েটার ও প্যান্ট পরে সে ডিগবাজি খাবে আর খলখল করে হাসবে। আমরা স্কাইপে এই দৃশ্য দেখে বিমোহিত হবো। শীতের সময় কাশ্মীর থেকে শাল ও গরম চোপড় কলকাতায় নিয়ে আসেন সেখানকার ব্যবসায়ীরা। বৌদির পরিচিত ব্যবসায়ীর কাছ থেকে কিছু কেনাকাটা করলাম। কাশ্মীরী ব্যবসায়ী উপহার স্বরূপ দিলেন এক প্যাকেট আখরোট। বৌদি অনেক কিছুই আমাদের গিফট করেছেন। রসগোল্লা বেক্ড (রসগোল্লার রস নিংড়ে ভাজার মতো করা) করে খাওয়ালেন। চমৎকার খেতে। একদিকে মন খারাপ আবার আরেক দিকে মন ভালো। বাড়িতে ফিরবো এজন্য ভালো লাগছে। ভ্রমণ শেষ তাই খারাপ লাগছে। একদিন দাদা বৌদি আমাদের নিয়ে ঘুরলেন। এক জায়গায় বিশেষ ধরণের লেবু চা খেয়েছিলাম। অসাধারণ। সুন্দর একটা বেড়ানো হবে উত্তর থেকে উত্তরাখ-ে তা আগে ভাবিনি। পাঠক হয়তো ভাবছেন আগে থেকে সবকিছু প্ল্যান করে রুটিন মাফিক এগিয়েছি। আসলে আদৌ কোন প্ল্যান বা পরিকল্পনা ছিল না। অধিকাংশ মানুষের বেলায় সবকিছুর পেছনে একটা পরিকল্পনা থাকলেও আমার বেলায় প্ল্যান করে কিছু ঘটেনি। যা ঘটে যেন হঠাৎ করেই ঘটে যায়। কলকাতা পর্যন্ত গিয়েছিলাম মনে একটা ইচ্ছা নিয়ে, যদি সম্ভব হয় রাজধানী এক্সপ্রেসে দিল্লী গিয়ে আশপাশ দেখে বড়জোর আগ্রা পর্যন্ত গিয়ে তাজমহল দেখে আবার ফিরে আসব। আর যদি দিল্লী যাওয়া সম্ভব না হয় তাহলে পশ্চিম বাংলার বিভিন্ন স্থান ঘুরে ফিরে দেখে নিব। কলকাতা এসে দাদা বৌদির সঙ্গে কিছু পরামর্শ হয়। ফেয়ারলি প্লেসে (বিদেশী কোটায় রেলওয়ে টিকেট বিক্রির কার্যালয়) গিয়ে রাজধানী এক্সপ্রেসের টিকেট পেয়ে গেলাম একদিন পরের। এভাবেই দিল্লী যাওয়া নিশ্চিন্ত হয়। দাদা দিল্লীতে পরিচিত ট্র্যাভেল এজেন্ট নির্মল দেবনাথ বাবুর সাথে ফোনে আলাপ করলেন। উনি আশ্বাস দিলেন দিল্লী ও আগ্রা দেখানোর ব্যবস্থা করে দিবেন। হরিদ্বার যাওয়ার মনে মনে একটা ইচ্ছে ছিল। নির্মল বাবু আশ্বস্ত করলেন হরিদ্বার যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সে অনুযায়ী মনে মনে একটা হিসাব করে কলকাতা থেকেই হরিদ্বার থেকে ফেরার টিকেট (উপাসনা এক্সপ্রেস ট্রেন) কেটে ফেললাম। যতদূর কথাবার্তা হয় তাতে একটা পরিকল্পনা হয় দিল্লীকে কেন্দ্র করে ট্র্যাভেল এজেন্সির টুরিস্ট বাসে চেপে কিছু জায়গা দেখে নিয়ে হরিদ্বার চলে যাব। টুরিস্ট বাসে চেপে ভ্রমণে ঘুরাঘুরি কম হলেও সময় লাগবে কিছুটা বেশী। প্রাইভেট কারে মহসিন খানকে নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়ানো তখন কল্পনার মধ্যেও ছিল না। দিল্লী আসার পর শিডিউলে ভিন্ন মাত্রা যোগ হয়। এর অবদান ট্রাভেল এজেন্টের ও পরবর্তী সময়ে আমার দাদার। ট্র্যাভেল এজেন্টের ব্যবসাও হবে আর আমাদের অনেক জায়গা দেখাও হবে। রঙিন হাতছানি থেকে বেরিয়ে আসা বেশ কঠিন। রাজী হয়ে গেলাম। দাদার সঙ্গে আলাপ হলো। সবকিছুই এখন ট্রাভেল এজেন্টের সদিচ্ছা ও বিশ্বাসের উপর নির্ভর করছে। অনেক প্রতারণা ঘটে। তবে যা থাকে কপালে, বলে এগিয়ে যাই। শুরু হলো ভ্রমণ যা পাঠক এক থেকে বাইশ পর্ব পর্যন্ত পড়েছেন। ঘুরে বেড়ানোর শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত দেখা হয়েছে অনেক ঐতিহাসিক ও পৌরাণিক স্থান, তীর্থভূমি, পাহাড়, নদী। তেমনি জানতে পেরেছি বহু অজানা ইতিহাস। হয়েছে বিভিন্ন ধরণের অভিজ্ঞতা। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়েছে। সবচেয়ে বেশী পেয়েছি আনন্দ। তখন থেকেই একরকম একটা ভাবনা শুরু হয় যে এ আনন্দ অভিজ্ঞতা দেশে ফিরে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তা একমাত্র সম্ভব লেখার মাধ্যমে। বই পড়া ও লিখার স্বভাব বা অভ্যাসটি আমি পেয়েছি আমার পরলোকগত মায়ের কাছ থেকে। আমার মা কিরন বালা দেব ছিলেন এসসি গার্লস হাইস্কুলের একজন শিক্ষিকা। বাবা ছিলেন এখানকার আদালতের একজন আইনজীবী। প্রয়াত যামিনী কান্ত দেব। আমার মা, বাবা, মামা, মাসী ষাটের দশকে দিল্লী, আগ্রা, মথুরা, বৃন্দাবন, পুষ্কর, হরিদ্বার ইত্যাদি স্থানে ভ্রমণ করে গেছেন। সেই ভ্রমণ সময়ে আমার ছোট মামার ক্যামেরায় তোলা সাদাকালো ছবিগুলো হারিয়ে গেছে। ষাটের দশকে এসব জায়গায় ভ্রমণ ছিল অনেক কষ্টসাধ্য। এখনকার মতো সুযোগ সুবিধা ছিল না। যখন দেখলাম বেশ একটা পরিপূর্ণ ভ্রমণ হয়ে গেছে তখনই ধারাবাহিক লিখার চিন্তা মাথায় এলো। এমনিতে ভ্রমণ কাহিনীর কিছু বই আমার পড়া আছে। আমি নিজেও ইতিপূর্বে দক্ষিণ ভারত সফর নিয়ে একটি ভ্রমণ কাহিনীর বই লিখেছি। চিন্তা করলাম এবারের কাহিনীতে কিছু তথ্য ও চলতি ঘটনা সন্নিবেশিত করতে হবে। এতে লেখা হবে সমৃদ্ধ। পাঠকের আগ্রহ বাড়বে। প্রসঙ্গত মনে এলো ভ্রমণ নিয়ে লিখা কয়েকটি বইয়ের নাম। ছাত্র অবস্থায় এগুলি পড়া হয়েছিল। সবচেয়ে আকর্ষণীয় বইয়ের নামটি হলো ‘রম্যানি বীক্ষ’। লেখক সুবোধ চক্রবর্তী। দশটি খ-ে বা ততধিত খ-ে লেখা আলাদা আলাদা বই। উনার স্ত্রী মেয়ে সহ ট্রেনে চেপে ভারতের সমস্ত তীর্থস্থান ও অন্যান্য উল্লেখযোগ্য জায়গায় দীর্ঘ পরিভ্রমণের কাহিনী। চমৎকার বর্ণনা ও ঘটনার ঘনঘটা। সমকালীন সময়ে পাঠক মাত্রেই বইটি রুদ্ধশ্বাসে পাঠ করেছেন। দ্বিতীয় বইয়ের নাম ‘মরুতীর্থ হিংলাজ’। লেখক ‘অবধূত’। এটি ছদ্মনাম। পাকিস্তানের করাচী থেকে বিস্তৃর্ণ মরুভূমি পাড়ি দিয়ে হিন্দুধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান মরুতীর্থ হিংলাজ। একজন দেবতা বা দেবীর মন্দির ও কাহিনী আছে। সে কাহিনী পরে কোন এক সময়ে লিখা যাবে। অবধূত ছিলেন একজন সন্ন্যাসী ও সাধক শ্রেণির লোক। ভারত বিভাগ পরবর্তী সময়ে তিনি বিরাট এক দল নিয়ে উটে চড়ে ও পদব্রজে মরুভূমি পাড়ি দিয়ে হিংলাজ পরিদর্শন করেন। অনেক কষ্টের যাত্রা। তবে যাত্রাপথে আছে নানা বর্ণময় ঘটনা। আছে প্রেম ও সংঘাত। লোমহর্ষক কাহিনী। মরুতীর্থ হিংলাজ নিয়ে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে একটি বাংলা সিনেমা তৈরী হয়েছিল। নায়ক থিরুমলের ভূমিকায় অভিনয় করেন স্বয়ং উত্তম কুমার। তৃতীয় বইটির নাম ‘বিগলিত করুণা জাহুবী যমুনা’। লেখকের নাম শংকু মহারাজ। বহুদিন ধারণা ছিল শংকু মহারাজ ছিলেন নিশ্চয়ই একজন সন্ন্্যাসী/সন্ত। সম্প্রতি অন্য একটি বই পড়ে জানতে পারি শংকু মহারাজ আসলে এক ব্যক্তি নন এবং সাধু সন্ন্যাসীও নন। শংকু ও মহারাজ নামে দু’জন যুবক বন্ধু হিমালয়ের তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর চমকপ্রদ বর্ণনা ও নানা ঘটনা উল্লেখ বইটি প্রকাশ করেন। এটিও সিনেমা হয়েছিল এবং উত্তম কুমার নায়কের ভূমিকায় অভিনয় করেন। অত:পর সৈয়দ মুজতবা আলীর লিখিত ভ্রমণ কাহিনীর বই ‘দেশে বিদেশে’ এবং ‘জলে-ডাঙ্গায়’। মুজতবা আলী সাহেবের লিখা যেমন বর্ণময় তেমনি চমৎকার উপস্থাপনা। মূলত: এইসব বই ও সিনেমা থেকে প্রেরণা পেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে লেখা হয়েছে আমাদের এই ভ্রমণ কাহিনী। লিখা চলাকালীন সময়ে অনেক পাঠকই প্রশংসা করেছেন এবং নিজেরা এসব স্থানে ভ্রমণের ইচ্ছা ব্যক্ত করে খুঁটিনাটি ও খরচ সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে খরচের ব্যাপরটা নির্ভর করে যাতায়াতের ব্যবস্থা ও থাকা খাওয়ার ব্যবস্থার উপরে। যেমন টুরিস্ট বাসে ঘুরা যায়, তেমনি রেলগাড়িতে ঘুরা যায়। আবার আমি যেভাবে ভ্রমণ করেছি তেমনি কারে চেপেও ঘুরা যায়। অনেকে রেলে ঘুরে। রাত কাটিয়ে দেয় রেল স্টেশনে। স্টেশনের বাথরুম-টয়লেটের ব্যবস্থা যথেষ্ট ভালো। খুব সস্তায় খাবার যেমন পাওয়া যায় আবার দামী খাবারও আছে। মাঝারিও আছে। এভাবে ট্যুর করলে খরচ খুবই কম। তবে সময় লাগে বেশি। কষ্ট সহ্য করতে হবে আরো বেশী। টুরিস্ট বাসে ঘুরাকে গাইডেড ট্যুর বলা যায়। সবকিছু ভালো করে দেখা যায় না। অনেকটা ঝটিকা সফরের মতো। তবে টুরিস্ট কোম্পানীর অধীনে নিরাপত্তা থাকে। এককালীন টাকা দিয়ে দিলে থাকা খাওয়া ইত্যাদি তাদের। এক্ষেত্রে খরচ মাঝারি মানের। আমি যেভাবে প্রাইভেট কারে ঘুরেছি সেটি আরামদায়ক এবং স্বল্প সময়ে অনেক জায়গা দেখা যায়। তবে আমি মনে করি নিরাপত্তার বিষয়ে কিছুটা ঝুঁকি আছে। আর খরচ বেশী। আর সব ধরণের ভ্রমণে সব কিছু সব সময়ে ঠিকঠাক চলে না। যেমন আমাদের বেলায় ট্রেন লেটে সব আরাম আয়েশ এক ধাক্কায় বিনষ্ট হতে চলেছিল। ট্যুরে বেরুলে সবদিকে নজর রাখতে হবে। বিশেষত ভিন্দেশে। প্রতিদিনের ঔষধপত্র ছাড়াও অতিরিক্ত কিছু ঔষুধ রাখতে হবে। ব্যাথা ও জ্বর নাশক এন্টিবায়টিক, ট্যাবলেট, মুখের স্যালাইন, পেট খারাপের ঔষুধ ইত্যাদি সঙ্গে মজুদ রাখা খুবই দরকারী। রাস্তাঘাটে খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে। বিস্কুট, শুকনো খাবার ও জলের বোতল সাথে রাখতে হবে। ডায়বেটিস রোগীদের যতদূর সম্ভব হয় হাল্কা ব্যায়াম ও হাঁটাহাটি চালু রাখা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পাসপোর্ট, ডলার/টাকা, পয়সা এগুলি অত্যন্ত সাবধানে রাখতে হবে। শীতকাল হলে ব্লেজার বা কোটের ভেতরে পকেট সবচেয়ে উত্তম জায়গা। এগুলি শরীরের সঙ্গেই আছে এমন স্পর্শ পাওয়া যায়। গ্রীষ্মকালে কাঁধের ও বুকের উপর দিয়ে আড়াআড়ি ঝুলানো ব্যাগে রাখা যায়। ঋতু অনুয়ায়ী কাপড়-চোপড় রাখতে হবে। তবে কোন অবস্থায়ই অধিক নয়। লাগেজ এমনভাবে রাখতে হবে যাতে সহজেই নিজেরা বহন করা যায়। মোবাইলে ব্যালেন্স ও চার্জের দিকে নজর রাখতে হবে। ভারতে রাস্তাঘাটে চুরিদারি, ছিনতাইয়ের ঘটনা আমাদের ভ্রমণকালে ঘটেনি বা চোখে পড়েনি। তবে ঘটবে না যে এমন কথা নিশ্চিন্ত করে বলা যায় না। কারুর সঙ্গে ঝগড়াঝাটি মাথা গরম থেকে বিরত থাকতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা জরুরী। অনেকে ভারতে গেলে এক ঢিলে তিন পাখি মারার উদ্দেশ্য নিয়ে যান। যেমন বেড়ানো, চিকিৎসা ও শপিং। বলে রাখছি একটির ফাঁকে আরেকটি হয় না। হলেও কোনটি ঠিকমতো হবে না। বিশেষভাবে চিকিৎসা অপর দুটির সঙ্গে ভীষণভাবে সাংঘর্ষিক। চিকিৎসা অনেকটা চেইনের মতো। একটির পর আরেকটি পরীক্ষা-নিরীক্ষা আপনাকে নিয়ে এয়ারপোর্টের লাগেজ বেল্টের মত ঘুরতে থাকবে। রোগীর আর চিকিৎসার উপর নিয়ন্ত্রণ থাকে না। এমনকি অনেক সময় পালানোরও পথ থাকে না। কাজেই চিকিৎসা মাথায় থাকলে শুধুই ঐ একটিই থাকা উচিত। সামান্য শপিং বা টুকটাক কেনাকাটা বেড়ানোর ফাঁকে ফাঁকে করা যায়। তবে খেয়াল রাখতে হবে লাগেজের কলেবর যেন বৃদ্ধি না পায়। আর অতিরিক্ত কিছু অর্থেরও যোগান থাকতে হবে। তবে ট্যুর শেষে একদম ফেরার আগে সময় থাকলে ও অর্থ থাকলে আরো কিছু কেনাকাটা করা যায়। যাই হোক ভ্রমণ কাহিনী পর্ব বা এপিসোড আকারে তো শেষ হলো। অনেক পাঠকই আমাকে অনুরোধ করেছেন কাহিনীটি যেন বই আকারে প্রকাশিত হয়। এটি আমারও ইচ্ছে। বাকিটা আপনাদের আশীর্বাদ ও দোয়া। আশা করি বইটি শীঘ্রই প্রকাশ করতে পারবো। ভ্রমণে আমাদেরকে উৎসাহিত করেছেন আমাদের তিন মেয়ে। দুই মেয়ে জামাই। ছোট মেয়ে পড়াশুনায় আছে। তাদেরকে ধন্যবাদ। ভারতে যাওয়ার পর দাদা আশীষ কুমার দেব ও বৌদি সুমিত্রা দেব আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যে সাহায্য ও সহযোগিতা করেছেন এজন্য তাদের কাছে সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সহযোগিতা না পেলে ভ্রমণ সম্পূর্ণ হতো না। ভ্রমণকালীন সময়ে ড্রাইভার মহসিন খানের কথা বারবার উঠে এসেছে। মহসিন খানকে না পেলে ভ্রমণ এতো মসৃণ ও মধুর হতো না। মহসিনের কাছে আমি কৃতজ্ঞ। ট্রাভেল এজেন্ট নির্মল দেবনাথ বাবুকে ও দাদাকে পরিকল্পনা সাজানোর জন্য জানাই শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। এই ধারাবাহিক প্রকাশে দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার আমাকে সুযোগ করে দিয়েছেন। পেয়েছি তাদের সার্বিক সহযোগিতা এবং গভীর আন্তরিকতা। পত্রিকা পরিবারের প্রতিটি সদস্য তথা সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে, কবি ও লেখক কুমার সৌরভ, বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, অনলাইন সম্পাদক সজীব দে, রিপোর্টার আকরাম উদ্দিন, পেস্টিংকর্মী জুুবের আহমদ সহ অন্যান্যকর্মী সবার কাছে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সজীব দে অনেক ধৈর্য্য ধরে হাসিমুখে আমার লেখা কম্পিউটার টাইপ করেছেন ও ফটো আপলোড করেছেন। পরিশেষে সবার উপরে ছিলেন এই লেখার পাঠকগণ। প্রতিটি পর্ব প্রকাশের পরই একাধিক পাঠক আমাকে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন ও একই সঙ্গে উৎসাহ দিয়ে লিখে যাওয়ার প্রেরণা দিয়েছেন। পাঠকদের আমি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। এবার বিদায়ের পালা। লিখার ভুল ত্রুটি অনেক হয়েছে। এজন্য ক্ষমা করবেন। বই প্রকাশের সময় সংশোধনের চেষ্টা করবো। এবারের মতো বিদায়। সমাপ্ত