- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ বেড়াতে ভারত-উত্তর থেকে উত্তরা খণ্ড-১৩

স্বপন কুমার দেব
জয়পুরÑ দি পিংক সিটি বা গোলাবী
নগরে দেড়দিন একরাত্রি
দেখতে চলেছি ‘জলমহল।’ নাম শুনলেই মনে একটা জলতরঙ্গ সুর ও বাজনা বেজে উঠে।  নাম যখন জলমহল তখন নিশ্চয়ই জলের মধ্যে ভাসমান একটি মহল। বাস্তবেও তাই। জয়পুরের কেন্দ্রস্থল থেকে নগরীর আরেক প্রান্তে। কুঁড়ি থেকে পঁচিশ মিনিটের কার ড্রাইভ দূরত্ব। অর্থাৎ গাড়িতে একটানা প্রায় পঁচিশ মিনিট সময়। প্রশস্ত রাস্তায় গোলাবী রং এর ইমরাত, দালানকোঠা, পার হয়ে একখন্ড বৈকালিক ভ্রমণ। শীতের বিকেলে বেশ মনোরম পরিবেশ। তেমন শীত নেই। যেটুকু আছে তা উপভোগ্য এবং বেশ আরামদায়ক। গাড়ি এসে থামলো একটি পার্কিং এরিয়ায়। মহসিন খান আমাদের হাঁটিয়ে নিয়ে এলেন ‘আমের রোড’ এর ওপারে। বাঁধানো অনেক লম্বা ও বেশ প্রশস্ত নদীর পাড়ের মতো একটি ভূখন্ডে আমরা দাঁড়িয়ে আছি। প্রচুর লোক, ফেরিওয়ালা, বাচ্চাদের ছুটাছুটি ও কোলাহল। অনেকটা আমাদের ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের পাড়ের মতো। মহসিন খান পাশ থেকে বললেন,‘সাব-জি, সামনা দেখিয়ে ওধার জলমহল।’ মহসিন চলে গেলেন গাড়িতে আর আমরা তাকালাম সামনে। সামনে বিরাট এক সরোবর। নাম মানসাগর লেক। শান্ত স্থির জলরাশি। মাঝামাঝি জায়গায় জলের উপর ভাসছে এক অট্টালিকা। জয়পুরে পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘জলমহল’ বা ‘ওয়াটার প্যালেস।’ একদিকে জয়পুর শহর আর তিনদিকে হেলান দেয়া পাহাড়, নাহার গড় টিলা। প্যালেস ঘিরে আকাশে উড়াউড়ি করছে পরিযায়ী (অতিথি) পাখির ঝাঁক। তীর ভূমিতে শিশুদের কোলাহলের সুমধুর শব্দ আর আকাশে ঝাঁকে ঝাঁকে পাখির শনশন আওয়াজ। এ দুয়ের যুগলবন্দিতে অপূর্ব এক সুরের মূর্ছনা সৃষ্টি হয়েছে। জলমহলের পটভূমিতে এই সুর সংগীতে সৃষ্টি হয়েছে অপূর্ব নান্দনিক পরিবেশ। মান সাগর লেকের বিস্তৃতি প্রায় তিনশত একর জলভূমি। গভীরতা পনেরো ফুটের উপরে। ঠিক কবে কোন সময়ে জলমহল নির্মিত হয়েছিল তার সঠিক তথ্য বা ইতিহাস এখন পর্যন্ত জানা না গেলেও নি:সন্দেহে তা তিনশত বৎসরের অধিককাল আগের। জনশ্রুতি আছে ১৫৯৬ খ্রি: এই অঞ্চল একটি বড় দুর্ভিক্ষ এবং খরায় আক্রান্ত হয়েছিল। খাদ্য ও জলের তীব্র সংকট দেখা দেয়। তখন জয়পুরের রাজধানী ছিল আমেরে। রাজা মহারাজারা বসবাস করতেন আম্বের দুর্গে। এই অবস্থার প্রেক্ষিতে আমেরের রাজা রাজন্যবর্গ এই জলাভূমিতে ড্যাম বা বাঁধ তৈরী করেন। উদ্দেশ্য জল সংরক্ষণ। ক্রমশ: এটি বিরাট সরোবর বা লেকে পরিণত হয়। সেই সময়কার আমেরের রাজা এই সরোবরে অনুপম সৌন্দর্য্যরে আঁধার ‘জলমহল বা ওয়াটার প্যালেস’ নির্মাণ করেন। মূলত: রাজন্যবর্গের প্রমোদ ভবন হিসেবেই জলমহলটি নির্মাণ করা হয়েছিল। আরেকটি মূল উদ্দেশ্য ছিল রাজপরিবারের সদস্যগণের এবং রাজকীয় অতিথিদের পাখি শিকার। রাজা এবং অতিথিরা ‘জলমহলে’ অবস্থান করে পাখি শিকার করতেন। এখানে শীতের সময়ে আগের মতোই এখনও প্রায় একশত পঞ্চাশটি প্রজাতির দেশী বিদেশী পাখির আগমন ঘটে। তবে এখন অতিথি পাখি নিধন আমাদের দেশের মতোই ভারতেও আইনত: নিষিদ্ধ। মোঘল ও রাজপুত স্থাপত্যের মিশ্রণে তৈরী জলমহল;। মূলত: পাঁচতলা বিশিষ্ট একটি অট্টালিকা। লেক যখন জলে ভর ভরন্ত অবস্থায় থাকে তখন নিচের চারটি তলাই থাকে ডুবন্ত অবস্থায়। আমরা যেদিন ‘জলমহল’ এর পাড়ে সে সময় শীতকাল চলছে। দূর থেকে মনে হচ্ছে জলের উপর দুটি তলা দেখা যাচ্ছে। পর্যটকদের জন্য বাহারি নৌকায় ‘জলমহলে’ যাওয়ার ব্যবস্থা থাকলেও সে সময়ে কোন কারণে এই মনোরম নৌবহরের সুযোগটি সাময়িক কালের জন্য বন্ধ ছিল। এমন একটি আশ্চর্য্য সুন্দর জিনিস দর্শন থেকে ভাগ্য দোষে বঞ্চিত হলাম। এ আফশোষ থাকবে সবসময়। চিন্তা করে দেখুন কি ধরণের উচ্চমার্গের মেধাবী ও গভীর নির্মাণ ও স্থাপত্যবিদ্যা ব্যবহৃত হয়েছিল ‘জলমহল’ নির্মাণে। একটি ভবন, একেতো জলের উপর তৈরী, তার উপর চারতলা থাকে জলের নিচে আর উপরের তলা থাকে ভাসমান। ভাবা যায় না। তীর থেকে দৃষ্টি গোচরে আসে চকমিলান এই দালানের চার কোণায় গম্বুজ ওয়ালা খিলান। কয়েক হাজার স্কয়ার ফিটের আয়তনের এই ভবনে আলাদা কোন কক্ষ নেই। খোলা চত্বর আর যেখানে মানায় সেখানেই রং বেরং এর ফুলের বাগান। বলা যায় ফুলে ফুলে ঢাকা। জলমহল নয় যেন এক জলপরী। আর একটু পরেই জলে ডুব দিবে না হয় রাজহংসীর মতো চারিদিকে জল ছিটিয়ে ডানা মেলে আকাশে উড়ান দিবে। সরোবরের বাঁধানো পাড়েও বাগানে মৌসুমী ফুল ফুটেছে। হরেক রকম দ্রব্যের দোকান সাজিয়ে বসেছেন অস্থায়ী দোকানদাররা। বাচ্চাদের একহাতে রঙিন বেলুন, আরেক হাতে চকোলেট কিংবা অন্য কোন খাবার। যেন একঝাঁক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। বড়দের জন্যও আনন্দের কমতি নেই। সব বয়সীরাই যার যার মতো আনন্দে মাতোয়ারা। আছে চায়ের ফেরিওয়ালা, ছোলা-বাটুরা, পাপড়ভাজা, ফলের দোকান। আমরা প্লাস্টিক গেলাসে চা খেতে খেতে পাড়ে ঘুরতে ঘুরতে এদিক ওদিক থেকে বারবার দেখতে থাকি নয়ন মনোহর আশ্চর্য্য সুন্দর ‘জলমহল’ বা ওয়াটার প্যালেস।’ দেখতে দেখতে গোধুলী বেলা নেমে এলো ধরণীতে। সূর্য্য অস্তমিত। আলোর রং সোনালী। নিস্তরঙ্গ জলে মৃদু আলোড়ন। সাঁঝের বেলায় পাখিদের নীড়ে ফেরার জন্য ডানার শন শন আওয়াজের কারণেই বোধহয় শান্ত লেকের জলে তরঙ্গ উঠেছে। শত শত পাখিরা নীড় বেঁধেছে কোথায়? সম্ভবত: জলমহলের খিলান, গম্বুজের কোটরে কোটরে। শেষ মুহূর্তে লেকের পশ্চিম প্রান্তের জলরাশিতে সূর্য্য টুপ করে ডুব দিলেন। আর জলমহলের আনাচে কানাচে জ্বলে উঠলো হাজারো বাতির মালা। যেন কনের সাজে আবির্ভূত হলো ‘জলমহল।’ দূর থেকে মনে হলো সমুদ্রগামী কোন এক জাহাজ এবার নোঙর তুলে দূর সমুদ্র পানে যাত্রা শুরু করবে। আমের রোড পেরিয়ে ওপাড়ে চলে এলাম। এই রোডটিই চলে গেছে আমের ও আম্বের দূর্গের দিকে। সেখানে যাওয়া হবে আগামীকাল। মহসিন গাড়ি নিয়ে প্রস্তুত ছিলেন। তবে মহসিন অনুরোধ করলেন একদম পাশেই রাজস্থানের বিখ্যাত টেক্সটাইল এম্পোরিয়াম এর শো রুম। হরেক রকম বস্ত্রের সমাহার। মহসিন বললেন, এটি না দেখলে আফশোস থেকেই যাবে। আমাদের দেখতে কোন বাধা নেই। ভয় হলো দেখতে গিয়ে শেষে কিনতে না হয়। কিংবা না কেনার আফশোস নিয়ে ফিরে আসতে হয়। কয়েকদিন একসঙ্গে ঘুরতে ঘুরতে মহসিন খানের সঙ্গে একটা সখ্যতা গড়ে উঠেছে। তার অনুরোধ ফেলা যায় না। পায়ে পায়ে হেঁটে ঢুকে গেলাম এম্বেপারিয়াম চত্বরে। অনেক বড় শো রুম। অনেকগুলো বড় বড় কক্ষ। বিচিত্র রকমের সব সাজ পোশাকের পাহাড়। বেশির ভাগই মেয়েদের জন্য। যতই লোভনীয় মায়াজাল হোক, বাজেট সংকুচিত। কাজেই জাল কেটে বেরুতে হবে। আমার স্ত্রী শুভ্রা বারবারই বসতে চাইছিলেন একটু। আর আমি ধৈর্য্যরে সঙ্গে মাথা ঠান্ডা রেখে অনবরত ফসকে বেরিয়ে যাচ্ছি। এক সময় আমিও কুপোকাত হতে যাচ্ছিলাম। এক বিক্রয়কর্মী মেলে দেখালেন ভেলভেটের মতো নরম বেগুনী রংয়ের ও মাঝে মাঝে অন্য রং এর চৌকো নক্সা কাটা একটি কাঁথার মতো বস্ত্র। এটির নাম হলো ‘রজাই।’ রাজস্থানের একটি বিখ্যাত বস্ত্র। ‘রজাই’ শীতের সূর্য্য উঠা সকালে যেমন চাদরের মতো গায়ে জড়াতে পারবেন তেমনি প্রথম শীতের আগমনে গায়ে দিয়ে ঘুমাতেও পারবেন, আবার প্রয়োজনে বেড কভার হিসাবেও ব্যবহার করতে পারবেন। বিক্রয়কর্মী হঠাৎ করে দেখাতে দেখাতে হাতমুঠো করলেন আর পুরো রজাইটি মুঠোর ভিতর ঢুকে গেল। এককালের ঢাকার বিখ্যাত মসলিন কাপড়ের মতো। দামও খুব বেশী নয়। এগারোশ রুপী। এখানে বেশি দাম, অনেক দাম থেকে লাখ রুপীয়া দামেরও শাড়ী ও পোশাক পাওয়া যায়। রজাই কিনব কি কিনব না এই দু’টানায় পড়ে হঠাৎ করে না কিনেই বেরিয়ে এলাম। এখন ভাবি কিনলে বোধহয় ভালোই হতো। অন্তত: সবাইকে দেখাতে পারতাম। বাংলাদেশের অনেক সৌখিন লোক শপিং করতে হর হামেশা জয়পুরে এসে থাকেন। তবে আমার মতে বেড়ানো, শপিং ও চিকিৎসা কখনো এক প্রোগ্রামে রাখতে নেই। টুকটাক সামান্য কিছু কেনা যেতে পারে। ইতিমধ্যে রাত নেমে গেছে। গোলাবী নগর এবার আলোয় ঝলমল। আমরা এবার হোটেল পানে। চমৎকার নির্জন একটি হোটেল। রিসেপশনে নিয়মকানুন সেরে লিফটে চড়ে একেবারে ছ’ তলায়। অনেক বড় রুম। বাথরুমে গরম জলে হাতমুখ ধুয়ে ডিনারের অর্ডার দেই। নিরামিষ পোলাও। টিভি সব হোটেলেই আছে তবে বাংলা চ্যানেল না পাওয়ার মতোই। মাঝে মাঝে জি বাংলা পাওয়া যায়। অতপর: ডিনার খেয়ে কম্বলের নিচে। সারাদিনের ঘোরাঘুরির ক্লান্তিতে চোখ জুড়ে নেমে এলো শান্তির ঘুম। পরের সারাদিন জয়পুরের বাকী জায়গাগুলো দেখে সারারাতের মোটর জার্নি। গন্তব্য হরিদ্বার তথা উত্তরাখণ্ডে প্রবেশ। (চলবে)
লেখক: সিনিয়র আইনজীবী ও কথাসাহিত্যিক

 

  • [১]