বজলুল মজিদ চৌধুরী খসরু (পূর্ব প্রকাশের পর)
প্রায় ১৫/১৬ বছর আগে সুনামগঞ্জে বাণিজ্য মেলা থেকে আমি প্রথম ডেক্সটপ কম্পিউটার কিনি। এই সময় কিছুটা কম্পিউটার চালাতে শিখেছি। আমার ডেক্সটপটা খুললেই প্রথম আসত ইন্টেল। এই ইন্টেল মানে কি তাতো জানতাম না। ছেলে পিএইচডি করার পর একদিন জানাল সে ইন্টেলে চাকুরীর অফার পেয়েছে। তার কাছ থেকেই জানতে পারি ইন্টেল হচ্ছে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিকস তবে তাদের প্রতিষ্ঠানটির নাম ইন্টেল কর্পোরেশন। ১৯৬৮ সালে এই প্রতিষ্ঠানটির জন্ম। এরিজোনা ষ্টেটের চ্যান্ডলারে প্রতিষ্ঠানটি মাইক্রোপ্রসেসর তৈরীর জন্য ফ্যাক্টরি করেছে। ইন্টেল কর্পোরেশনের প্রধান কার্যালয় কালিফোর্নিয়ার সান্টাক্লারা শহরে তবে আমেরিকার বিভিন্ন ষ্টেটে তাদের ছয়টি জায়গায় স্থাপনা আছে। চ্যান্ডলারে মূলত রিসার্চ ইউনিটটা কাজ করে। ২০১৩ সালে এখানে ইন্টেল পুরোদমে কাজ শুরু করে। প্রায় সাড়ে এগার হাজার কর্মকর্তা, কর্মচারী কাজ করলেও এদের মাঝে দশ হাজারই হচ্ছেন ইঞ্জিনিয়ার। এই দশ হাজারের মাঝে বাংলাদেশের আশি জন ইঞ্জিনিয়ার এখানে চাকুরীতে আছেন। আমার ছেলে চাকুরীতে যোগ দেয় এ বছরের মার্চের শেষ দিকে। আমরা চ্যান্ডলার যাওয়ার দুই মাস আগে। ইন্টেল কর্পোরেশন কম্পিউটারের ব্লুটুথ চিপসেট, ফ্লাস মেমোরি, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড চিপসেট তৈরী করলেও চ্যান্ডলার থেকে শুধু মাইক্রোপ্রসেসর তৈরী করে। পুরো ইন্টেল কর্পোরেশনে লক্ষাধিক লোক কাজ করেন। বিশ্বের সর্ববৃহৎ সেমি কন্ডাকটার চীফ প্রস্ততকারী প্রতিষ্ঠান এটি। আমাদের ইচ্ছা এই ইন্টেল কর্পোরেশনের ভিতরটা দেখব। দীপ আমাদের জন্য তাদের ফ্যাক্টরি দেখার অনুমতি নিয়ে রেখেছে। এই অনুমতিটার মধ্যে শর্ত ছিল যেখানে রিসার্চ হয় সে জায়গায় ঢুকা যাবে না। আমরা শুধু বাহ্যিকভাবে যে সমস্ত জায়গায় প্রশাসনিক কাজ হয় সেখানেই যেতে পারব তাছাড়া তাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারব। দুপুরে ইন্টেলের ক্যান্টিনে খাওয়ার প্রোগ্রাম আমরা করেছি। গেইটে যাওয়ার পর সারা শরীর তল্লাশি করে আমাদেরকে একটা করে পরিচয়পত্র দেওয়া হল। এই পরিচয়পত্র ইন্টেলের ভিতরে থাকাকালীন গলায় ঝুলিয়ে রাখতে হবে। ভিতরে গিয়ে দেখি সব নীরব, নিস্তব্ধ। মনে হয় সবাই ধ্যানে মগ্ন। কোনো কথাবার্তা নেই, শুধুমাত্র ক্যান্টিনে গেলেই মনে হয় কথাবার্তা বলা যাবে। অলিখিত বিধান আছে কিনা জানি না তবে এত নিস্তব্ধ থাকলে একটু ভয় ভয় লাগে। হাঁটতে হচ্ছে বিড়ালের মত, যাতে কোন শব্দ না হয়। আমার মনে হল আমেরিকানরা যেভাবে টাকা দেয় সেভাবে তাদের কাজ আদায় করে নেয়। আমরা কিছু সময় তাদের অভ্যর্থনা কক্ষে কাটালাম। দীপ তার উধ্বর্তন কর্মকর্তার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছে তবে এই সময়টুকু তাকে বিকাল ৫ টার পর পূরণ করে দিতে হবে। আমরা দীপকে নিয়ে ফ্যাক্টরির বিভিন্ন দিক দেখলেও রিসার্চ সেকশনে যেতে পারিনি। একসময় আমরা ক্যান্টিনে এসে খাওয়া দাওয়া করলাম। ক্যান্টিনে বিশ্বের প্রায় সব দেশের খাবারই পাওয়া যায়। ইন্টেলে যারা চাকুরী করেন তাদের মাঝে এশিয়া, ইউরোপ, আফ্রিকার কর্মকর্তা ও কর্মচারী আছেন। ভারতের একটা বিজ্ঞাপন দেখেছিলাম। ভারতের মেধাবিদের কিভাবে এই সকল কর্পোরেটরা নিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা ছাত্ররা তাদের পড়াশুনা শেষ করার পর চাকুরীর জন্য আবেদন করে। আর এই কর্পোরেট প্রতিষ্ঠানরা বেছে বেছে মেধাবিদের রেখে দেয়। এক সময় প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই ছাত্ররা গ্রিন কার্ড পেয়ে যায়। তার পরে কয়েক বছর থাকার পর পুরোপুরি আমেরিকান নাগরিক হয়ে যায়। ক্যান্টিনে আমরা মঙ্গোলিয়ান খাবার খেলাম। এই খাবারটার সাথে আমাদের কচি মোরগের ঝাল ফ্রাইয়ের কিছু সাদৃশ্য আছে। সালাদের পরিমাণ অনেক বেশী। আমার কাছে খাবারটা পছন্দ হয়েছে।
বিকালে আমরা গেলাম চ্যান্ডলার শহরের পাশ্ববর্তী টেম্পে নামক একটি শহরে। কাছাকাছি সুন্দর জায়গার মাঝে টেম্পে একটি সুন্দর শহর। এখানকার নান্দনিক লেইক তার উপরে সুন্দর ব্রীজ দেখলে মন জুরিয়ে যায়। টেম্পে শহরের মাঝ দিয়ে লেইক করা হয়েছে আর লেইকের উপর করা হয়েছে ব্রীজ। সবচাইতে দেখার মত হল ব্রীজটিতে বৈদ্যুতিক বাতিগুলো দেওয়া হয়েছে বিভিন্ন রংয়ের। রাতে যখন বাতিগুলো জ্বলে উঠে তখন একই বাতি থেকে বিভিন্ন রং বেরোয়। রাতের খাবার খাওয়া হবে মেক্সিকান ফুড। এগুলো ভাই, বোন আর ভাবীর পরিকল্পনা। আমার আবার সুগারের সমস্যা। এই খাওয়া দাওয়ার ফলে সুগার নিয়ন্ত্রণহীন হলে তো বারোটা বেজে যাবে। তাই সব কিছু এড়িয়ে চললেও ছেলে মেয়েদের সাথী না হয়ে পারা যায় না। মেক্সিকান ফুড খেতে হলে যেতে হবে পার্শ¦বর্তী শহর মেসেতে। খুব একটা দূরে নয়। দশ মিনিট গাড়ি চালালেই মেসেতে যাওয়া যায়। চ্যান্ডলার, টেম্পে, মেসে, ফিনিক্স এই শহরগুলি প্রায় কাছাকাছি। মেক্সিকান এই খাবারটাকে বলা হয় টাকো। মুক্তিযুদ্ধকালীন বন্ধু ইকরাম সিকদার বেলজিয়াম থেকে ফেইসবুকে মেসেজ অপসনে জানিয়েছিল মেক্সিকান টাকো খাবারটি খাওয়ার জন্য। এই খাবারের সাথেও আমাদের রুটি, ভাজির সাদৃশ্য আছে। তরকারি বলতে কিছু থাকে না তবে আলাদা আলাদা বাটিতে টক, ঝাল, মিষ্টি ঝোল দেওয়া থাকে। যার যেটা পছন্দ সেটা নিতে পারেন। মূল্য খুব বেশী হয় না। তবে সবচাইতে ব্যয়বহুল খাবার হচ্ছে এপলবিস নামক রেস্টুরেন্টের খাবার। এই রেস্টুরেন্টটিতে খাবারের অর্ডার দেওয়ার পর তারা পরিবেশন করে। অনেকক্ষণ বসে থেকে খাবারটা পেলেও সেটা খুব উন্নতমানের। আমাদের মত প্রবাসিরা মেকডোনাল্ড বা বার্গারকিং রেস্টুরেন্টেই ফাস্টফুড খেয়ে থাকেন। এপলবিস ব্যায়বহুল হওয়ায় সেখানে মাঝে মাঝে খেতে যান। আমার ইচ্ছা ছিল চায়নিজ খাবার খাওয়ার। আমাদের দেশে চায়নিজ খাবারটা জনপ্রিয়। বাংলাদেশে আমরা যে চাইনিজ খাবারটা খাই এটা আসলে চায়নার লোকদের খাবার না। সাপ, ব্যাঙ এগুলো চাইনিজদের প্রিয় খাবার। চায়নিজ রেস্টুরেন্টে সাপ ঝুলিয়ে রাখে। মোটা মোটা নাদুস নুদুস সাপ। সাপের পেট চিরে কলজেটা বের করে লবণ দিয়ে খেতে তারা পছন্দ করে। আস্ত ঈঁদুরগুলোকে ডুবোডুবো তেলে ভেজে কুরমুর করে চিবিয়ে খাওয়ার মাঝে চায়নিজরা আনন্দ পায়। আমি ২০০৩ সালে চীনে গিয়ে এরকম অনেকগুলো রেস্টুরেন্টে সাপ, ব্যাঙ, ঈঁদুরের খাবারগুলো দেখেছি। এখানেও যখন শুনলাম চায়নিজ রেস্টুরেন্টে তাদের নিজস্ব খাবার আছে তাই ঐ পথে আর পা বাড়াইনি। (চলবে)