বজলুল মজিদ চৌধুরী খসরু
(পূর্ব প্রকাশের পর)
আমাদের বন্ধু সউদ আহমদ চৌধুরী সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস,সি পাশ করেছিল। হাসননগরে তার চাচা মরহুম রফিকুল বারী চৌধুরী সাহেবের বাসায় থেকে পড়াশুনা করত। আমার একই সাথে এস.এস.সি পাশ করলাম ১৯৬৭ সালে। কলেজ জীবন তার ময়মনসিংহ। তারপরে ঢাকা বিশ্বাবিদ্যালয় থেকে এম,এ। চাকুরী জীবনে কিছুদিন রেড ক্রস তারপরে বি,আর,ডি,বি। আশির দশকে চলে আসে পশ্চিম জার্মানীতে। পূর্ব জার্মানীর বার্লিন হয়ে আমাদের শহরে । আমি তখন থাকি পশ্চিম জার্মানীর মাইনজ শহরে। তার সাথে ময়মনসিংয়ের শিবতোষ রায় চৌধুরী। শিবতোষ বাবু চাকুরী করত উত্তরা ব্যাংকে। দুজনে মিলে চলে আসে পশ্চিম জার্মানীতে। জার্মানীতে থাকার তখন একমাত্র উপায় রাজনৈতিক আশ্রয় প্রার্থনা। সউদ একসময় ন্যাটো ফোর্সের অধীন আমেরিকান আর্মিতে হাউজিং রেফারেল স্পেশালিষ্ট হিসাবে চাকুরী পায়। ভাল চাকুরী, বেতন ভাল। তারপরেও স্বপ্নের দেশ আমেরিকা তাকে হাতছানি দিয়ে ডাকে। শাহী আমেরিকা থেকে জানিয়েছে কোনভাবে এসে ঢুকে যাও তারপরে দেখা যাবে। আমি দেশে আসার পর জানলাম সউদ একজন পাকিস্তানির পাসপোর্ট ক্রয় করেছে। এই পাকিস্তানিটির পাসপোর্টে পাঁচ বছরের মাল্টিপোল ভিজিট ভিসা ছিল। জার্মানিতেই পাকিস্তানি মানুষ পাচারকারী দালালরা পাসপোর্টে থাকা ছবি পাল্টে সউদের ছবি লাগিয়ে দিয়েছিল। পাসপোর্ট খরিদ, ফটো বদলানো এগুলোতে তার এক বছরের আয়ের টাকা চলে গিয়েছিল। তবে এত নিখুতভাবে ছবি বদল করে দিয়েছিল যে আমেরিকান ইমিগ্রেশন কর্ত্তৃপক্ষ কোনো প্রশ্ন না করেই তাকে আমেরিকায় ঢুকতে দিয়েছিল। তারপরে আমেরিকাতে থাকার সংগ্রাম, চাকুরীর সংগ্রাম সব কিছুকে সহ্য করে থাকতে হযেছে। এখন নিউ ইয়র্কের জ্যামাইকায় একটি বাড়ীর মালিক। এক মেয়ে উচ্চ শিক্ষিত, মেয়ের স্বামী আমেরিকার এ্যটর্নি। মোস্তাকিম আলী যাকে আমরা জগলুল বলে ডাকি তার কাহিনী আরো লোমহর্ষক। জগলুল আমাদের শিক্ষক মোহাম্মদ আলী স্যারের ছেলে। সুনামগঞ্জ শহরের আলীমাবাগে বাসা। ১৯৭৯-১৯৮০ এর দিকে চলে যায় লিবিয়াতে। লিবিয়াতে হাড় ভাঙ্গা পরিশ্রম ছাড়া কোন উপায় ছিলনা। কয়েক বছর থাকার পর ইংল্যান্ড যাওয়ার চিন্তা মাথায় আসে। লিবিয়া থেকেই ভিসা সমেত পাসপোর্ট এর ফটো বদলিয়ে ইংল্যান্ড চলে আসে। এই কাজে ঝুকি অনেক বেশী। তারপরেও আমাদের প্রথম প্রজন্মদের এই ঝুকি নেওয়া ছাড়া বিকল্প ছিলনা। ইংল্যান্ডে এসেও একই ভাবে অবৈধ অভিবাসি হিসাবে সে বাঙ্গালী রেষ্টোরেন্টে চাকুরী করত। হাড় ভাঙ্গা খাটুনি। অবৈধদের একটু বেশী খাটিয়ে নেন মালিকরা। আবার বেতনের বেলায় বৈষম্য থাকে। তারপরেও সব কিছুকেই মানিয়ে নিতে হয়। নিজের বৈধতা আনার জন্য একজন বৃটিশ বাংলাদেশী নাগরিককে বিয়ে করলেও সেটা বেশী দিন টিকেনি। এরপর মাথায় আসে স্বপ্নের দেশ আমেরিকাতে চলে আসার। প্রযুক্তি তখন এত উন্নতমানের না থাকায় ভিসা সমেত পাসপোর্ট ক্রয় করে সেও পাড়ি দেয় আমেরিকা। এয়ারপোর্টে প্রায় ধরা পড়ার উপক্রম । ভাগ্যে থাকলে যা হয়। ইমিগ্রেশন অফিসার একটু সময়ের জন্য সরে গেলে সেই ফাকে সটকে ভিতরে ঢুকে গেল জগলুল। স্বপ্নের দেশ আমেরিকার নিউ ইয়র্ক আসলেও থাকার সমস্যাটায় ভুগতে হয়েছে। বাড়ী ভাড়া বেশী। কয়েকজন মিলে ছোট ছোট এপার্টমেন্ট নিয়ে থাকা। অনেক সময় সিড়ির পাশেও রাত কাটাতে হয়েছে । আজকে তাদের ছেলে, মেয়েরা পড়াশুনা করে ভাল ভাল চাকুরী করছে কিন্তু তারা হয়ত জানেনা তাদের প্রথম প্রজন্মরা কি রকম কষ্ট করে এদেশে বৈধ আমেরিকান হয়েছেন।
শাহী নিউ ইয়র্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে লং আইল্যান্ড শহরের ডিয়ার পার্ক এলাকায় থাকে। এখানে তার বিরাট সাম্রাজ্য। আমেরিকার অভিবাসি আইনের সুযোগে তার চার শালা, দুই শালিকা, দুই ভায়রা ভাই সবাইকে নিয়ে এসেছে আমেরিকায়। তারা সবাই থাকে লং আইল্যান্ডের ডিয়ার পার্ক এলাকায়। আলাদা আলাদা বাড়ীতে থাকলেও মনে হয় এক পরিবারে আছেন। এক সাথে দাওয়াত হলে ছোট বড় মিলিয়ে প্রায় ৩০/৪০ জনের মেলা বসে যায়। শাহীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালবাসা অফুরন্ত। সবাই এখন চাকুরী করছেন। বাড়ীর বউটিও চাকুরীতে থাকায় অবসরে কাউকেই পাওয়া যায়না। লং আইল্যান্ড থেকে নিউ ইয়র্ক আসতে সময় এবং সঙ্গী দরকার। শাহী নিজে খুব একটা সুস্থ নয়। তার জীবনে বিরাট ধকল গেছে। এখন ঔষধ এবং নিয়মানুবর্তীতাই তাকে বাঁচিয়ে রেখেছে। আমাকে সে ফোনে বলছিল আমেরিকা যখন এসেছ ভাল ডাক্তার দেখিয়ে যাও। সব ব্যবস্থা করে রাখবে। লং আইল্যান্ডের ভারতীয় ডাক্তাররা তার বন্ধু তাই সেখানে ডাক্তার দেখাতে কোনো অসুবিধা হবেনা। নিউ ইয়র্ক শহরে বন্ধুদের মধ্যে সউদ আর জগলূল থাকে। তাছাড়া সউদ আর আমি একসাথে পশ্চিম জার্মানীতে ছিলাম কয়েক বছর। ইচ্ছা ছিল সউদের এখানে উঠব কিন্তু জগলূল এক পায়ে খাড়া। নিউ ইয়র্ক আসলে আমি যেন তার এখানে উঠি। আমার নিউ ইয়র্ক আসার দিনক্ষন জানার জন্য সদা সর্বদা ফোন করত। এদিকে ভাতিজা সাগর রায় বারবার ফোনে বলছিল কাকু নিউ ইয়র্কে আপনারা আমার বাসায় উঠবেন। সাগর আমাদের ভালবাসার মানুষ শ্রদ্ধেয় বরুণ রায়ের ছেলে। আমার একই উপজেলার রিন্টু মাঝে মাঝে ফোন করে। সে এবং তার স্ত্রী সুবর্না ফোনে বলেছিল নিউ ইয়র্ক আসলে যেন তাদের এখানে উঠি। নিউ ইয়র্কে বাসস্থান সমস্যা আছে এটা আমি জানি। বাড়ী ভাড়া বেশি। ছোট ছোট এপার্টমেন্টে যে ভাড়া গুনতে হয় এই ভাড়ায় অন্য ষ্টেটে অনেক বড় বাড়ী ভাড়া পাওয়া যায়। নিউ ইয়র্ক আমেরিকার কেন্দ্র বিন্দু। এখানে অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশী তাই সবাই নিউ ইয়র্কেই থাকতে চান। আমি সব কিছু চিন্তা করে দেখলাম বন্ধু বান্ধবের এখানে থাকলে যেটুকু ফ্রি থাকতে পারব সেটা অন্য জায়গাতে সম্ভব হবেনা। তাই জগলূলের এখানে থাকব বলে সিদ্ধান্ত নিলাম। জগলূলের সাথে আলাপ আলোচনা করে আমার নিউ ইয়র্ক যাওয়ার সময়সূচী তৈরী করলাম। আমার বাংলাদেশ যাওয়ার টিকেট করা আছে ১৪ জুন। নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট থেকেই আমাকে কুয়েত এয়ারলাইন্সে উঠতে হবে। ৪ জুন আমি রওয়ানা হলাম নিউ ইয়র্ক এর উদ্দেশ্যে। এরিজোনা ষ্টেটের রাজধানী ফিনিক্স থেকে আমি আমেরিকান এয়ারলাইন্সে নিউ ইয়র্ক আসব। দুই দিন পরেই রোজা শুরু হয়ে যাবে। ৫ জুন ছিল রবিবার। ইশতিয়াক রুপু আমার সাথে আলাপ করে বলল আমি যেন ৫ তারিখে কোন প্রর্গাম না রাখি। রোজার আগের দিন একটা দেশীয় আড্ডার আয়োজন করবে। ৪ জুন দুপুর সাড়ে বারোটায় ফিনিক্স এয়ারপোর্ট থেকে আমেরিকান এয়ারলাইন্সে রওয়ানা হলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে। আমার ফ্লাইট ছিল সোজাসোজি নিউ ইয়র্ক। সময় লাগবে প্রায় সাড়ে পাচ ঘন্টা। সেই হিসাবে আমার যাওয়ার কথা সন্ধা ছয়টায় কিন্তু আমি নিউ ইয়র্ক সময় রাত নয়টায় পৌছলাম। নিউ ইয়র্কের ঘড়ি এরিজোনা ষ্টেট থেকে তিন ঘন্টা এগিয়ে আছে। আমাকে এয়ারপোর্টে বিদায় জানাতে মুনমুন, দীপ, দীয়া, নিশি আসে। আমি আর এরিজোনার চ্যান্ডলার শহরে আসছিনা। একটা জিনিষ লক্ষ করলাম আমেরিকান এয়ারলাইন্স বা ডেলটা এয়ারলাইন্স এই দীর্ঘ সাড়ে পাচ ঘন্টা ভ্রমনে শুধুমাত্র এককাপ কফি বা চা আর সাথে এক টুকরো বিস্কুট ছাড়া আর কিছুই পরিবেশন করেনা। আমি যখন এরিজোনাতে আসি তখন ছিল ডেলটা এয়ারলাইন্সের টিকেট এখন যাচ্ছি আমেরিকান এয়ারলাইন্সে কিন্তু সেই একই অবস্থা। দীপ, নিশি তাই বলেছিল ভাল করে খাওয়া দাওয়া করে উঠার জন্য। নিউ ইয়র্ক এয়ারপোর্টে আমাকে নিতে জগলূল, সউদ, রিন্টু, এলেমান আর সিলেটের তোফাজ্জল করিম (আবু ভাই) আসলেন।
নিউ ইয়র্কে আমার প্রথমবার আসা। জন এফ কেনেডি এয়ারপোর্টে এসে প্রথম অবতরন করলেও আমি শহরটাতে ঢুকিনি। চলে গেছি কানেক্টিকাট ষ্টেটের উইন্ডসর শহরে। বহুজাতিক পরিবেশে নিউ ইয়র্ক শহর দাড়িয়ে আছে মাথা উচু করে। আমি নিউ ইয়র্কে পৌছার পর যখন চারিদিকে বিভিন্ন বর্ণের, বিভিন্ন ভাষাভাষি মানুষদের দেখতে পেলাম তখন আমি যে বিদেশি এই দূর্বলতা অনেকটা দূর হয়ে গেছে। সারা শহরটাই যেন বিদেশি মানুষের আবাসভুমি। এর আগে কানেক্টিটাক ও এরিজোনা ষ্টেটে ছিলাম। সেখানে নিজকে সব সময়ই পরদেশি মনে হত। নিউ ইয়র্কে রয়েছে হিসপানিক জাতীয় মানুষ যারা এসেছেন পোর্টেরিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, কলাম্বিয়া, ইকুয়েডোর, পানামা, পেরু, কিউবা, ডমিনিকান রিপাবলিক থেকে। আরো এসেছেন বারবাডোস, জ্যামাইকা, গায়ানা, হাইতি, ত্রিনিদাদ প্রভৃতি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ এর লোকজন। এসেছেন এশিয়ার চীন, জাপান, কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইরান, জর্দান, লেবানন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে। এই সমস্ত দেশের লোকেরা বসতি স্থাপন করেছেন নিউ ইয়র্কে। পৃথিবীর তাবৎ ভাগ্যহারা ও ভাগ্যান্বেশীদের গন্তব্যস্থল হচ্ছে নিউ ইয়র্ক। এয়ারপোর্টে কর্মরত বেশীর ভাগই হিস্পানিক ও আফ্রিকার অভিবাসী। এই মহানগরীর শিল্প ও বানিজ্য এলাকা গড়ে উঠেছে মাত্র তিনশত বছরে। আমেরিকা আবিষ্কারের পর এই শহরটার মালিকানা ছিল ওলন্দাজদের হাতে। ওলন্দাজ মানে হল্যান্ড দেশের হাতে। প্রথমে এই ষ্টেটের নাম ছিল নিউ নেদারল্যান্ড আর শহরটার নাম ছিল নিউ আমষ্টারডাম। পরে ইংরেজরা জোর করে দখল করে নেয় গোটা নিউ নেদারল্যান্ড ষ্টেট। বৃটেনের রাজা দ্বিতীয় চার্লস এই রাজ্যটি দান করেন তার ভাই ডিউক অব ইয়র্ককে। তাই নিউ নেদারল্যান্ড রাজ্য ও তার রাজধানী নিউ আমষ্টারডাম দুটোরই নামকরন করা হয় নিউ ইয়র্ক। এই নগরির ইতিহাস ঘাটলে দেখা যায় বিভিন্ন সময়ে নগরির কর্তৃত্ব বিভিন্ন দেশীয়দের হাতে চলে গেছে। এক সময় লাখ লাখ আইরিশ দলে দলে আসতে থাকে এবং ইংরেজদের হটিয়ে আইরিশরা তাদের কবলে নিয়ে নেয় নিউ ইয়র্ককে। তারপরে আসে হাজারে হাজারে ইটালিয়ান। কালক্রমে তারাই হয়ে যান নগরির হর্তাকর্তা। পরবর্তীতে ইহুদিরা তাদের নিয়ন্ত্রনে নিয়ে নেয় নিউ ইয়র্কের চাবিকাঠি। আফ্রিকান কালোরাও কম যায়নি। নিউ ইয়র্কের অতি সম্মানিত মেয়র পদে একসময় নির্বাচিত হয়েছিলেন ডেভিড ডিনকিন নামে একজন কালো আফ্রিকান অভিবাসী। নিউ ইয়র্কের পুলিশ বাহিনীর শক্তিধর কমিশনার ছিলেন বেঞ্জামিন ওয়ার্ড নামে আরেক আফ্রিকান অভিবাসী।
(চলবে)