- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ- লিংকনের আমেরিকায় কিছু দিন

বজলুল মজিদ চৌধুরী খসরু

(পূর্ব প্রকাশের পর)
আমাদের নেওয়ার জন্য এয়ারপোর্টে বউমা নিশির আসার কথা। দীপ মাসখানেক আগে চাকুরী পেয়ে এরিজোনা স্টেটে চলে যাওয়ায সে আসবে না। এরিজোনা থেকে বিমানে নিউ ইয়র্ক আসতে প্রায় পাঁচ ঘন্টা লাগে। তবে এদিকটা সবকিছু ঠিকঠাক করে রাখা ছিল। দীপ জানিয়েছিল, নিশির সাথে আমাদের পূর্ব পরিচিত রুমু এবং তার স্বামী মার্ক আসবে। রুমু আমাদের পূর্ব পরিচিত থাকলেও প্রায় বিশ বছর চলে গেছে, তাদের সাথে কোন যোগাযোগ নেই। দীপ এবং নিশি কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই রুমু এবং তাদের পরিবার ছিল তার আপনজন। তাছাড়া কানেক্টিকাটে আর কোন বাংলাদেশী পরিবারের সাথে তাদের পরিচয় ছিল না। ইউনিভারসিটিতে থাকা গুটি কয়েক বাংলাদেশী ছাত্র ছাত্রী ছাড়া এই পরিবারটির সাথেই ছিল তাদের ঘনিষ্টতা। এক সময় রুমু আমাদের প্রতিবেশী ছিল। আমাদের পাশের বাসাটা সাবেক ফিসারি অফিসার মরহুম আব্দুল জব্বার সাহেবের। এই বাসাতে ভাড়াটিয়া হিসাবে থাকতেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মরহুম আব্দুল মান্নান সাহেব। অত্যন্ত স্বজ্জন মানুষ ছিলেন এই মান্নান সাহেব। প্রতিবেশি হিসাবে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক হয়ে যায়। মান্নান সাহেব কাজের জন্য ধর্মপাশার হাওড়ে দশ পনেরো দিন থাকতেন।  এই সময়টাতে পরিবারটি পুরোপুরি আমাদের সাথে এক পরিবারের মত থাকতেন। রুমু তখন দশ বছরের বালিকা। আমার ছেলে দীপ তখন ছোট। দীপকে সারাক্ষণ কোলে পিঠে করে থাকত। দীপ খেতে না চাইলে  রুমু  আসত। রুমু গান , কবিতা ইত্যাদি বলে ভাত খাইয়ে দিত। পরিবারটি ছিল সাংস্কৃতিমনা। আমাদের তুলিকা ঘোষ চৌধুরীকে দেখতাম রুমুকে গান শেখাত। রুমু খুব ভাল রবীন্দ্র সংগীত গাইত।  একসময় তারা বদলি হয়ে সিলেট চলে যায়। তারপর থেকে তেমন যোগাযোগ ছিল না। হঠাৎ একদিন জব্বার সাহেব জানালেন, মান্নান সাহেব হার্ট এ্যটাকে  মারা গেছেন। এরকম একটা দু:সংবাদ শুনে খুবই আঘাত পেলাম। মান্নান ভাই ছিলেন কুমিল্লার লোক। আমার ধারণা ছিল ভাবী ছেলে মেয়েদের নিয়ে কুমিল্লা চলে গেছেন। মান্নান ভাই মারা যাওয়ার পর থেকে এই পরিবারটির খোঁজ খবর করতাম। বিশেষভাবে জব্বার সাহেবের কাছেই সব খবর পেতাম। উনি সিলেট গেলে সব সময় খোঁজ খবর করতেন। মান্নান সাহেব তার চাকুরী জীবনের পুরো সময়টা সিলেট এলাকায় কাটিয়েছেন। এই এলাকার  লোকদের সাথেই পরিবারটির ঘনিষ্টতা ছিল তাই ভাবী কুমিল্লা না গিয়ে সিলেটকেই তার ঠিকানা করে নিয়েছিলেন। এক সময় ভাবি সিলেটের বি.ডি.আর স্কুলে শিক্ষকতার চাকুরী নেন। দুই ছেলে, দুই মেয়ে নিয়ে সিলেটে একটি বাসা ভাড়া করে থাকতেন। ছেলে মেয়েদের পড়াশুনার খরচ মেটানোর প্রয়োজনে নিজে টিউশনি করতেন। মেয়ে রুমু সিলেট ব্লু- বার্ড স্কুল থেকে গোল্ডেন জিপিএ পেয়ে এসএসসি পাশ করে। এইচএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে মেডিকেল কলেজে ভর্ত্তি হয়। মেডিকেল কলেজে প্রথম বর্ষে থাকা অবস্থায় সিলেটের মানুষের সাথে নিজেও ও-পি-১ লটারিতে অংশগ্রহণ করে। এটাই তাদের পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। ও-পি-১ লটারিতে আমেরিকা অভিবাসনের জন্য নির্বাচিত হয় রুমু। এই লটারিতে নির্বাচিত হলেও আমেরিকাতে একজন স্পনসর নির্বাচন করতে হয়।  ব্লূ- বার্ড স্কুলের সাথী মরহুম হামিদ বখত অ্যাডভোকেট সাহেবের মেয়ে তার সাহায্যে এগিয়ে আসে। মরহুম হামিদ বখত সাহেবের আত্মীয় স্বজন আমেরিকাতে থাকায় তারাই এই মেয়ের জন্য কাগজ পত্র পাঠান। আঠারো বছরের রুমুর জীবন যুদ্ধ শুরু হয় আমেরিকায়। প্রথম দিকে আরেকটি মেয়েকে নিয়ে একটা এপার্টমেন্ট ভাড়া করে নিউইয়র্ক থাকত। প্রায় বছর খানেক রেস্টুরেন্টে চাকুরী করার পর সিদ্ধান্ত নেয় একটা কোর্স করার। বিভিন্ন বিশ্ববিদ্যালযে দরখাস্থ করার পর ইউনিভারসিটি অব কানেক্টিকাটে একটা সুযোগ আসে। একাউন্টিং এর উপর কোর্স করতে যেয়ে সারা বছরের সঞ্চয়ের টাকা টিউশন ফিতেই শেষ হয়ে যায়। আবার তাকে পার্টটাইম কাজ করে সঞ্চয় করতে হয। এভাবে দিনের পর দিন কাজ আর পড়াশুনা করে এক সময় সে কোর্সটা সমাপ্ত করে। এই কোর্স করাটাই তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। প্রথম দিকে একটা ইন্সুরেন্স কোম্পানীতে একাউন্টস সেকশনে কাজ নিলেও এখন সে এই কোম্পানির বড় কর্তা। ইউনিভারসিটিতে পড়াকালীন সময়ে পরিচয় হয় মার্ক জারডিম নামে এক আমেরিকান ছেলের সাথে। মার্কের বাবা ইটালিয়ান মা পর্তুগিজ। তারাও অভিবাসি হিসাবে আমেরিকায় আসেন। মার্কের সাথে মন দেয়া নেয়া, এক সময় তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখন মার্ক এবং রুমু একটি সুন্দর জুটি। রুমু আমেরিকার নাগরিকত্ব পাওয়ার পর তার মা, ভাই সবাইকে আমেরিকায় নিয়ে আসে। ফেইসবুক অনেক সময় বহু পুরাতন মানুষের সাথে সংযোগ ঘটিয়ে দেয়। এই ফেসবুকেই একদিন রুমু পেয়ে যায় দীপকে। দীপের সাথে ফেসবুকে চ্যাট করে এক সময় তারা বন্ধু হয়ে যায়। দীপ কানেক্টিটাক বিশ্ববিদ্যালয়ে আসার আগে এলাবামা বিশ্ববিদ্যালয়ে ছিল। এলাবামা থাকা অবস্থায়ই তারা ফেইসবুকে পরিচয় হলেও দেখা সাক্ষাত হয়নি। দীপ গবেষণা করার জন্য কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাওয়ার পর তারা একদম কাছে চলে আসে। সেই থেকেই রুমু আর মার্ক হয়ে যায় নিশি আর দীপের স্থানীয় অভিভাবক। তাই আমাদের আমেরিকা আসার আগে রুমুর সাথে আলাপ আলোচনা করার পরই সব কিছু ঠিকঠাক করে রাখে তারা।
নিউইয়র্কের এই এয়ারপোর্টটির নাম জন এফ কেনেডি এয়ারপোর্ট। সংক্ষেপে এটাকে জেএফকে এয়ারপোর্ট বলা হয়। আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট জনএফ কেনেডির নামে এই বিমানবন্দর। আন্তর্জাতিক ফ্লাইটগুলো এই এয়ারপোর্টেই অবতরণ করে। এছাড়াও আরো কিছু অভ্যন্তরীণ এয়ারপোর্ট নিউইয়র্ক শহরেই আছে।  আমরা যেহেতু কানেক্টিকাট স্টেটের উইন্ডসর শহরে যাব তাই এই এয়ারপোর্টেই আমরা অবতরণ করেছি। ঝকঝকে বিমানবন্দর। মনে হয় যেন আমাদের চেহারাটা ফ্লোরে তাকালেই দেখা যাবে। আমরা যেহেতু প্রথম এসেছি তাই সব কিছুই আমাদের কাছে ভাল লাগছে। কিন্তু আমাদের সেগুলো দেখার সময় নাই। আমরা চিন্তায় আছি যদি বাইরে বের হয়ে কাউকে না পাই তখন কি হবে। অনেক কিছুই তো ঘটতে পারে। পথে জানজটে পরলে আসা দেরি হতে পারে। ছেলে দীপ আসবে না এটাও একটা চিন্তার কারণ। ইমিগ্রেশন শেষ করে বারো ডলার দিয়ে দুটো ট্রলি বের করে লাগেজগুলো ট্রলিতে তুলেছি। হাতের লাগেজগুলো ট্রলিতে দিয়ে দিয়েছি। একটা ট্রলি আমি আরেকটি আমার মেয়ে  ঠেলতে ঠেলতে হাঁটছি। রাস্তা তো অনেকগুলো আছে কোন রাস্তা দিয়ে ্েবর হব এটাও একটা বিষয়। যারা কানেক্টিং ফ্লাইট ধরবেন তারা একদিকে চলে যাচ্ছেন। আমাদের সাথে যে সকল বাঙালি প্যাসেঞ্জার এসেছিলেন তারা যে কোনদিকে গেলেন সেটা দেখিনি। অগত্যা বেশী প্যাসেঞ্জার যেদিকে যায় তাদের পিছনে পিছনে ছুটলাম। এক সময় দেখি বের হয়ে গেছি। আরো অনেকেই তাদের যাত্রীকে নিতে এসেছেন।
যারা বিদেশে এসেছেন তারা সবাই জানেন, বিদেশে একটা পরিচিত মুখ দেখলে কি রকম অনুভূতি লাগে। আমরা কি কখনও ভেবে দেখি নিজের কাজ ফেলে বা অফিস ফাঁকি দিয়ে এই মানুষগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে  আমাদের এয়ারপোর্ট থেকে নিতে এসেছেন। পথের মাঝে কত ঝক্কি ঝামেলা তাদেরকে পোহাতে হচ্ছে। এই সকল অমূলক কথা চিন্তা করতে করতে বের হয়ে এদিক সেদিক তাকাচ্ছি, হঠাৎ দেখি নিশি আর তার সাথে আরেকটি মেয়ে আমাদের দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমিও হাত নেড়ে জানান দিলাম। সাথে মেয়েটি কাকে জানি মোবাইল ফোনে কথা বলছে। দেখি একটা আমেরিকান ছেলে দৌঁড়ে এসে আমাদের ট্রলিতে থাকা লাগেজগুলো টপাটপ গাড়িতে তুলতে লাগল। একটু কাছে আসতে মনে হয়ে গেল আরে এতো আমাদের সেই ছোট্ট রুমু। আমার মেয়ে  তাকে কোনদিন দেখেনি তবে দীপ আমাদের সাথে প্রায়ই রুমুর কথা বলত। তাতেই তার একটা অবয়ব দাঁড়িয়ে আছে। রুমু এসেই আমাকে জড়িয়ে ধরল, বলল- চাচা আমাকে চিনতে পারছেন? সেই কবে দেখেছিলাম ছোট রুমুকে, তাও সেটা প্রায় বিশ বছর আগে। মনে পড়ল মান্নান ভাইয়ের কথা। ধর্মপাশার হাওড়ে যাওয়ার আগেই আমাকে বলতেন- ভাই আপনি আছেন তাই চিন্তা করি না। বাসার দিকে খেয়াল করবেন। মন চলে গেল সেই বিশ বছর আগের দিনে। আমাদের লাগেজ বেশি হবে মনে করে রুমুর স্বামী মার্ক তার পারিবারিক একটা বড় গাড়ি নিয়ে এসেছে। আমাদের এখন যেতে হবে কানেক্টিকাট স্টেটের উইন্ডসর শহরে। জেএফ কেনেডি এয়ারপোর্ট থেকে আরো তিন ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে। এমনিতেই প্রায় পচিশ ঘন্টা জার্নি হয়ে গেছে। এখন আবার তিন ঘন্টা বসে থাকা। কতটুকু শরীর মানবে জানি না। তার পরেও আমেরিকার বড় বড় গাড়ি, আট লেনের হাইওয়ে, সুন্দর সুন্দর অট্টালিকা এগুলো দেখতে গেলে তো আর ঘুমানো যায় না। মনে হল পৃথিবীর সম্পদকে এভাবে কেন সৃষ্টিকর্তা ভাগ করলেন। কারো কোন সম্পদ নাই আবার কেউ কতটা আছে সেটা জানে না। গাড়ীতেই রুমুর কাছ থেকে তার আমেরিকা আসা, মার্কের সাথে পরিচয় ও বিয়ের কাহিনি শুনছিলাম। গাড়ি চালাচ্ছে মার্ক। আমার মনে হচ্ছে সে মনে হয় রাতে ঘুমায়নি। মাঝে মাঝে হাই তুলছে। পাশে রুমু বসা। আর তার গালে হাত দিয়ে বলছে ঘুম পাচ্ছে সোনা। আর একটু সময়, তার পরেই ছুটি হয়ে যাবে। গাড়িতে যখন যাচ্ছি তখন আমেরিকায় রাত। গাড়িতে থাকা অবস্থায়ই নিশির কাছে একটা ফোন এল। নিশি ফোনটা এগিয়ে দিয়ে বলল, বাবা মারুফ চাচ্চু আপনাকে ফোন করেছেন। মারুফ মানে আমাদের মারুফ চৌধুরী। পচাত্তর পরবর্তী ছাত্র লীগকে সংগঠিত করতে যিনি অবদান রেখেছিলেন সেই মারুফ চৌধুরী। তবে আমাদের সাথে সম্পর্ক রাজনৈতিক নয়। মারুফ আমেরিকায় অনেক মানুষের উপকার করে সেটা সবাই অকপটে স্বীকার করেন। আমাদের নিশি ও দীপ যতবার দেশে আসে ততবারই বলবে মারুফ চাচু সব সময় আমাদের খোঁজ খবর করেন। আলাবামা থেকে যখন তারা কানেক্টিকাট স্টেটে আসে সে সময় তাদের কাছে এক বছরের জমানো বাসার জিনিস পত্র সহ প্রায় ১২ টা লাগেজ ছিল। তাদের আসতে হবে প্রথম নিউ ইয়র্ক পরে সেখান থেকে কানেক্টিকাট। কিন্তু কানেক্টিকাট যাওয়ার আগে বাংলাদেশে আসার জন্য টিকেট করে ফেলেছে। তাদের ইচ্ছা বাংলাদেশ থেকে ঘুরে গিয়ে  কানেক্টিকাটে নুতন জীবন শুরু করবে। তাদের বাসার জিনিস পত্র মানে বারোটা লাগেজ রাখার জন্য দীপের স্কুল সময়ের বন্ধু প্রশান্তের বাসাটা ঠিক করে রেখেছিল। প্রশান্ত থাকে লং আইল্যান্ডে। লং আইল্যান্ড আবার নিউইয়র্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। ট্রেনে করে লাগেজগুলি এলাবামা থেকে আনলেও ষ্টেশন থেকে এগুলো নিতে হলে গাড়ি লাগবে। আর সেটা যদি টেক্সি করে লং আইল্যান্ড  নিতে হয় তাতে এই ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের এক মাসের ডলার চলে যাবে।   নিউইয়র্ক থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে থাকা তার ক্লাসমেইট প্রশান্তকে তাদের সমস্যার কথা বলতে সে রাজী হয়েছিল লাগেজগুলো রাখতে। প্রশান্ত এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজের হাতে লাগেজগুলো গাড়িতে তুলে তার বাসায় রেখেছিল। দীপ নিশি দেশ থেকে আমেরিকা এসে প্রায় দুই মাস পর এই লাগেজগুলো নিয়ে গেছে।  নিউইয়র্কের দর্শনীয় স্থান যেমন ষ্ট্যাচু অব লিবার্টি. এলিস আইল্যান্ড, ম্যানহাটন সিটি দেখার জন্য নিউ ইয়র্কে শহরে থাকলে সুবিধা। তাই তারা মারুফের সাথে যোগাযোগ করে। মারুফ অত্যন্ত আগ্রহ ভরে তাদেরকে বাসায় জায়গা দেয়। এই কথাটা দীপ নিশি সব সময় বলে। ১৯৭১ সালে সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মোখলেছুর রহমান সাহেব। তার ছেলে ছিল পিকুল। এই পিকুল প্রথম যখন আমেরিকার নিউইয়র্কে যায় তখন তার থাকার কোন জায়গা ছিল না। মারুফ তাকে পার্কে বসা অবস্থায় পায় এবং থাকার জায়গা দেয়। পিকুল ফেইসবুকে স্ট্যটাস দিয়ে এই কৃতজ্ঞতার কথা জানিয়েছে। আমার আমেরিকা আসার পর নিজের ছেলে এবং বউমা ছাড়া পরিচিতজনদের মাঝে মারুফের ফোন পাই। আমি কুয়েত এয়ারলাইন্সে উঠার আগে ফেইসবুকে একটা স্ট্যটাস দিয়েছিলাম সেটার সূত্র ধরেই সে ফোন করে। সে মনে করেছিল আমাদেরকে রিসিভ করে তার বাসায় নিয়ে যাবে। তার এই ফোন করাটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে।  (চলবে)
 

  • [১]