- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ লিংকনের আমেরিকায় কিছু দিন

বজলুল মজিদ চৌধুরী খসরু    (পূর্ব প্রকাশের পর)
৯ মে আমাদেরকে চলে যেতে হবে এরিজোনা ষ্টেটে। এরিজোনাতে যেতে হলে নিউইয়র্কের জনএফ কেনেডি এয়ারপোর্টে যেতে হবে। নিউইয়র্ক উইন্ডসর শহর থেকে প্রায় তিন ঘন্টার ড্রাইভ। আভ্যন্তরীণ এয়ারপোর্ট ব্রেডলি কাছেই আছে কিন্তু আভ্যন্তরীণ এয়ারপোর্ট থেকে যে সকল বিমান যায় সেগুলোতে মালামাল নেওয়া যায় না। দীপদের দীর্ঘদিনের জমানো মালামাল আগে নিলেও অনেক রয়ে গেছে। আমাদের মালামাল সহ প্রায় ১৬টা লাগেজ। এগুলো সব কার্গোতে বুকিং দিতে হবে। তাই নিউ ইয়র্ক এয়ারপোর্টেই যেতে হবে। আগের রাতে মার্ক আর দীপ রেন্ট এ কার থেকে একটা বড় গাড়ী ভাড়া করে নিয়ে এসেছিল। লাগেজগুলোকে গাড়ীর ভেতরে বাগে আনতে মার্কের গলদঘর্ম অবস্থা। এক্ষেত্রে আমাদের নিশিও কম যায় না। লাগেজগুলোকে এপাশ ওপাশ করে একটা জায়গা করে নিল। গাড়ীটা দীপ ড্রাইভ করে নিয়ে এয়ারপোর্টে তাদের অফিসে দিয়ে দেবে। আমাদের ফ্লাইট ছাড়বে বিকাল পাঁচটায়। সকালে রুমুদের ২৭ হিউডেন ষ্ট্রিটের বাসা থেকে গেলাম তাদের ৭৬ প্রেস্টন ষ্ট্রিটের বাসায়। ভাবীর কাছ থেকে বিদায় নেওয়া। আমরা আর কানেক্টিকাট ষ্টেটের উইন্ডসরে আসব না। ভাবী আমাদের জন্য নাস্তা তৈরি করে রেখেছিলেন। সকাল ১১ টায় আমরা  রওয়ানা দেব নিউইয়র্ক জেএফকে এয়ারপোটের উদ্দেশ্যে। আমরা সিদ্ধান্ত নিয়েছি দুপুরের খাবারটা সাবওয়েতে করে নেব। দীপ তার হোন্ডা কেম্প্রি গাড়ীটি তানভিরের জন্য রেখে দিয়েছে। গাড়ীটা সে সেকেন্ডহ্যান্ড কিনেছিল তবে ভালই সার্ভিস দিয়েছে। আমাদের দেশে ড্রাইভাররা গাড়ী চালান  ডানদিকে বসে আর গাড়ীটা চালাতে হবে বাম লেনে। এখানে সেটা পুরো উল্টো। ড্রাইভারের সিট থাকে বাম দিকে আর গাড়ী চালানো হয় ডান লেন ধরে। আমেরিকা বা ইউরোপে গাড়ী চালাতে না পারা এক ধরনের অযোগ্যতাই বলা যায়। গাড়ী না চালাতে পারলে তাকে প্রতিবন্ধি শ্রেণিভুক্ত বলা হলেও অত্যুক্তি  হবে না। গাড়ী ছাড়ার আগে দীপ তাপমাত্রা দেখে এসেছে। আজকের তাপমাত্রা ৬০-৬৫ ডিগ্রী ফারেনহাইট। এটা নাকি সব চাইতে আরামদায়ক আবহাওয়া। এদেশে আরেকটা জিনিষ দেখলাম ফারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপা হয়। আমরা সাধারনত সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা মেপে অভ্যস্থ। পৃথিবীর প্রায় সব জায়গাতেই সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা মাপা হলেও এখানে সেটা অচল। আমরা জ্বর মাপি ফারেনহাইট স্কেলে। এখানে দূরত্ব মাপা হয় মাইলে। সেই আমরা ছোট বেলায় সুনামগঞ্জ থেকে সিলেট গেলে বলতাম ৪২ মাইল রাস্তা। আমরা এখন আর মাইলে দূরত্ব মাপি না, এখন আমরা মাপি কিলোমিটারে। আমেরিকা এখনও তাদের সেই আদি আভিজাত্য বজায় রাখতে গিয়ে মাইলই রেখে দিয়েছে। তাছাড়া ওজনের ব্যাপারেও তারা আগের ধ্যান ধারণা পোষণ করে। ওজন মাপা হয় পাউন্ডে, কিলোগ্রামে নয়। দীপ তার জিএসপি মেশিনটা এনে রেন্ট এ কার থেকে ভাড়া করা গাড়ীতে বসিয়ে দিয়েছে। নিউইয়র্ক জেএফকে এয়ারপোর্ট গন্তব্যস্থল দিয়ে গাড়ী স্টার্ট দিতেই মেশিনটার মাষ্টারী শুরু হয়ে গেল। এখন যাও সোজা, ১০০ মিটার যাওয়ার পর ডানে মোড়, আবার সোজা ৫০০ মিটার এই ভাবে মেশিনটার ভাষণ শুনতে শুনতে এক এক সময় বিরক্তি লাগে। রেডিও অন করা আছে। ট্রাফিক জ্যাম বা কোন হাইওয়েতে জ্যাম কম এগুলো শুনার জন্য রেডিও চালু রাখতে হয়। কিন্তু রেডিও শুরু করেছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের পান্ডিত্য জাহির করা। আগামী নভেম্বরে আমেরিকাতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন। দুই রাজনৈতিক দল ডেমোক্রেটিক আর রিপাবলিকানের মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতা চলছে। তাই রেডিওতে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষণ। দুই দলের মাঝে বিশেষ কোন পার্থক্য নেই। রিপাবলিকান দলটি একটু বেশী রক্ষণশীল। রক্ষণশীল কথাটি পন্ডিত মানুষের ভাষ্য। আমার নিজের দিক থেকে আমি খুব একটা পার্থক্য দেখি না। দুই দলই দেশের স্বার্থে এক হয়ে দাঁড়ান। আমি আমার লেখার শিরোনাম দিয়েছি ‘লিংকনের আমেরিকায় কিছু দিন’। এই আব্রাহাম লিংকন আমেরিকার ১৫তম প্রেসিডেন্ট। তিনি ছিলেন রিপাবলিকান। এই আব্রাহাম লিংকনই  আফ্রিকার নিগ্রোদেরকে মুক্তি দিয়ে দাসপ্রথা বিলুপ্ত করেছিলেন। এর আগে ১৪ জন প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক দলের কিন্তু কই এত উদারমনা দল থাকার পরও তারাতো আফ্রিকান নিগ্রোদের দাবীর প্রতি সম্মান দেখান নাই। আমাদের গাড়ী চলছে প্রায় ১০০ মাইল বেগে। এখানে হাইওয়েতে পথের মাঝে পেট্রোল পাম্পের সাথে ভাল ভাল রেষ্টুরেন্ট থাকে। আর সেই রেষ্টুরেন্টগুলোতে ড্রাইভ থ্রো নামক একটা সেবা তারা দিয়ে থাকেন। ড্রাইভ থ্রো হচ্ছে গাড়ী থেকে না নেমে রেষ্টুরেন্টটির সকল সুযোগ সুবিধা নেওয়া। গাড়ীতে বসে বসেই নিজের পছন্দমত খাদ্যের অর্ডার দিয়ে সেগুলো নিয়ে নেওয়া। আমরা যেহেতু দুপুরে সাবওয়েতে খাব বলে ঠিক করেছি তাই দীপ কফির অর্ডার দিল। কার্ড পাঞ্চ করে বিল পরিশোধ করার সাথে সাথেই জানালা দিয়ে কফি চলে আসল আর আমরা গাড়ীতে বসে বসেই সেগুলো নিয়ে নিলাম। এটাই হচ্ছে ড্রাইভ থ্রো নামক সেবা। নিউইয়র্ক শহরের পাশে এসেছি আমরা। আমি বললাম  বাঙালি খাবার খেতে পারলে ভাল হত। দীপ তার জিপিএস মেশিনে ব্রোনস এলাকার নীরব রেষ্টুরেন্টে নিয়ে যেতে নির্দেশ দিয়ে দিল। সাথে সাথেই মেশিনটি তার মাষ্টারি শুরু করে দিল। মেশিনটির আদেশ মত আমাদেরকে ঠিক ঠিক নীরব হোটেল এন্ড রেষ্টুরেন্টে নিয়ে আসল। নীরব হোটেল নিউইয়র্কে বাংলাদেশীদের একটি পরিচিত খাবারের জায়গা। এটা বাংলাদেশী মানুষেরা পরিচালনা করেন। আমাদের দেশের শাক, ভাজি, মাছ, ভর্তা সবকিছুই এখানে পাওয়া যায়। আমরা মাংশ না খেয়ে সব ধরনের ভর্তা , সুটকি ,ডাল আর মাছ দিয়ে খেলাম। আমার ধারণা ছিল শতেক ডলার বিল হয়তো আসবে। বিল হাতে নিয়ে দেখলাম চারজনে পেট ভরে খেয়ে মাত্র পয়ত্রিশ ডলার বিল হয়েছে। রেন্ট এ কারের গাড়ীটি তাদের এয়ারপোর্ট অফিসে জমা দিতে হবে। আমেরিকা ইউরোপে এটা একটা সুবিধা। এক জায়গা থেকে ভাড়া করলেও তাদের অফিস যেখানে আছে সেখানেই গাড়ীটি দিয়ে দেওয়া যায়। দীপ লাগেজগুলো নামিয়ে চলে গেল রেন্ট এ কারের অফিসে। আর আমরা লাগেজগুলোকে ওজন মেপে কার্গোতে দিতে থাকলাম। বাড়তি লাগেজগুলোর জন্য বেশ ভালই বাড়তি ডলার দিতে হল। আমাদের টিকেট আছে ডেল্টা এয়ারলাইন্সে।  ছাড়বে বিকাল ৫টায়। পাঁচ ঘন্টা সময় লাগবে এরিজোনা ষ্টেটের রাজধানী ফিনিক্স  যেতে। আমরা যখন ফিনিক্স আসলাম তখন সেখানে বাজে সন্ধা ৭-৩০ মিনিট। পাঠক তার মানে আমরা কি আড়াই ঘন্টায় চলে এসেছি মোটেই তা নয়। আমাদের ফিনিক্সে আসতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা সময় লেগেছে। নিউইয়র্কে যখন রাত সাড়ে দশটা এরিজোনাতে তখন সন্ধা ৭-৩০ টা। এখানে ঘড়ির কাঁটা তিন ঘন্টা পিছিয়ে থাকে। একই দেশে সময়ের তিন ঘন্টা ফারাক।
(চলবে)

  • [১]