- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ- লিংকনের আমেরিকায় কিছু দিন

বজলুল মজিদ চৌধুরী খসরু
(পূর্ব প্রকাশের পর)
দীপের অফিস ছুটি হয় বিকাল ৫ টায়। শনি ও রবিবার ছাড়া অন্য দিনগুলোতে দীপ আসলে পরে আমরা বের হই। এদেশে মানুষের বিনোদনের নানারকম আয়োজন আছে। তার একটির নাম বিনোদন পার্ক বা এমিউজমেন্ট পার্ক। বিনোদন কথাটির অর্থ একেকজনের কাছে একেকরকম। বাচ্চারা পার্কে এসে একজন আরেকজনকে ধাক্কা মেরে আনন্দ পায় সেটাই তাদের কাছে বিনোদন। অনেকে লেইকে মাছ ধরার বড়শি নিয়ে ঘন্টার পরা ঘন্টা বসে থাকেন। সাথে থাকে চা বা কফির মেশিন। আবার অনেকেই বিভিন্ন গেইমে অংশ নিয়ে সময় কাটান। চ্যান্ডলার শহর এবং পাশ্ববর্তী শহরগুলোতে থাকা এরকম বিনোদন পার্ক দেখতে আমরা প্রতিদিন যাই। ইন্টেলে সপ্তাহে পাঁচদিন কাজ করে দুইদিন উইকএন্ড হয়। শনি ও রবিবার তাদের উইকএন্ড। আমেরিকানরা মোটামোটি এই উইকএন্ডে ঘরে থাকতে চায় না। কোথাও না কোথাও বের হয়ে যাবেই। দীর্ঘদিন এদেশে থেকে কিছুটা মনে হয় আমাদের ছেলে মেয়েদের রক্তে ঢুকে গেছে। তাই ১৪ মে শনিবার   সেডোনা শহরে যাওয়ার প্রোগ্রাম করেছে। আমাদের শহর চ্যন্ডলার থেকে প্রায় ২০০ মাইল দূরে শহরটি। এক সময় এই জায়গাটিতে আমেরিকার আদিবাসি রেড ইন্ডিয়ানদের এপাচি উপজাতি সম্প্রদায়ের লোকজন থাকত। এই আদিবাসীরা লাল, কমলা পাহাড়কে সৃষ্টিকর্তা হিসাবে পুজো অর্চনা করত। সেটা খ্রীষ্টপূর্বের আগের কথা। এরপর লুটেরা স্পেনিসরা আসে সোনা ও রূপার খোঁজে। আদিবাসী এপাচিদের হটিয়ে তারা সোনা রূপার খোঁজ করতে থাকে। এপাচি সম্প্রদায়ের লোকজন চলে যায় পাশ্ববর্তী জঙ্গলে। ১৯০২ সালে বিষয়গুলো আমেরিকান সরকারের নজরে আসে। তখন থেকে এই জায়গাকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। খুব সকালে আমাদের বের হতে হবে। অনেক দূরের রাস্তা। পথে খাওয়ার জন্য বিভিন্ন প্রকার পানীয় নেওয়া হয়েছে। গাড়ীতে এসি থাকায় বাইরের গরম বুঝা যাচ্ছে না। 14877007_1420936581267556_2প্রায় ১০০ মাইল যাওয়ার পরই নজরে পরল চারিদিকে পাহাড় আর পাহাড়। কোন কোন পাহাড়ের মাটিগুলো কালো আবার কোনো কোনো পাহাড় আবার লাল মাটির পাহাড়। ক্যাকটাস আফ্রিকাতে হয় জানতাম কিন্তু এই পাহাড়গুলোতে এত বড় বড় এবং সুন্দর ক্যাকটাস দেখে আমরা অভিভূত। ক্যাকটাসগুলো একেকটা আমাদের বিভিন্ন কাঠ গাছের সমান। ক্যাকটাসের এত সুন্দর ফুল হয় তা না দেখলে বিশ্বাস করা যাবে না। চারিদিকে ক্যাকটাস ফুল পরিবেষ্টিত অবস্থায় তার ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রায় চার ঘন্টা এক নাগারে ড্রাইভ করার পর আমরা পৌঁছলাম সেডোনা নামক সুন্দর শহরে। এই শহরটা পাহাড়ি এলাকায়। মানুষজন খুব একটা বেশী নেই। তবে পর্যটকদের ভিড় লেগেই আছে। আমরা যাওয়ার পথেই ম্যকডোনাল্ড রেস্তোরায় কিছু খেয়ে নিয়েছিলাম। জায়গাটিকে শহর হিসাবে গড়ে তোলার পর একটা ডাকঘর তৈরী করা হয়। ডাকঘরের প্রধান কর্মকর্তার স্ত্রীর নাম ছিল সেডোনা এরাবেলা। তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, বন্ধুবাৎসল এবং অতিথি পরায়ন। এই জায়গাটি পর্যটন নগরি হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার পর এলাকাবাসি এই ডাকঘরের প্রধান কর্মকর্তার স্ত্রীর নামেই শহরটার নামকরণ করে। তারপর থেকে শহরটি হয়ে যায় সেডোনা। সেডোনা শহরের পাহাড়গুলো লাল মাটির। প্রাকৃতিকভাবে বায়ু ও পানির সংমিশ্রণে পাহাড়ের গায়ে সুন্দর সুন্দর ভাষ্কর্য সৃষ্টি হয়েছে। অনেক সময় দেখলে মনে হয় এগুলো বোধ হয় মানব সৃষ্ট। আসলে সেটা নয়। হাজার হাজার বছরের প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে পাহাড়ের গায়ে এই ভাস্কর্যের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় মনে হয় একটি ঈগল পাখি বসে আছে। আবার কোনো কোনো জায়গায় মানুষের চেহারার আদলে পাহাড়ের গায়ে আঁচর লেগেছে। পাহাড়গুলো লাল মাটির থাকায় সূর্যের আলোতে কমলালেবুর রং ধরে। মাঝে মাঝে মনে হয় পাহাড়ে রক্তের বন্যা বইছে। সেডোনাকে এরিজোনা ষ্টেটের মরুভূমির শহর হিসাবে গড়ে তুলেছেন সরকার। চারিদিকে পাহাড় থাকায় তাপমাত্রা সব সময় আরামদায়ক। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় পাহাড়গুলি আলাদা ভাবে সাজে তাই পর্যটকরা সূর্যাস্থ পর্যন্ত থেকে যান। হলিউডের অনেক ছবির শ্যুটিং হয়েছে এই সেডোনা শহরে। পরিচালকরা এই জায়গাটিকে ছবি করার জন্য পছন্দ করেন। প্রতি বছর এই সেডোনা শহরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়, তাছাড়া প্রতি বছর হয় রক ফেষ্টিবেল । এই সময় শহরটিতে সৌন্দর্য পিপাসু মানুষজনের উপচে পড়া ভিড় থাকে। হলিউডের অভিনেতা নিকোলাস কেইজ এখানে একটি বাড়ি তৈরী করেছেন। এত সুন্দর বাড়ি সেটা বর্ণনা করে বুঝানো যাবে না। পর্যটকরা বাড়িটাকে বাইর থেকে দেখেন। অভিনেতা নিকোলাস কেইজ ছুটির দিনগুলো এখানেই কাটান। (চলবে)

  • [১]