- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রমণ- লিংকনের আমেরিকায় কিছু দিন

বজলুল মজিদ চৌধুরী খসরু
(পূর্ব প্রকাশের পর)
আমেরিকান দুতাবাসে কোন প্রকার ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া যায় না। আমরা একটা মোবাইল সাথে নিয়েছিলাম। বলা তো যায় না বিপদ আপদে কাজ দিবে। কিন্তু এটাকে কোথায় রাখব সেটা নিয়ে পড়লাম আরেক ঝামেলায়। দুতাবাসটির আশে পাশে কোন দোকানও নেই। অনেক ঘুরাঘুরি করে একজন পত্রিকার হকার পেলাম। সে আমার মত অনেকের মোবাইল রাখছে। তার কাছেই মোবাইলটা রাখলাম। সে আমাদের একটা কার্ড দিয়ে দিল। এই কার্ড দেখিয়ে মোবাইলটা নিতে হবে। মনে হল সে এভাবে মোবাইল রেখে কিছুটা আয় করে। তবে আমাদের কাছে কোন টাকা দাবি করেনি। সকাল ৯টায় আমাদের ইন্টারভিউর সময় থাকলেও আমরা অনেক আগেই চলে গেছি। ঢাকায় পথের মধ্যে যানজট থাকে সেই বিবেচনায় সকাল ৭টার দিকেই কমলাপুরের আল-হেলাল হোটেল থেকে  রওয়ানা দেই। সকাল ৮ টার কিছুটা আগে পৌছে যাই। আমাদের হাতে সময  প্রায় ঘন্টা খানেক । পাশেই গুলশান লেকের পারে হাঁটাহাটি করা আর পত্রিকা পড়ে সময়টা পার করে দিলাম। আমেরিকান দুতাবাসে ঢুকার সময়ই চেকিংয়ের পর চেকিং চলে। আমাদের সাথে পাসপোর্ট আর কিছু আনুষাঙ্গিক কাগজপত্র ছাড়া কিছুই নেই। লাইন ধরে  ভিসা প্রার্থীরা এগিয়ে যাচ্ছেন। প্রথমেই একটা কাউন্টারে গিয়ে পুরো দশটা আঙ্গুলের ছাপ দিতে হল। তারপরে কিছুক্ষণ বসে আছি। আমাদের আগে যারা এসেছেন তারা একে একে কাউন্টারে যাচ্ছেন। পাশাপাশি দশটা কাউন্টার আছে। সব কাউন্টারেই ভিসা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। একটা জিনিষ খেয়াল করলাম, যারা ইমিগ্রেন্ট হিসাবে যাচ্ছেন তাদের ভিসা মঞ্জুর হচ্ছে। বেড়ানোর জন্য যারা ভিসা প্রার্থী তাদের বেলায় সাংঘাতিক ভাবে কড়াকড়ি করছে। ভিজিট ভিসা আমাদের আগে তেমন কেউ  পেতে দেখলাম না। একসময় আমাদের ডাক পরল। বলা হল আমরা যেন নয় নাম্বার কাউন্টারে যাই। কাউন্টারে যিনি দাঁড়িয়ে আছেন তিনিই আমাদেরকে পরীক্ষা করবেন । ত্রিশ পয়ত্রিশ বছরের মেয়েটি দেখতে চায়নিজ বা জাপানিদের মত। আসলে আমেরিকাতে সবাই অভিবাসি। হতে পারে তাদের পূর্বপুরুষ চীন বা জাপান থেকে আমেরিকাতে গিয়েছিল। আমাদের ডাক পরতেই পাসপোর্টগুলো আগ বাড়িয়ে দিলাম। মহিলাটি তার কাছে থাকা ল্যাপটপে কি জানি টাইপ করছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি না। Untitled-1আমার  পাসপোর্ট হয়েছে তিনটি। মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করতে করতে পাসপোর্টের বোঝা বেড়েছে। সেখানে বৃটেন, জার্মানি, ইটালি. বেলজিয়াম. ফ্রান্স. চায়না, থাইল্যান্ড, হংকং, সৌদি আরব সহ অনেক দেশের ভিসা। মহিলাটি পাসপোর্টগুলি উল্টিয়ে বারবার দেখছেন। আমার মনে হল মহিলাটি সন্তুষ্ট হয়েছেন। তার পরেও  জিজ্ঞাসা করল কি কারণে যেতে চাই। সাথে সাথেই আমার ছেলের দেওয়া সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রনপত্রটা দিতেই নিজের দুই ঠোটকে ঘষাঘষি শুরু করে দিল। এবার আর আমাদেরকে কিছু না বলে আমাদের মেয়েকে বলল, তুমি কি কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে অনার্স পরছি বলতেই প্রমাণপত্র চাইল। আমরা আগেই প্রস্তুত করে রেখেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীনের একটি প্রত্যায়নপত্র সংগ্রহে ছিল সেটা ধরিয়ে দেওয়া হল। একটু চোখ বুলিয়ে ভিতরে যেয়ে আরেকটি মহিলাকে নিয়ে এসে দুজনে পরামর্শ করেই বলল ”ওয়েলকাম টু আমেরিকা”। একটা ছাপানো লিফলেট আমাদেরকে ধরিয়ে দিল। এই লিফলেটে বাংলা এবং ইংরেজীতে সবকিছু লেখা আছে। আমাদের তিনজনের পাসপোর্টই রেখে দিল। লিফলেটে লেখা আছে পাঁচ দিন পর গুলশানের সায়মন সেন্টার থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করতে হবে। আমরা একটু শংকিত ছিলাম মেয়ের ভিসা নিয়ে। আমাদের পরের ভিসা প্রার্থীরা আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তাদের চোখ মুখ দেখে মনে হচ্ছে আমরা বোধ হয় বিরাট একটা কিছু অর্জন করে ফেলেছি।
দুতাবাস থেকে বের হয়ে একটু দূরে হকার ছেলেটি দাঁড়িয়ে আছে। মোবাইল নেওয়ার জন্য কার্ডের সাথে পঞ্চাশ টাকা দিতেই ছেলেটা খুশি হয়ে একটা সালাম দিয়ে মোবাইলটা বের করে দিল। দেখলাম আরো মোবাইল আছে তার কাছে। মনে হল পত্রিকা বিক্রির সাথে সাথে বিশ্বস্থতার সাথে মোবাইল রেখে ভালই রোজগার করছে। দুতাবাস থেকে দেওয়া লিফলেটটি ভাল করে পড়ে দেখলাম পাসপোর্ট তোলার জন্য একজনকে ক্ষমতাপত্র দেওয়া যাবে। পাঁচদিন ঢাকা থাকা অসহনীয়, তাছাড়া সুনামগঞ্জে আসার একটা তাড়া আছে। একটি ক্ষমতাপত্র লিখে সেটা বাইরে থেকে  কম্পিউটার করে আমাদের মেয়েকে দিয়ে দিলাম। পাচদিন পরে দীয়া জানাল, আমার এবং তার পাসপোর্ট ভিসা সমেত পাওয়া গেছে। পাঁচ বছরের মাল্টিপল ভিসা হয়েছে কিন্তু তার মায়ের আবেদনের সাথে দেওয়া ছবি বদল করে দিতে হবে। আবার সুনামগঞ্জ থেকে ছবি তুলে পাঠানো হল। দীয়া এই ছবি নিয়ে আবার জমা দেওয়ার পাঁচদিন পর তার মায়ের ভিসা সমেত পাসপোর্ট  পেল।
(চলবে)

  • [১]