- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ভ্রাম্যমাণ আদালতে নামলেন জেলা প্রশাসক…

মো. আশিক পীর
জেলা প্রশাসক, জেলা ম্যাজিষ্ট্রেট শেখ রফিকুল ইসলাম নিজেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দিলেন। সোমবার বিকাল সাড়ে ৩ টা থেকে শহরের ব্যস্ততম এলাকা স্টেশনরোডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, নেজারত ডেপুটি কালেক্টর সৈয়দ ফয়জুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট স¤্রাট খীসা। জেলা প্রশাসককে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিতে দেখে ভীড় জমে যায় স্টেশনরোড এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত পঁচা খেজুর বিক্রির দায়ে ৭ জন ফল বিক্রেতাসহ রাস্তার উপর নির্মাণ সামগ্রী রাখার দায়ে স্টেশন রোডের ব্যবসায়ী মহেশ্বর পালকে জরিমানা করা হয়। এসময় ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ১ মণ খেজুর ও পঁচা আম নষ্ট করা হয়।
জেলা প্রশাসক বিভিন্ন দোকানের মূল্য তালিকা দেখেছেন, যেখানে অসামঞ্জস্য দেখেছেন সেটি মিটিয়ে সরকারি মূল্য তালিকা দেখে মূল্য লিখিয়েছেন।
জেলা প্রশাসক ব্যবসায়ীদের বলেন,‘আপনারা ক্ষতিগ্রস্ত হন সেটিও আমরা  চাই না, আবার ভোক্তারাও যাতে ঠকেন না, সেটিও খেয়াল রাখতে হবে সকলে মিলে’।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন,‘ক্যাবের সদস্য, বাজার মনিটরিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলগণদের নিয়ে মূলত হেঁটে হেঁটে ব্যবসায়ীদের সচেতন করতে গিয়েছিলাম, এসময় যেটি বেশি খারাপ লেগেছে সেখানে সামান্য পরিমাণে জরিমানা করতে নির্দেশ দিয়েছি এবং পঁচা আম-খেজুর বিনষ্ট করতে বলেছি, এমন খাদ্যপণ্য রমজানের সময়ে ভোক্তাদের শারীরিক ক্ষতির কারণ হতে পারে’।

  • [১]