- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মইয়ার হাওর নিয়ে দুঃশ্চিন্ততায় কৃষকরা

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়ার হাওরের একটি বেড়িবাঁধ ভেঙে হাওরের ফসলহানির ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন কৃষকরা। এদিকে নলুয়ার হাওরে পানি প্রবেশ করায় মইয়ার হাওরের ফসল নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। যে কোন সময় মইয়ার হাওরের ফসল পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করছেন তারা।
ওই হাওরে এবার ৪ হাজার হেক্টর বোরো ফসল আবাদ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে শিলাবৃষ্টিতে প্রায় ১ হাজার হেক্টরের ফসল ক্ষতি হয়েছে। কৃষকরা জানিয়েছেন মইয়ার হাওরে এখনও ৫০ ভাগ পাকা আধাপাকা ধান কাটার বাকী রয়েছে। কৃষক মির্জা কাজল মিয়া জানান, নলুয়ার হাওরের পানি ঢুকে যাওয়ায় মইয়ার হাওরের ফসল নিয়ে আমরা চিন্তায় আছি। যে কোন সময় এ হাওরে পানি প্রবেশ করতে পারে।
সোমবার নলুয়া   হাওরে ঘুরে দেখা গেছে, কয়েকজন কৃষক বুক সমান পানির নিচ থেকে ডুব দিয়ে জমিনের ফসল তোলার চেষ্টা করছেন। নলুয়া হাওরপারের কৃষক ভুরাখারী গ্রামের কৃষক কাচাঁ মিয়া জানান, বাঁধ ভেঙ্গে হাওরের সব ফসল এখন পানির নিচে চলে গেছে। এক হাল জমিতে চাষাবাদ করেছিলাম। চাষাবাদকৃত জমি থেকে  ডুব দিয়ে ফসল তোলার চেষ্টা করছি। সামান্য কিছু ধান তুলেছি। অপর ফসল আর তোলা যাবে না। হাওর জুড়ে পানি থৈ থৈ করছে।
কৃষকরা জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে নলুয়ার হাওরের ভূরাখালী দক্ষিণের বেড়িবাঁধ ভেঙ্গে ৪ হাজার হেক্টরের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। সম্প্রতি ওই হাওরের ৫ হাজার হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়।
নলুয়া হাওরপাড়ের কৃষক ভূরাখালী গ্রামের বাসিন্দা আলী হোসেন জানান, ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে ১৫ কেদারা জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ২৮ কেদারা জমিতে আবাদ করেছিলাম। এর মধ্যে ১৩ কেদার শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কষ্টের ফসল গোলায় তোলতে পারিনি। খুবই চিন্তায় আছি, সংসারের যোগান কী ভাবে করব।  
নলুয়া হাওরের ফসলহানির ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, চলতি বছর এ উপজেলার নলুয়া ও মইয়ার হাওরসহ ছোট বড় ১৫টি হাওরে ২৫ হাজার হেক্টর বোরো ফসল চাষাবাদ করা হয়েছে। ফসলের ক্ষয়ক্ষতি এখনও নির্ণয় করা যায়নি।
জগন্নাথপুরের ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবীর হাওর পরির্দশন করে এ প্রতিবেদক কে জানান, শত  প্রচেষ্টা করেও  রক্ষা করা গেল না হাওরের ফসল। পাহাড়ি ঢল আর বৈশাখী ঝড়ে বেড়িবাঁধের উপর দিয়ে হাওরের ফসল পানিতে নিমজ্জিত হচ্ছে। মইয়ার হাওর এখনও সুরক্ষিত আছে। প্রাকৃতিক কোন বিপর্যয় না ঘটলে ফসল তোলা সম্ভব্য হবে আশা করছি।

  • [১]