- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঙ্গলকাটায় ভাঙা সড়কে মাটি ভরাট গাড়ি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা হতে ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার সামনের সড়ক চলতি বছরের বন্যায় ভেঙে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। বাঁশের সাঁকো দিয়ে প্রায় দুই মাস চলাচল করার পর সাঁকো ও ভেঙে যায়। সড়কে
চলাচলে মানুষের ভোগান্তি কমিয়ে আনতে মাটি ভরাটের কাজ করেছে উপজেলা এলজিইডি। বৃহস্পতিবার এই সড়কে মানুষ ও যান চলাচল শুরু হয়েছে।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মোতালিব বলেন,‘বন্যায় ভেঙে যাওয়া মঙ্গলকাটা-চৌমুহনী সড়কে মাটি ভরাটের কাজ হয়েছে। বৃহস্পতিবার থেকে সড়কে মানুষ ও যানবাহন চলাচল শুরু হয়েছে।’
উত্তর সুরমা উন্নয়ন পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রব বলেন,‘মঙ্গলকাটা-চৌমুহনী সড়ক এই এলাকার প্রধান সড়ক। বন্যায় সড়ক ভেঙে যাওয়ায় হাজার হাজার মানুষের ভোগান্তি বেড়ে যায়। মানুষের ভোগান্তির বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনতে আমি সাংবাদিকদের জানাই। এখন মাটি ভরাটের কাজ হয়েছে। কিন্তু সড়ক পাকাকরণের দাবি আমাদের।’
সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, গত ২২ নভেম্বর দৈনিক সুনামগঞ্জের খবর-এ ‘মঙ্গলকাটায় ঝুঁকিপূর্ণ সড়ক চলাচলে চরম ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি আমাদের নজরে আসে। পরে আমি উদ্যোগ নিয়ে জরুরিভিত্তিতে সড়কে মাটি ভরাটের কাজ করে দেই। এই সড়ক সংস্কারের জন্য প্রাক্কলন পাঠানো হলেও এটার অনুমোদন এখনও আসেনি। প্রাক্কলন অনুমোদন হয়ে আসলে পাকাকরণের কাজ করা হবে।

  • [১]