- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মঞ্চস্থ হলো ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক ‘কবর’

স্টাফ রিপোর্টার
নাট্য উৎসবের প্রথম দিন ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত নাটক ‘কবর’ মঞ্চস্থ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে কালজয়ী নাট্যকার মুনির চৌধুরী রচিত নাটক মঞ্চস্থ করে সিলেটের নবশিখা নাট্যদল।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত জাতীয় নাট্য উৎসবের অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটকটির ১০ তম প্রদর্শনী করে নবশিখা নাট্য দল। নির্দেশনা দিয়েছেন ফরিদুল ফারদিন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুদীপ চক্রবর্তী।
কবর নাটকের পটভূমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন। জেলে বসে এ নাটকটি লিখেন প্রখ্যাত নাট্যকার মুনির চৌধুরী। এ নাটকে নেতা ও পুলিশ অফিসার চরিত্র তৎকালীন বাংলার শাসক ও শোষক শ্রেণীর আর মুর্দা ফকির চরিত্রটি প্রতিবাদী ও সাহসী চরিত্র। সে শহীদের লাশ দেখে বুঝতে পারে এ সাধারণ মৃত দেহ নয় কারণ লাশের গায়ে বারুদের গন্ধ। একই কবরে দাফন দিতে রাজি নয় সে। সে মৃত দেহগুলোকে পুনরায় উঠে এসে মিছিল করার আহবান জানায়।
এতে মাতাল অবস্থায় নেতা ও পুলিশ ভীত হয়। লাশগুলো ছায়ামূর্তি হয়ে প্রতিবাদ করে তারা মৃত নয়, তারা এই কবরে যেতে চায় না। তারা বাঁচতে চায়। ইন্সপেক্টর হাফিজ মায়ের ছদ্মবেশে ছায়ামূর্তিগুলোকে ধোকা দিতে চেষ্টা করে। কিন্তু সে সফল হয় না ছায়ামূর্তিগুলো মুর্দা ফকিরের আহবানে পুনরায় মিছিলে যায়।
নেতা অজ্ঞান অবস্থা থেকে জ্ঞান ফিরে দেখল সব কাজ শেষ। সে বুঝতে পারছে না এতো সময় যা ঘটল তা কি বাস্তব নাকি কল্পনা। নেতার অবচেতন মনের মানসিক বাস্তবিক মিথস্ক্রিয়ার প্রকাশই এ মঞ্চায়ন।
নাটকটিতে অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক খান, রকিবুল হাসান রুমন, ধ্রুবজ্যোতি দে, শাহ শরীফ উদ্দিন, শাকিল আহমদ সোহাগ, রাজীব দাশ, শংকর দেবনাথ, তন্ময় নাথ তনু, এ.টি.এম. শামসুল হাসান বাবর, হাসান, তামজিদ, শরীফ-২,অর্ণব, নদী, এনামুল সাজ্জাদ, নাঈম, প্রান্ত, তন্ময় বণিক, হৃদয়, অলক, রাহেল, মাহাদী, লিয়ন, হায়দার, প্রিয়াংকা, মৌসুমী, নিপা, সিথী, সিমলা, সুমি, লিমা, সোনিয়া, রুহেনা খানম মুক্তা, তাহমিনা, সুমিতা, মুক্তা, সুমি, আনহার, অর্ণা, জয়, হেপি রাণী নাথ, সুমন, রোকসানা, নুপূর, শংকর, সন্দীপ, শতাব্দী, হাসিব, অর্জুন, অর্পা, কামরুল, অপূর্ব।
নাটক শেষে সামির পল্লব’র সঞ্চালনায় বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, শাহ আবু নাসের, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, থিয়েটার সুনামগঞ্জের দলপ্রধান দেওয়ান গিয়াস চৌধুরী।

  • [১]