স্টাফ রিপোর্টার
‘দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো, না চলে যাবার আগে ভাবলো না, সেকথা লেখা আছে বুকে’ গান দিয়ে দ্বিতীয় ভাগের উৎসব শুরু করেন ৯২ ব্যাচের শিক্ষার্থী দ্বিপায়ন চৌধুরী। হাজারও প্রাক্তন শিক্ষার্থীর উপস্থিতিতে বিকাল ৩ টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
এসময় গান পরিবেশন করেন ৮০ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। আমরা আশি, বন্ধুত্বের দৃঢ় প্রত্যয়ে মোরা বলিয়ান থিম সং এর মাধ্যমে অতীত স্মৃতি রোমন্থন করেন তারা। এছাড়াও একই ব্যাচের শিক্ষার্থী বিজন রায় এসময় একক গান পরিবেশন করেন। এসময় নস্টালজিয়াতে মাতেন কলেজের ৯৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। এরপর গান পরিবেশন করেন ৮২ ব্যাচের শিক্ষার্থী সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল আবেদীন, ১৮ ব্যাচের শিক্ষার্থী জনি, মাকছুদুর রহমান দিপু।
সন্ধ্যায় আতশবাজির মাধ্যমে অতিথি শিল্পীদের পরিবেশনা শুরু হয়। ‘জল ভর জল ভর রাধে, ও গোয়ালের ঝি, কলস আমার পূর্ণ কর রাধে বিনোদিনী’ গানের মধ্যে দিয়ে মঞ্চে আসেন বেতার ও টেলিভিশন শিল্পী সুমি মির্জা। ৩ টি গানের মাধ্যমে তিনি মঞ্চ মাতিয়ে রাখেন। অতিথি শিল্পীদের মধ্যে গান পরিবেশন করেন রেডিও ও বেতার শিল্পী শাহনাজ বাবু, চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১৭’ এর গ্র্যান্ড ফিনালেতে জয়ী রাকিবা ইসলাম ঐশী, তবিক মির্জা, লুইপা।