লিপসন আহমদ
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম বলেছেন, ‘ধর্মকে ব্যবহার করে যারা মানুষ খুন করে তারা মুসলমান নয়। তাদের কোন ধর্ম নেই। ইসলাম শান্তির ধর্ম, কোন ধরনের জঙ্গি বা সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করে না। আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে লক্ষ্য রাখতে হবে সাধারণ মানুষ যেন হয়রানি বা নির্যাতনের স্বীকার না হয়।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘ যারা লেখাপড়া করে তাদের সর্তক থাকতে হবে। তাদের বুঝতে হবে যারা ধর্মের নামে হাতে অস্ত্র তুলে দেয়, সহিংস পরিবেশ সৃষ্টি করতে উৎসাহ যোগায় তারা তোমাদের শত্রু, দেশের শত্রু।
সোমবার সকালে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ‘শহর গ্রাম ঐক্য গড়–ন, জঙ্গিবাদ প্রতিরোধ করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর মডেল থানার আয়োজনে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কমিউনিটি পুলিশ এবং গ্রাম পুলিশের মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো.নজরুল ইসলাম।
পুলিশ সুপার হারুন অর রশিদের সভাপতিত্বে ও সিনিয়র এএসপি তাপস রঞ্জন ঘোষের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ম্যাজিষ্ট্রেট সাবেরা আক্তার, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, জেলা কমিউনিটি পুলিশের আহবায়ক পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, জগন্নাথপুর পৌর চেয়ারম্যান আব্দুল মনাফ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন আহমদ রাসেল।
এছাড়া বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, ছাতক উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউর রহমান, অ্যাড. নজরুল ইসলাম, ৬ নং ওর্য়াডের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জমিরুল হক পৌরব, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিঞা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাহতাব উদ্দিন, তাহিরপুর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল আমিন প্রমুখ।