স্টাফ রিপোর্টার
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করায় শহরে মুক্তিযোদ্ধারা মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুর ১২ টায় শহরের জেলরোড’র মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে মুক্তিযোদ্ধাদের মিছিল বের হয়। মিছিল শেষে শহরের আলফাত স্কয়ারে সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা।
সমাবেশে বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল মোমেন, ডেপুটি কমান্ডার মুকশেদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, সদর উপজেলা কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।
বক্তারা বলেন,‘নিজামী’র ফাঁসির রায় কার্যকর করায় দেশবাসী খুশি হয়েছে, জামায়াতের হরতালও প্রত্যাখ্যান করেছে মানুষ, দেশের মানুষ যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ দেখতে চায়’।
এদিকে ৭১’র এর মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসি হওয়ায় শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা কমিটি। বুধবার বিকাল ৪ ঘটিকায় জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয় আরপিননগর থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আলফাত উদ্দিন স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সানজিদা নাসরিন ডায়না, যুগ্ম আহ্বায়ক সাদিয়া বখত সুরভী, রাইমা ইসলাম ফাইজা, সুলেমা আক্তার, নাছিমা বেগম, লুৎফা বেগম, রোকেয়া বেগম। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এম নোমান হাসান খান। প্রেস বিজ্ঞপ্তি