- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মদনপুর-দিরাই রাস্তার বেহাল দশা

ইয়াকুব শাহরিয়ার, পাগলাবাজার
সুনামগঞ্জ-সিলেট ও দিরাই রাস্তার মোড় মদনপুর থেকে দিরাই উপজেলা সদরে যাওয়ার রাস্তা ভেঙ্গে বেহাল দশায় পরিনত হয়েছে। রাস্তার মাঝে অনেক ছোট বড় গর্ত হওয়ায় যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি। দিরাই, শাল্লা, ভাটিপাড়া, শ্যামারচর, পাথারিয়া ও নোয়াখালীসহ বেশ কয়েকটি এলাকার কয়েক লাখ মানুষের সুনামগঞ্জ সদরের সাথে সড়কপথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম এই রাস্তাটি।
অনেকদিন যাবৎ সংস্কারহীন ও ত্রুটিপূর্ণ কাজের জন্য পুরোটাই ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ২৬ কিলোমিটার এ রাস্তাটির। ফলে ব্যহত হচ্ছে পরিবহণ ব্যবসা, নির্বিঘেœ চলাফেরা করতে পারছে না সাধারণ মানুষ। লোকসান হচ্ছে পরিবহণ খাতে, ঘটছে ছোট বড় অনেক সড়ক দুর্ঘটনা। এ অবস্থায় মদনপুর-দিরাই রাস্তায় চলাচলকারী সাধারণ যাত্রীদের নাভিশ্বাস হয়ে উঠেছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল আমিন    বৃহস্পতিবার রাতে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেছেন,‘মদনপুর দিরাই সড়ক সংস্কার করতে ইতোমধ্যে একটি টেন্ডার আহবান করা হয়েছে। আরো একটি টেন্ডার আহবান করা হবে। আমাদের আশা আমরা আগামী মাসেই যেসব স্থানে বেশী গর্ত ও ভাঙা সেখানে কাজ শুরু করতে পারব।
দীর্ঘদিন ধরেই মদনপুর থেকে দিরাই রাস্তার বেহাল দশা। মদনপুর থেকে দিরাইমুখী হয়ে প্রথম সরুব্রীজ পাড় হয়েই দেখা মিলে ছোট বড় ভাঙ্গা গর্তের চিত্রের। এসব গর্তে যানবাহন চলাচল প্রায় অসম্ভব। আধা ঘণ্টার রাস্তা যেতে সময় ব্যয় হয় এক থেকে দেড় ঘণ্টা। নোয়াখালী বাজারের কাছে বড় বড় গর্তগুলো যেনো রাস্তার মাঝখানে একেকটা পুকুর। এমন চিত্র দেখলে মনে হয় এসব দেখার যেনো কেউ নেই। তাই স্বস্তিতে নেই এই এলাকার লোকজনও। তারা বলছেন, দ্রুত এই রাস্তার সংস্কার করা না হলে মদনপুর-দিরাই রাস্তা মরন ফাঁদে পরিণত হবে। এই রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কমনা করেন তারা।
এরালিয়া গ্রামের মানছুর আহমদের ব্যবসা খাতিরে নিয়মিত যাতায়াত দিরাই বাজারে। তিনি বলেন, ‘বিভিন্ন সময় সরকার কর্তৃক কাজ আসলেও দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের লাগামহীন দুর্নীতির কারণে সুষ্ঠুভাবে স¤পন্ন হয় না রাস্তাটির কাজ। দিরাই, দক্ষিণ সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও বিএনপির নাসির চৌধুরীসহ অনেক গুরুত্বপুর্ন রাজনীতিবিদ এ অঞ্চলের থাকার পর পর্যাপ্ত উন্নয়ন ও সংস্কার হচ্ছে না এ সড়কের।
গাজিনগর গ্রামের মনোয়ার হোসেন হিমেল বলেন,‘সমস্ত রাস্তাই খুব খারাপ। যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। রাস্তা ভাঙ্গা থাকায় এম্বুলেন্সকে খুব বেশি বিপাকে পড়তে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের বেশি দুর্ভোগ পোহাতে হয় এই রাস্তায়। তাই এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবী জানাচ্ছি।’
সিএনজি চালক দিরাইয়ের শ্যামারচর গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দিন বলেন,‘আমাদের গাড়ির অবস্থা ভাল নাই এই রাস্তায়। নতুন গাড়িও গর্তে পড়ে বিকল হয়ে যায়। নতুন গাড়ি পুরান হতে সময় লাগে ছয় মাস। এমন ভাঙ্গা রাস্তায় গাড়ি চালানো অসম্ভব। আমাদের একটাই দাবী, এই রাস্তাটি যেনো দ্রুত মেরামত করা হয়।’

  • [১]