- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে জোরপূর্বক জমি চাষাবাদের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামের মৃত আনন্দ বিশ্বাসের ছেলে ললিত বিশ্বাসের বিরুদ্ধে এক অসহায় কৃষকের জমি জোরপূর্বক চাষাবাদ করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে ওই অসহায় কৃষক দ্বীনবন্ধু সরকার সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দ্বীনবন্ধু সরকার তার লিখিত বক্তব্যে বলেন, একই ইউনিয়নের দক্ষিণউড়া মৌজায় তার পৈত্রিক ১.৭ একর ভূমি রয়েছে। যা তিনি দীর্ঘ বছর ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু ললিত বিশ্বাস গত বছরের ২৪ এপ্রিল দ্বীনবন্ধু সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেন। এর সূত্র ধরে ওই জমিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরবর্তীতে ওই জমির পাকা ধান প্রশাসনের হস্তক্ষেপে কর্তন করা হয়। এখনও মামলাটি চলমান রয়েছে। ফলে দ্বীনবন্ধু সরকার ওই জমিতে চাষাবাদ করছেন না। কিন্তু ললিত বিশ্বাস ও তার লোকজন গত মঙ্গলবার থেকে ওই জমিতে চাষাবাদ শুরু করেছেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবদমান অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ললিত বিশ্বাসের বক্তব্য জানা যায়নি। তবে তার ছোট ভাই বিজয় বিশ্বাস বলেন, ‘সর্বশেষ ফাইনাল রেকর্ড অনুযায়ী ওই জমির মালিক আমরা। দ্বীনবন্ধু সরকার অবৈধভাবে আমাদের রেকর্ডিয় জমিতে চাষাবাদ করতে নিষেধ করছে।’
মধ্যনগর থানার এসআই মির্জা মাহমুদুল করিম বলেন, ‘আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছিল। কিন্তু দ্বীনবন্ধু সরকার থানায় আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

  • [১]