- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে ডাকাত দলের ৩ সদস্য আটক

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগরে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে আটক করে থানা পুলিশে সোর্পদ করেছে জনতা। রবিবার এলাকাবাসী তিন ডাকাত দলের সদস্য আটক করে পুলিশে সোর্পদ করে।
জানা যায়, মিল্টন সাহা নামে এক মুদি ব্যবসায়ী পাইকারি দরে তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজারের দোকানগুলোতে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিভিন্ন দোকানে বিক্রি করেন। রবিবার সকালে তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামে বিক্রি শেষে বাড়তি মালামাল ও টাকা পয়সা নিয়ে তিনি নৌ-পথে তার নিজ এলাকা কলমাকান্দা উদ্দেশ্যে রওয়ানা হন। কিছুটা পথ যাওয়ার পরেই ৬ সদস্যের ডাকাত দল পিছু নেয় ব্যবসায়ী মিল্টনের। পরে মধ্যনগর উপজেলার মুক্তিরবিল এলাকায় এসব ডাকাত দল ওই ব্যবসায়ী মিল্টনের নৌকায় হামলা চালিয়ে নগদ ২ লাখ ৯১ হাজার টাকা হাতিয়ে নেয়। এসময় তারা ঐ ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। সাথে সাথে ওই ঘটনার বার্তা চারদিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর সকাল ১০ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের কানামিয়ার বিলের তাফনার বাঘ এলাকায় ডাকাতির টাকা পয়সা বণ্টনের সময় ডাকাতদের এলোমেলো চলাফেরা ও কথাবার্তা শুনে সন্দেহ হলে ঐ ইউনিয়নের দরাপপুর ও বিশারা গ্রামবাসী মিলে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।
আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর গ্রামের শওকত আলীর ছেলে সোহরাব মিয়া (২৬), ফজলুল হকের ছেলে ইমরান মিয়া (৪০) ও তাহের আলীর ছেলে মহিবুল মিয়া (৫০)। পরে পুলিশ আটকৃতদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ডাকাত দলের ৬ সদস্যের মধ্যে আমরা ৩ জন কে আটক করেছি। বাকিদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে।’

  • [১]