- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা অনুষ্ঠিত

মধ্যনগর সংবাদদাতা
মধ্যনগরে ক্ষুদ্র নৃ—গোষ্ঠী বানাই সম্প্রদায়ের বাস্তুপূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বংশিকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুরনবী তালুকদার, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন।
ক্ষুদ্র ও নৃ—গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বানাই কল্যাণ পরিষদের সভাপতি বিশ্বেসর বানাই, মোহনপুর গাঁওবুড়া লুদরসিং বানাই, ধর্মপাশা আদিবাসী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আশুতোষ হাজং,আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সদস্য ধুবরাজ বানাই প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক উত্তম কুমার রিছিল। সদস্য মালা আরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা, বানাই সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কমিউনিটি ভিত্তিক কালচারাল সেন্টার নির্মাণ এবং তাদের সাহিত্য—সংস্কৃতির বিভিন্ন উপাদান সংগ্রহ ও গবেষণায় আরও জোর দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে বানাই শিল্পীদের অংশগ্রহণে দলীয় নৃত্য ও গান পরিবেশিত হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে বানাই সম্প্রদায়ের মোট জনসংখ্যা ৩২০ জন। এরমধ্যে মোহনপুর ও বহেরাতলী গ্রামে ৬২টি বানাই পরিবার বাস করে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর ও ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী এলাকায় আরও ৮ টি বানাই পরিবার রয়েছে। দেশের সবচেয়ে ক্ষুদ্রতম নৃ—গোষ্ঠী এই বানাই সম্প্রদায়ের ২ জন সরকারি চাকুরীজীবী ও ৪ জন স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছে।

  • [১]