ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদের বিরুদ্ধে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ লাইন স্থাপনে গ্রাহকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, সম্প্রতি মধ্যনগরের আলীপুর, বলরামপুর, টেপিরকোনা, বিছরাকান্দাসহ কয়েকটি গ্রামে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে নতুন সংযোগ স্থাপনের কাজ শুরু হয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় প্রতিটি গ্রামেই নেতৃস্থানীয় সংঘবদ্ধ ব্যক্তিবর্গ গ্রাহকদের কাছ থেকে দুই হাজার টাকা শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আদায় করে নিচ্ছে। মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদের নিজ গ্রাম বিছরাকান্দা। তিনি তার গ্রামের পল্লীবিদ্যুতের নতুন গ্রাহকদের কাছ থেকে টাকা
আদায় করার জন্য নিজের লোকজনকে দিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন। সেই কমিটির লোকজন গ্রাহকদের কাছ থেকে দুই হাজার টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত উত্তোলন করে চলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিছনাকান্দা গ্রামের আশাদ মিয়া বলেন, আমরা তো অতো বুঝি না। দেড় হাজার টেহা দিছিলাম এহন আরো এক হাজার দেওন লাগে। মোট চাইর হাজার সাড়ে চাইর হাজার টেহা লাগবো কইয়া হুনাইছে। গেরামের কয়েকজন আমরার কাছ থাইক্যা টেহা উডাইয়া পারভেজের কাছে দেয়।
এ ব্যাপারে মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি পারভেজ আহমেদ বলেন, বিদ্যুৎ সংযোগ দেরি আছে এখন ওয়ারিং চলছে। আমাদের গ্রামে ৯০ জন গ্রাহক আছে। কন্ট্রাক্টর বলছে আমাদের এখানে কাজ দেরিতে হবে। তাই তাড়াতাড়ি কাজ করার জন্য গ্রামের সবাইকে নিয়ে বসে একটি কমিটি করা হয়েছে। ক্যারিং খরচ নেওয়া হচ্ছে। পল্লীবিদ্যুৎ কোনো টাকা নিচ্ছে না।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মজিবুর রহমান বলেন, গ্রাহকদের কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি দুঃখজনক। পল্লীবিদ্যুতের কেউ এর সাথে জড়িত থাকলে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।