মধ্যনগর সংবাদদাতা
ব্রি-২৮ ধান চাষ করে বিপাকে পড়েছেন মধ্যনগর উপজেলার কৃষকরা। উপজেলার বিভিন্ন হাওরে ৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে এবার ব্রি-২৮ ধানের চাষ হয়েছে। ব্লাস্টে আক্রান্ত হওয়ায় ধান চিটা হয়ে যাচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বছরের ‘খোরাকি’ নিয়ে আছেন দুঃশ্চিন্তায়। এদিকে কৃষকরা জানান, ব্রি ২৮ ধানের পাশাপাশি ব্রি ৮৯ জাতের ধানেও ব্লাস্ট ছড়িয়ে পড়েছে।
জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নে বড় গোরাডুবা ও ছোট গোড়াডুবা হাওরে প্রথম ব্লাস্টর রোগের সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে উপজেলার বিভিন্ন হাওরে বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে রোগটি।
ব্লাস্ট রোগ (হুইট ব্লাস্ট রোগ) একটি ছত্রাকের সংক্রমণজনিত বীজবাহিত রোগ। দেশে রোগটির সংক্রমণ দেখা যায় ২০১৬ সালে। এটি ‘পাইরিকুলাম অরাইজি’ নামক ছত্রাকের কারণে হয়ে থাকে। রোগ সংক্রমণের শুরুতে পাতায় ছোট ছোট ডিম্বাকৃতি সাদা বা বাদামি দাগ দেখা দেয়। এরপর বাতাসের সাহায্যে দ্রুতই সমস্ত ক্ষেতে ছড়িয়ে পড়ে। পুষ্ট হওয়ার পূর্বে রোগের আক্রমণ হলে শীষের সব ধান চিটা হয়ে যায়। ব্লাস্ট সংক্রমণের অনুকূল পরিবেশ হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, দিনে গরম রাতে ঠান্ডা, মেঘলা আবহাওয়া, এবং জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করলে।
ভুক্তভোগী কৃষকরা জানান, ধানের শীষে ব্লাস্ট আক্রমণ হলে আর ভালো হয় না। শীষটা সাদা হয়ে চিটা হয়ে যায়। এজন্য যাদের ধানের জমিতে এখন থোড় বা থোড় বের হওয়া অবস্থায় আছে তাদের জমিতে প্রতিষেধক হিসেবে স্প্রে করার জন্য কৃষি কর্মকর্তারা বলছেন। কিন্তু স্প্রে করেও ফল পাওয়া যাচ্ছে না।
উপজেলার সদর ইউনিয়নের গলহা গ্রামের পরিতোষ সরকার বলেন, পাইবিয়া বিল, গজারিয়া, ধোবাউরা, বোয়ালার হাওরে এখন পর্যন্ত ব্রি-২৮ ধান ক্ষেতের অর্ধেক ফসল ব্লাস্টে আক্রান্তÍ হয়েছে। এসব ক্ষেতের ধান পাকতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে। যে হারে সংক্রমণ বাড়ছে শেষ পর্যন্ত কতটুকু রক্ষা করা যাবে তা বলা যাচ্ছে না।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রৌহা গ্রামের মিশন মিয়া বলেন, গজতলা হাওরে তিন একর জমিতে ব্রি ২৮ ধানের চাষ করেছি। তিন চারদিন আগেও ক্ষেতের ধান ভালো ছিল। আজ গিয়ে দেখলাম প্রায় পঞ্চাশ ভাগ ধান চিটা হয়ে গেছে। কৃষি বিভাগের মাঠকর্মী যে ঔষধ ব্যবহার করতে বলেছেন তা ব্যবহার করেও উপকার হয়নি।

তিনি আরও বলেন, গজতলা হাওরের প্রায় পঞ্চাশ ভাগ জমিতে হয়েছে ব্রি-২৮ ধানের চাষ হয়েছে। ধান পাকতে ১০-১৫ দিন লাগবে। তবে যে হারে সংক্রমণ বাড়ছে ১৫ দিন পরে শতকরা ২০ ভাগ ধান ঘরে উঠবে কিনা সন্দেহ।
মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না বলেন, এখন পর্যন্ত কতটুকু জমিতে ব্লাস্ট সংক্রমিত হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি। তবে ব্লাস্ট দ্রুত সংক্রমিত হচ্ছে। তাই আমরা কৃষকদের আক্রান্ত জমিতে প্রতিষেধক ব্যবহার করতে বলছি। তিনি আরও বলেন, ৫ থেকে ৭ দিনের মধ্যে ব্রি ২৮ ধান পাকতে শুরু করবে। ৮০ ভাগ ধান পাকলেই যেন কৃষকরা ধান কাটা শুরু করেন সেই পরামর্শ আমরা দিচ্ছি।
প্রসঙ্গত, চলতি বছর মধ্যনগর উপজেলায় ১৩ হাজার ২৬৪ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮ হাজার ৪৮১ মে. টন। এর মধ্যে ব্রি-২৮ ধানের চাষ হয়েছে ৭ হাজার ৪৯৫ হেক্টর জমিতে।