- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে যুবলীগের সম্মেলন সভাপতি মোস্তাক সম্পাদক বিদ্যুৎ

ধর্মপাশা প্রতিনিধি
এবারই প্রথম মধ্যনগর থানা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোস্তাক আহমেদকে সভাপতি ও বিদ্যুৎ কান্তি সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল শনিবার বিকেল ৫টায় মধ্যনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘোষণা দেন। এর আগে ওইদিন দুপুরে মধ্যনগর বিপি হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বেলাল হোসাইন। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা। এতে বক্তব্য দেন  কেন্দ্রীয় যুবলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, প্রবীর বিজয় তালুকদার প্রমুখ।
জানা যায়, ১৯৯১ সালে মো. রুহুল আমিন খানকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। পরে ২০১২ সালের ২০ জুন মোস্তাক আহমেদকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মধ্যনগর থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোস্তাক আহমেদ জানান, বিভিন্ন সমস্যার কারণে এতোদিন সম্মেলন হয়নি। সম্মেলন না হওয়ায় সাংগঠনিক কাজে বিঘœ ঘটছিল। প্রথমবারের মতো মধ্যনগর থানা যুবলীগের সম্মেলন হওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করার নিয়ম রয়েছে। প্রথমবারের মতো মধ্যনগর থানা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

  • [১]