- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগরে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে স্বামীর আঘাতে রোজালী দাজেল (৪৫) নামের এক আদিবাসী গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী আবেল সাংমাকে (৫০) আটক করেছে। গত শনিবার রাত ৮টার দিকে গৃহবধূর নিজ বাড়িতে ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার স্থানীয় বাজার থেকে আবেল সাংমা একটি মোরগ কিনে নিয়ে বাড়িতে যায়। রাত ৮টার দিকে দিকে এ নিয়ে তার স্ত্রী রোজালী দাজেলের বাকবিত-া হয়। এক পর্যায়ে রোজালী দাজেল তার স্বামীকে গালাগাল করে। এতে তার স্বামী রেগে গিয়ে রান্না ঘরে থাকা লোহার পাইপ (চুলায় ফু দেওয়ার কাজে ব্যবহৃত) দিয়ে রোজালী দাজেলের মাথায় আঘাত করে। মুহুর্তে জ্ঞান হারায় রোজালী। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘন্টাদুয়েক চিকিৎসা চালায়। কিন্তু রাত ১০টার দিকে গৃহবধূর মৃত্যু হয়। রাত আড়াইটার দিকে খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দেয়। দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও বৈরি আবহাওয়ার কারণে সেখানে পৌঁছাতে সকাল হয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবেল সাংমা ভারতে পালিয়ে যেতে চাইলে তাকে আটক করে পুলিশ।
মধ্যনগর থানা ওসি জাহেদুল হক বলেন, ‘ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর ভাই-বোন থানায় এসে লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

  • [১]