- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগর থানা আ.লীগের কমিটি বাতিলের দাবি একাংশের

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট ঘোষিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার বিকেল তিনটায় মধ্যনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন তালুকদার।
জানা যায়, গেল বছরের ৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে মধ্যনগর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওইদিন কমিটি ঘোষণা ছাড়াই জেলা কমিটির নেতৃবৃন্দ সম্মেলন মঞ্চ ত্যাগ করেন। পরে ২৩ নভেম্বর সভাপতি হিসেবে গিয়াস উদ্দিন নূরী ও সাধারণ সম্পাদক হিসেবে পরিতোষ সরকারের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার পর গিয়াস উদ্দিন নূরী ও পরিতোষ সরকারের বিরোধী পক্ষ মধ্যনগর বাজারে প্রতিবাদ জানিয়ে ঝাড়– মিছিল করে। সম্মেলনের দুইদিন আগে কুতুব উদ্দিন তালুকদার সমর্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী ত্যাগী নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোষণা করার জন্য দাবি তুলেছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ৭১ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। পরে গত শুক্রবার জেলা কমিটি মধ্যনগর থানা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে কমিটির তালিকা হস্তান্তর করে। এর ফলে অপরাংশের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ওই কমিটিতে শেখ মোহাম্মদ আলী হোসেনকে পদ দিবেন বলে সভাপতি গিয়াস উদ্দিন নূরী ও সাধারণ সম্পাদক পরিতোষ সরকার টাকা চেয়েছিলেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও এই কমিটিতে সভাপতির আপন চাচাতো ভাইকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাতিজি জামাইকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, আওয়ামী লীগ নেতা মো. জহিরুল হক, আ. শহীদ আজাদ, মোস্তফা কামাল হোসেন, শেখ মোহাম্মদ আলী হোসেন, গোপেশ চন্দ্র সরকার, বর্তমান কমিটির সদস্য মো. তারা মিয়া, সিরাজুল ইসলাম, থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মঞ্জু প্রমুখ।
কুতুব উদ্দিন তালুকদার বলেন, ‘ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক, অনুপ্রবেশকারী ও নেশাশক্ত ব্যক্তিদের সমন্বয়ে আত্মীয়করণের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। তাই এ কমিটি বাতিলের দাবি জানাই।’
মধ্যনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন। এখন যারা বিরোধিতা করছেন তারাও কমিটিতে স্থান পাওয়ার জন্য বিগত দিনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কমিটিতে স্থান না পাওয়ায় এখন তারা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথাবার্তা বলে বেড়াচ্ছেন। আমাকে মাদকসেবী আখ্যায়িত করে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো।’

  • [১]