ধর্মপাশা প্রতিনিধি
ধরমপাশা উপজেলার মধ্যনগর এলাকার ক্ষুদ্র জাতিসত্তার (হাজং সম্প্রদায়) এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এক মাসের বেশি সময় আগে মামলা হলেও এখানো মেয়েটি উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় ১১ জনের নামে অপহরণ মামলা হয়েছে। পুলিশ মামলার আসামি মধ্যনগরের রূপনগর গ্রামর দুইভাইকে গ্রেপ্তার করেছে।
এ দিকে এক মাস পেরিয়ে গেলেও মেয়েটি উদ্ধার না হওয়ায় মেয়েটি এখন কোথায় কি অবস্থায় আছে এই নিয়ে উদ্বিগ্ন তার পরিবার।
মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর (১৪) বাড়ি ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার লক্ষীপুর গ্রামে। সে এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। স্কুলে যাওয়া-আসার সময় মেয়েটিকে প্রায়ই উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী রূপনগর গ্রামের নুর নবীর ছেলে মাঈন উদ্দিন (১৮)। গত ৮ জুন রাত ১০ টার দিকে মাঈন উদ্দিনসহ অন্য আসামিরা ওই স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নেওয়া চেষ্টা চালান। মেয়ের বাবা অনেক চেষ্টা করেও আসামিদের কাছ থেকে তাকে রক্ষা করতে পারেননি। পরে রাত দেড়টার দিকে পুলিশ মাঈন উদ্দিনের বাড়িতে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করেন। এ সময় পুলিশ মাঈন উদ্দিনকে আটক করে। রাতেই মেয়ের বাবা মধ্যনগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পর দিন পুলিশ মাঈন উদ্দিন ও মেয়েটিকে আদালকে হাজির করলে আদালত মাঈন উদ্দিনকে কারাগারে পাঠান এবং মেয়েটিকে নিজ পরিবারের জিম্মায় দেন।
এরপর মেয়ের বাবা গত ১৩ জুন মধ্যনগর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন।
এতে তিনি উল্লেখ করেন, আদালত থেকে নিয়ে আসার পর মেয়েটি নিজের বাড়িতেই ছিল। কিন্তু ১১ জুন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি ঘুম থেকে ওঠে দেখেন তার মেয়ে ঘরে নেই। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার ধারণা মেয়েটি আসামিদের কাছেই আছে। আসামিরা বিভিন্নভাবে বিষয়টি আপসে নিষ্পত্তি করার জন্য তাদের সঙ্গে যোগাযোগও করেছে।
থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ মাঈন উদ্দিনের আরেক ভাই আমিজ উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করে।
মেয়ের এক চাচা জানান, মেয়েটি নিখোঁজের পর দুইবার বাড়িতে তার পরিবারের লোকজনের সঙ্গে মুঠোফোনে যোগযোগ করেছে। সর্বশেষ গত ৩০ জুন সে মুঠোফোনে কেঁদে কেঁদে তার বাবাকে বলেছে মামলা তুলে না নিলে তাকে অপহরণকারীরা ছাড়বে না। পুলিশকে বিষয়টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি বলেন,‘আমরা অসহায় ও উদ্বিগ্ন। যেখানেই খবর পাচ্ছি খোঁজ করছি, কিন্তু তাকে পাচ্ছি না। একমাস ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।’
এ ব্যাপারে মধ্যনগর থানার ওসি মো. মিজানুর রহমান সোমবার দুপুরে জানান, প্রথম ঘটনার পরই মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। মেয়েকেও উদ্ধার করা হয়। মেয়েটিকে কোর্টের মাধ্যমে তাঁর মায়ের জিম্মায় দেওয়া হয়। মায়ের কাছ থেকেই দ্বিতীয়বার সে নিখোঁজ হয়। পরে মেয়ের বাবা নিখোঁজের সাধারণ ডায়েরি করার পর আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, মূল আসামিও জেল হাজতে আছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। আশা করি মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হব।