- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

মধ্যনগর প্রসিদ্ধ বাঁশের বাজার

এনামুল হক এনি, মধ্যনগর থেকে ফিরে
অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ধর্মপাশা উপজেলার মধ্যনগরের প্রসিদ্ধ বাঁশের বাজার অনেক বেকার মানুষের জীবিকা নির্বাহের পাশাপাশি ঘর গৃহস্থালির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সারা বছর মধ্যনগর বাঁশের বাজার জমজমাট থাকলেও বৈশাখ জৈষ্ঠ্য মাসে বাঁশের চাহিদা বহুলাংশে বৃদ্ধি পায়। তখন ঘরবাড়ি মেরামতসহ প্রবল ঢেউয়ের কবল থেকে বাড়ির ভিটে টিকিয়ে রাখার জন্য হাওরাঞ্চলের মানুষ বাঁশ দিয়ে বাড়ির পাশে বাঁধ তৈরি করে।
এছাড়াও হাওরের ফসলরক্ষা বাঁধের কাজেও এ সময় বাঁশের চাহিদা বৃদ্ধি পায়। ফলে বছরের অন্যান্য সময়ের তুলনায় তখন বাঁশ বিক্রির পরিমাণও বেড়ে যায়। ৫০ বছরের বেশি সময় ধরে মধ্যনগর থানা ও মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে সড়কের দুই পাশে এ বাঁশের বাজারে স্থানীয় ব্যবসায়ীরা সুনামের সাথে তাঁদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
মধ্যনগর ও তার আশপাশের এলাকা থেকে প্রতি শনিবার বেপারীরা মধ্যনগরে বাঁশ সরবরাহ করে থাকেন। এ সব বেপারীরা  মহিষখলা, দূর্গাপুর, পাঁচগাওসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে এখানে আসেন। বেপারীদের কাছ থেকে স্থানীয় ৪০/৫০ জন ব্যবসায়ী সেসব বাঁশ ক্রয় করে তা দিনদিন বিক্রি করে থাকেন। প্রতি শনিবার মধ্যনগরে হাট বসলেও প্রতিদিনই এখানে বাঁশ পাওয়া যায়। তবে হাটের দিন বাঁশ বিক্রির পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এ বাজার থেকে নেত্রকোনা, খালিয়াজুড়ি, কিশোরগঞ্জ, ইটনা, মিটাবনসহ দেশের বিভিন্ন স্থানে বাঁশ সরবরাহ করা হয়। মধ্যনগরের চারপাশে পানি থাকায় সহজেই এখানে বাঁশের চালান নিয়ে আসা যায় এবং এখান থেকে অন্যত্র নেওয়া যায়। এতে পরিবহন খরচও কম পড়ে।
মধ্যনগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী রাসেল মিয়া জানান, তিনি গত সাত বছর ধরে এ বাজারে বাঁশ বিক্রি করে সংসার চালাচ্ছেন। এর আগে তাঁর বাবাও এই ব্যবসা করতেন। তিনি প্রতি শনিবারে বেপারীদের কাছ থেকে বেশি করে বাঁশ কিনেন এবং তা দিনদিন বিক্রি করেন। তিনি এ ব্যবসার পাশাপাশি কৃষি কাজও করেন। তিনি আরো জানান, বৈশাখ জৈষ্ঠ্য মাসে বেশি পরিমাণে বাঁশ বিক্রি হয়। তখন মানুষ ঘরমেরামতসহ বাড়ির চারপাশে বাঁধ দেওয়ার জন্য বিভিন্ন কাজে বাঁশের ব্যবহার বাড়ে।
ছয় বছর ধরে মধ্যনগর বাজারে বাঁশ বিক্রি করছেন তেলিপাড়া গ্রামের বাসিন্দা আ. মান্নান। আ. মান্নান জানান, তিনি ও তাঁর বাবা দুজনেই বাঁশ বিক্রি করেন। তাঁদের কাছ থেকে ইটনা, মিটাবনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেপারী বাঁশ কিনতে আসে। কখনো কখনো বিক্রির পরিমাণ বাড়ে আবার কখনো কমে যায়।
মধ্যনগর গ্রামের আরেক ব্যবসায়ী সালাম মিয়া জানান, ১৫/১৬ বছর ধরে তিনি এ ব্যবসার সাথে জড়িত। এখানে প্রতিদিনই বাঁশ বিক্রি হয়। এ ব্যবসায় যা লাভ হয় দিয়ে তাঁর সংসার চলে। তাঁরা বেপারীদের কাছ থেকে বাঁশ সংগ্রহ করেন।  
মধ্যনগর গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন মুন্না জানান, বাঁশের ব্যবসা এ এলাকার বহু পুরনো একটি ব্যবসা। এ ব্যবসায় অনেক বেকার মানুষ তাঁদের জীবিকা নির্বাহ করছে। এখন মধ্যনগর থানা ও বালিকা উচ্চ বিদ্যালয়ে মধ্যবর্তী স্থানে সড়কের দুই পাশে বাঁশের বাজার বসে। তবে যে হারে বাঁশের বাজারের আশপাশের জায়গা দখল হচ্ছে তাতে ভবিষ্যতে এ বাজার বসার জন্য কোনো জায়গা না থাকার শঙ্কা প্রকাশ করেন তিনি।
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জানান, তিনি ছোটবেলা থেকেই এ বাঁশের  বাজার দেখে আসছেন। তিনি দাবি করেন, ৫০ বছরেরও বেশি সময় ধরে মধ্যনগরে বাঁশের বাজার বসে। তবে এর সময়কাল আরো বেশি হতে পারে। দীর্ঘ বছরের ব্যবধানে এ বাজার বাঁশের জন্য এখন বেশ প্রসিদ্ধ। শুকনো মৌসুমে এ বাজার মধ্যনগরের পিপড়াকান্দা নামক স্থানেও বসে। ধর্মপাশা উপজেলায় এমন বাঁশের বাজার আর কোথাও বসে না। এ বাজারের বেশ সুনাম ও  ঐতিহ্য রয়েছে।

  • [১]