স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাাশার উপজেলার মধ্যনগর সীমান্তে ওপার থেকে গরু আনতে গিয়ে ৯টি গরুসহ এক বাংলাদেশী নাগরিক দুই দিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক রয়েছে। আটককৃত ব্যক্তির নাম মনসুর আলী (৫০)। তিনি মধ্যনগর থানার বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া গ্রামের মৃত সাজে আলী তালুকদারের ছেলে।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার সকালে মধ্যনগরের মাঝেরছড়া গ্রামের কৃষক মনসুর আলীর ৫টি ও প্রতিবেশীর ৪টি গরু ঘাস খেতে খেতে বাঙ্গালভিটা বিওপি এলাকায় ভারতীয় সীমানা অতিক্রম করে চলে যায়। পরে দুপুরে কৃষক মনসুর আলী গরুগুলো ফিরিয়ে আনতে ওপারে গেলে ভারতীয় ১১ বিএসএফ ব্যাটালিয়নের গিলাগড়া ক্যাম্পের টহল দল মনসুর আলীকে গরু চোরাকারবারী সন্দেহে আটক করে বড়ছড়া বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। এদিকে আটক কৃষক মনসুর আলীকে ছাড়িয়ে আনতে তাহিরপুর বীরেন্দ্রনগর বিজিবির কোম্পানী কমান্ডার পর্যায়ে চিঠি দিলেও বিএসএফ এতে কোন সাড়া দেয়নি।
মধ্যনগরের বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেনু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মনসুর আলী নিরীহ একজন কৃষক। তিনি কোন ধরনের চোরাচালানের সাথে জড়িত না। তাকে যে কোন প্রকারে দেশে ফিরিয়ে আনা উচিত।
বিজিবির ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন পিএসসি বলেন,‘ভারতীয় বিএসএফের অধিনায়কের সাথে যোগাযোগ করা হয়েছে। বড়ছড়ায় কোম্পানী কমান্ডার রয়েছে। আশা করি বিএসএফ আটক কৃষককে খুব শীঘ্রই গরুসহ বিজিবির নিকট হস্তান্তর করবে।’